প্লে-অফ খেলেনি দুই দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাঝবৃত্তে বল হাতে ঘড়ি দেখছেন রেফারি জসিম উদ্দিন (বাঁয়ে)। ১৫ মিনিট অপেক্ষা করে বাজিয়ে দেন শেষ বাঁশি। বাংলাদেশ প্রিমিয়ার লিগের অবনমন নির্ধারণী প্লে-অফ ম্যাচ খেলতে মাঠে আসেনি ফেনী সকার ক্লাব ও উত্তর বারিধারা। কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে l প্রথম আলো
মাঝবৃত্তে বল হাতে ঘড়ি দেখছেন রেফারি জসিম উদ্দিন (বাঁয়ে)। ১৫ মিনিট অপেক্ষা করে বাজিয়ে দেন শেষ বাঁশি। বাংলাদেশ প্রিমিয়ার লিগের অবনমন নির্ধারণী প্লে-অফ ম্যাচ খেলতে মাঠে আসেনি ফেনী সকার ক্লাব ও উত্তর বারিধারা। কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে l প্রথম আলো

সুনসান স্টেডিয়ামে সহকারীদের নিয়ে বেলা ৩-২০ মিনিটে মাঠে গেলেন রেফারি জসিম উদ্দিন। সাড়ে তিনটা থেকে মাঠের মাঝখানে ১৫ মিনিট দাঁড়িয়ে রইলেন চারজনই। নিয়ম মেনে এরপরই শেষ বাঁশি বাজিয়ে দেন রেফারি। ম্যাচ কমিশনার ইব্রাহিম নেসার যা দেখে বলে দেন, ‘ম্যাচ শেষ। আমরা প্রতিবেদন দিয়ে দেব দ্রুতই।’
নজিরবিহীন এক ঘটনারই সাক্ষী হলো দেশের ফুটবল-তীর্থ বঙ্গবন্ধু স্টেডিয়াম। ঘটনার জন্মদাতা ফেনী সকার ও উত্তর বারিধারা। এই দুই দলের কারা এবারের প্রিমিয়ার লিগ থেকে অবনমিত হবে, সেই উত্তর পেতেই দুই দলের প্রথম প্লে-অফ ম্যাচ ছিল গতকাল। কিন্তু বাফুফের আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মাঠেই আসেনি দল দুটি।
ঢাকার শীর্ষ ফুটবলে এর আগেও কোনো দল খেলতে অস্বীকৃতি জানিয়ে মাঠ ছেড়ে গেছে। মাঠে মারামারির জেরে হয়তো কোনো দল আর খেলেইনি। কিংবা কোনো দল ওয়াকওভার দিয়েছে। কিন্তু দুই দল একসঙ্গে জোট বেঁধে মাঠে আসেনি, এমন উদাহরণ নেই।
১৯৬৪ সালে ঢাকার শীর্ষ ফুটবলে অভিষিক্ত গোলাম সারোয়ার টিপুও এমন ঘটনা জেনে অবাক। স্মৃতি হাতড়ে কোনো উদাহরণ টানতে পারলেন না সাবেক এই ফুটবলার ও কোচ, ‘দুই দল সন্ধি করে মাঠে আসেনি এমন ম্যাচ আমার জানামতে নেই। এটা সত্যিই বিস্ময়কর।’
এই বিস্ময়ের জন্ম দেওয়া বারিধারা ও ফেনী সকার প্লে-অফ না খেলার আবদার জানিয়ে আসছিল আগে থেকেই। বাফুফে তা নাকচ করে দিলে দুই দল পরশু জানিয়ে দেয়, কোনোভাবেই তারা প্লে-অফ খেলবে না। কারণ বিদেশি ফুটবলারদের সঙ্গে চুক্তি নাকি শেষ। তারা চলে যাচ্ছে। তবে অনেকে মনে করেন দুই দল শুধু স্থানীয় খেলোয়াড়দের নিয়েই খেলতে পারত।
পরশু ফেনী সকারের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান বলেছিলেন, ৪ ও ৭ জানুয়ারি দুটি প্লে-অফের জন্য বিদেশিদের রাখলে নাকি গোটা মাসের বেতন দিতে হবে। এটা তাঁদের পক্ষে সম্ভব না। বারিধারাও একই কারণ দেখায়। অবাক কাণ্ড, শত্রু থেকে হঠাৎ দুই দল মিত্র এবং দুই দল একসঙ্গে বাফুফেকে চিঠি দিয়ে না খেলার সিদ্ধান্ত জানায়!
খেলতে অস্বীকৃতি জানানোয় বাইলজ অনুযায়ী দুই দলই এখন নেমে যাবে নিচের স্তরে। বাফুফের ডিসিপ্লিনারি কমিটি চাইলে আরও বড় শাস্তি ও জরিমানা করতে পারে। ঠিক এ কথাটিই কাল মাঠে দাঁড়িয়ে জানিয়ে দিলেন সংগঠক আবদুর রহিম। ঢাকা মহানগর লিগ কমিটির সাবেক সভাপতি ও বাফুফের বর্তমান লিগ কমিটির ডেপুটি চেয়ারম্যান আরও যোগ করেন, ‘শুধু অবনমন নয়, দুই দল লিগে যত পয়েন্ট পেয়েছে সবই বাতিল হবে।’
সব পয়েন্টই বাতিল হলে একটা প্রশ্ন আসে। আবাহনী তো চ্যাম্পিয়ন হয়ে গেছে। বারিধারা ও সকারের বিপক্ষে তাদের পয়েন্ট কেটে নেওয়া হলে পয়েন্ট টেবিলে যদি ওলট-পালট হয়! তখন কী হবে? তবে আবাহনীর জন্য স্বস্তির, এই দুলের সঙ্গে আকাশি-নীলরা চার ম্যাচে ১২ পয়েন্ট যেমন পেয়েছে, দ্বিতীয় ও তৃতীয় হওয়া চট্টগ্রাম আবাহনী ও শেখ জামালের পয়েন্টও ১২। কাজেই পয়েন্ট কাটা গেলে শীর্ষ তিন দলেরই সমান পয়েন্ট যাবে।
এদিকে দুই দলের সঙ্গে কথা বলে মনে হলো তারা শাস্তি নিয়ে মাথাই ঘামাচ্ছে না। বাফুফে যা শাস্তি দেবে সেটাই মেনে নেওয়ার কথা পরশু বলেছেন ফেনী সকারের সাধারণ সম্পাদক। এ দলটির সঙ্গে যুক্ত আছেন বাফুফের সহসভাপতি তাবিথ আউয়াল। তাঁর দল বাফুফের আইন না মানায় গোটা ফুটবল অঙ্গনই অবাক।
বিষয়টি অবাক করেছে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনকেও। কাল বিকেলে ঘটনাটা জানার পর তাঁর প্রথম প্রতিক্রিয়া, ‘এমন ঘটনা আমি ভাবতেই পারি না। কীভাবে সম্ভব? বাফুফে কী করবে? সালাউদ্দিনের উত্তর, ‘বাফুফে নিয়ম মেনে চলবে।’