প্লে-স্টেশনকেও ছাপিয়ে মেসি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লুইস এনরিকে
লুইস এনরিকে

আর্সেন ওয়েঙ্গার তাঁকে আগেই চিনেছিলেন। হেরে গিয়েও তাই মেসির প্রশংসায় পঞ্চমুখ হয়ে বলেছিলেন, ‘বল নিয়ে যখন সে দৌড়ায়, তাকে থামানো প্রায় অসম্ভব। সে তো মানুষ নয়, প্লে-স্টেশনের খেলোয়াড়!’ কথাটা ২০১০ চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের পর। ন্যু ক্যাম্পে ওই ম্যাচটা বার্সেলোনার কাছে ৪-১ গোলে হেরেছিল আর্সেনাল। বার্সার চারটি গোলই করেছিলেন লিওনেল মেসি!
সেদিনের সেই ম্যাচের পর সূর্যকে চারবার ঘুরে এসেছে পৃথিবী। চার বছরে মেসি আরও পরিপূর্ণ হয়েছেন। এতটাই যে, এখন প্লে-স্টেশনও তাঁর তুলনায় পানসে! এখন বার্সেলোনা কোচ লুইস এনরিকের কথা শুনলে অন্তত তা-ই মনে হবে। অ্যাথলেটিক বিলবাওয়ের সঙ্গে পরশু রাতে লা লিগার ম্যাচটার পর এনরিকে বললেন, ‘মেসি খেলায় আর অনুশীলনে এমন অবিশ্বাস্য সব কারিকুরি করে যা কল্পনাও করা যায় না। আমি এমনকি প্লে-স্টেশনেও কাউকে এমন কিছু করতে দেখিনি!’
কী করেছেন মেসি? বার্সেলোনা বিলবাওকে হারিয়েছে ২-০ গোলে, দুটি গোলই করেছেন বার্সার ব্রাজিলিয়ান তারকা নেইমার। সেটি ছাপিয়ে এনরিকের মুখে কেন এই মেসি-স্তুতি? দুটি গোলই আসলে বানিয়ে দিয়েছেন মেসি। যার একটি অন্যটির চেয়ে চোখ জুড়ানো। অসাধারণ সব গোল করার বেলায় মেসি অনন্য। কিন্তু গোল করানোর ক্ষেত্রেও যে তাঁর তুলনা শুধু তিনি সেটাই যেন আরও একবার প্রমাণ করলেন। সব ভূমিকাতেই অতুলনীয় মেসিকে নিয়ে তাই রীতিমতো উচ্ছ্বসিত এনরিকে, ‘সে শুধু গোল করার ক্ষেত্রে সেরা নয়, করানোতেও সেরা। আমার তো মনে হয় সে যদি চায় তাহলে বিশ্বসেরা ডিফেন্ডারও হতে পারবে। হয়তো আমরা ওকে এভাবেই দেখে অভ্যস্ত হয়ে গেছি, কিন্তু সত্যিটা হচ্ছে, তার মতো প্রতিভাবান ফুটবলারকে সামনে থেকে দেখা দারুণ আনন্দের। এটা আমার কাছেই বিরাট সম্মানের যে আমি এমন একটি দলের কোচ, যেখানে বর্তমান বিশ্বের সেরা ফুটবলারটি খেলে।’
ব্রাজিলের হয়ে আন্তর্জাতিক ম্যাচে ব্যস্ত দুটি সপ্তাহ কাটানোর কারণেই বার্সার একাদশে ছিলেন না নেইমার। কিন্তু ম্যাচের ঘণ্টা খানেক পরও বার্সা গোল না পাওয়ায় মুনির এল হাদ্দাদিকে তুলে নামানো হয় তাঁকে। জোড়া গোল করে ব্রাজিল ফরোয়ার্ডও কোচের আস্থার প্রতিদান দিয়েছেন। তবে ম্যাচ শেষে নেইমারের কণ্ঠেও মেসি-বন্দনা, ‘বিশ্বের সেরা ফুটবলারটির পাশে দাঁড়িয়ে খেলাটা সব সময়ই আনন্দ ও গর্বের। আমি তার সঙ্গে বার্সায় খেলে অনেক কিছু শিখছি।’ এএফপি, রয়টার্স।