প্লাতিনি-জিদানের সঙ্গে তুলনা গ্রিজমানের!

৩২ বছর আগে মিশেল প্লাতিনির নেতৃত্বে ফ্রান্স যখন ইউরোর শিরোপা ঘরে তুলেছিল, আঁতোয়ান গ্রিজমানের তখন জন্মই হয়নি। ১৮ বছর আগে জিনেদিন জিদানের সেই জোড়া গোলে গোটা ফ্রান্স যখন বিশ্ববিজয়ের আনন্দে মেতেছিল, গ্রিজমান তখন অনেক ছোট। ১৬ বছর আগে, ২০০০ সালে ফ্রান্সের দ্বিতীয় ইউরো জয়ের মুহূর্তে এই তরুণ ফরাসি স্ট্রাইকারের স্বপ্ন দেখার শুরু ওই নীল-লাল জার্সি গায়ে তোলার।
সেই গ্রিজমানের সঙ্গেই এখন তুলনা হচ্ছে প্লাতিনি ও জিদানের। তুলনাটা বেশ সচেতনভাবেই করছেন ফ্রান্সের আরেক ‘গ্রেট’ স্ট্রাইকার থিয়েরি অঁরি। নীল জার্সিতে ১২৩টি ম্যাচ খেলার অভিজ্ঞতা যাঁর, তাঁর কথা মোটেই উপেক্ষা করা যায় না। এবারের ইউরোয় গ্রিজমান নামের এই তরুণ যা করেছেন, তাতে অনেক ফুটবল ভক্তই প্লাতিনি কিংবা জিদানের কাতারে গ্রিজমানকে আনতে চাইছেন। প্রকাশ্যে হয়তো তাঁরা কিছু বলেননি, তবে অঁরির কথায় এখন তাঁরা আশ্বস্ত হতেই পারেন।
এবারের ইউরোয় ৬টি গোল করে গ্রিজমান তো একদিক দিয়ে প্লাতিনির পাশেই দাঁড়িয়েছেন। ১৯৮৪ সালে ইউরো চ্যাম্পিয়নশিপে প্লাতিনির ৯টি গোলই ফ্রান্সকে এনে দিয়েছিল শিরোপা। ওই ৯ গোলই প্লাতিনিকে ইউরোর ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা বানিয়ে রেখেছিল এতদিন। এবার গোলসংখ্যায় ফ্রান্স-কিংবদন্তিকে ছুঁয়েছেন পর্তুগিজ যুবরাজ ক্রিস্টিয়ানো রোনালদো। এবারই ই্উরোর এক আসরে দ্বিতীয় সর্বোচ্চ গোল হলো গ্রিজমানের। এতে সোনার বুট প্রায় নিশ্চিতই হয়ে গেছে তাঁর। তার চেয়েও বড় কথা, অ্যাটলেটিকো মাদ্রিদ স্ট্রাইকারের এই আলো ঝলমল পারফরম্যান্স তৃতীয়বারের মতো ইউরো জয়ের স্বপ্ন দেখাচ্ছে ফ্রান্সকে।
অঁরির মতে, গ্রিজমানের বর্তমান পারফরম্যান্স গ্রেটদের সঙ্গেই তুলনীয়, ‘এই মুহূর্তে তার যে পারফরম্যান্স, তাতে সে প্লাতিনি কিংবা জিদানের মতো গ্রেটদের সঙ্গে তুলনীয় হতেই পারে। এখান থেকে সে কত দূর নিজেকে নিয়ে যাবে, সেটা সম্পূর্ণ তার ব্যাপার। আশা করি, সে এই পারফরম্যান্সটা অন্তত রোববার ইউরোর ফাইনাল পর্যন্ত টেনে নিয়ে যাবে।’
ফাইনালেও গ্রিজমানকে ফ্রান্সের জয়ের নায়ক দেখছেন অঁরি, ‘আমি মনে করি, আমাদের এমন একজন খেলোয়াড় আছে, যে আমাদের জেতাতে পারে। আমরা যদি ফাইনালে জিতি, তবে এটা মোটামুটি নিশ্চিত যে গ্রিজমানের গোলেই জিতব।’
অঁরির মতে, এই মুহূর্তে ফ্রান্সের তৃতীয় ইউরো জয়ের পথে সবচেয়ে বড় বাধা হয়ে আছেন ক্রিস্টিয়ানো রোনালদোই। সাবেক ফরাসি স্ট্রাইকারের মতে, রিয়াল মাদ্রিদ তারকা দু-একটি সুযোগ পেলেই ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারেন, ‘ম্যাচে রোনালদো সুযোগ তৈরি করবে, সুযোগ পাবে। এখন আমাদের আশা নিয়ে থাকতে হবে, যে সে যেন গোল করতে না পারে।’
ম্যাচে যদি রোনালদো নিষ্প্রভও থাকেন, সেই রোনালদোও অঁরির চোখে ভয়ংকর, ‘পুরো ম্যাচে যে একেবারে নিষ্প্রভ থাকতে পারে, কিন্তু গোলের সুযোগ পেলে আর রক্ষা নেই। রোনালদোর মতো খেলোয়াড়কে থামিয়ে রাখাটা সত্যিই খুব কঠিন।’ সূত্র : বিবিসি।