প্লে-অফেই ঠিক হবে বারিধারা না ফেনী
শেষ হইয়াও হইল না শেষ। আরেকটু বাকি!
কাল শেষ দিনে মুক্তিযোদ্ধার কাছে হারলে বা ড্র করলে ফেনী সকার অবনমিত হয়ে যেত। কিন্তু জীবন-মরণ ম্যাচ ২-০ গোলে জিতে নিয়েছে ফেনী সকার। এই জয়ে ২২ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে উত্তর বারিধারার পাশে বসেছে সকার। বাইলজ অনুযায়ী এখন হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে দুটি প্লে-অফ খেলতে হবে ফেনী সকার-বারিধারাকে।
দুই প্লে-অফেও নিষ্পত্তি না হলে ১৫ মিনিট করে ৩০ মিনিট অতিরিক্ত সময়। তাতেও ফল না এলে টাইব্রেকার। পেশাদার লিগের নবম আসরে এসে এই প্রথম অবনমন নিষ্পত্তিতে প্লে-অফ হচ্ছে।
কিন্তু বারিধারার চেয়ে গোলগড় ও মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকায় প্লে-অফ মানতে রাজি নয় ফেনী সকার! কোচ লাডিবাবা লোলা কাল ম্যাচের পর খেলোয়াড়-কর্মকর্তাদের সঙ্গে কণ্ঠ মিলিয়ে চোখেমুখে রাজ্যের বিস্ময় ছড়িয়ে প্রশ্ন তুললেন, ‘হোয়াই উই প্লে প্লে-অফ? এ ধরনের নিয়ম আমি কোথাও দেখিনি। হিসাবে তো আমরা টিকে থাকছি প্রিমিয়ারে।’ বাফুফের বাইলজে প্লে-অফের নিয়ম আছে বলার পর লাডির কথা, ‘এটা হতে পারে না।’ দলটির ক্ষুব্ধ এক কর্মকর্তা জানালেন, তাঁরা বাফুফেকে চিঠি দিয়ে প্লে-অফ না খেলার কথা জানাবেন।
মজার ব্যাপার, উত্তর বারিধারাও প্লে-অফে অনীহা দেখাচ্ছে। এমনও শোনা যায়, দুই দলকেই প্রিমিয়ারে রাখার আবদার করা হবে! বাফুফে আবার ক্লাবের আবদার পূরণ না করে পারে না! তাই প্লে-অফ বাতিল করে দুই দলকে প্রিমিয়ারে রেখে দিলে অবাক হওয়ার কিছু থাকবে না।
শেষ পর্যন্ত যা-ই হোক, তৃতীয় প্রিমিয়ার লিগ দিয়ে শীর্ষ ফুটবলে যাত্রার পর ফেনী সকার এবারই প্রথম অবনমনের শঙ্কায় পড়েছে। সেই শঙ্কার মুখে দাঁড়িয়ে জীবন ফিরে পেতে ভূমিকা রাখলেন শাহরান ও ফ্রাঙ্ক। প্রথমজন ৪৭ মিনিটে বাঁ পায়ের দারুণ ভলিতে ১-০ করেন, দ্বিতীয়জন ২-০। এ ম্যাচে জয়ের কোনো চেষ্টাই ছিল না মুক্তিযোদ্ধার। মাঠে তাদের চেনাই যায়নি। শরীরের ভাষা নতজানু। অথচ জিতলে তারা লিগে তৃতীয় হতে পারত।
শেষ পর্যন্ত লিগের ক্রমটা এবার এমন—চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী, রানার্সআপ চট্টগ্রাম আবাহনী, তৃতীয় শেখ জামাল, চতুর্থ ব্রাদার্স, পঞ্চম মুক্তিযোদ্ধা। কাল ‘শেষ ম্যাচে’ বিজেএমসির সঙ্গে গোলশূন্য ড্র করে ষষ্ঠ আরামবাগ। সপ্তম রহমতগঞ্জ, অষ্টম শেখ রাসেল, নবম বিজেএমসি, দশম মোহামেডান।