পড়বে না তাঁর পায়ের চিহ্ন অ্যানফিল্ডে...

২৯ নভেম্বর, ১৯৯৮। ব্ল্যাকবার্ন রোভার্সের সঙ্গে লিভারপুলের জার্সি গায়ে অভিষেক হলো ১৮ বছরের এক তরুণের। তারপর কেটে গেছে ১৬ বছর। তখনকার ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ক্ষমতা ছেড়েছেন সেই কবে, টেমস-মার্সি নদীতে গড়িয়েছে অনেক জল। লেবার পার্টি ক্ষমতা ছেড়েছে, এসেছে কনজারভেটিভরা। আর সেদিনের সেই চারাগাছ ধীরে ধীরে হয়েছে মহিরুহ। অবশেষে নটে গাছটি আজ মুড়োনোর সময় হয়েছে, আজকের পর অ্যানফিল্ডের ঘাসে আর তাঁর পায়ের চিহ্ন পড়বে না। ক্রিস্টাল প্যালেসের সঙ্গে আজই যে শেষবারের মতো অ্যানফিল্ডে লিভারপুলের হয়ে মাঠে নামবেন স্টিভেন জেরার্ড!
আধুনিক ফুটবলে ‘ওয়ানম্যান ক্লাব’ খেলোয়াড়েরা মোটামুটি বিরল প্রজাতি। টাকাই যেখানে সব কথা বলে, সেখানে ক্যারিয়ারের তুঙ্গে অর্থের প্রলোভন এড়ানোর মতো ফুটবলারদের সংখ্যা কমছে ক্রমেই। লিভারপুলে নিজের সেরা সময়ে অনেক বড় ক্লাবেরই প্রস্তাব পেয়েছিলেন গত এক যুগে তর্কাতীতভাবেই ইংল্যান্ডের অন্যতম সেরা এই মিডফিল্ডার। শেষ পর্যন্ত থেকে গেছেন অ্যানফিল্ডেই, ‘অল রেড’দের লাল জার্সিকেই করেছেন জীবনের ধ্রুবতারা। সেই ক্লাবের সঙ্গে জেরার্ড সব বন্ধন চুকিয়ে ফেলার ক্ষণে কতটা আবেগ ছুঁয়ে যাবে সবাইকে, সেটা না বললেও চলে।
জেরার্ড নিজেই পরশু স্বীকার করলেন, ‘আমি এই ম্যাচের দিকে তাকিয়ে আছি। অ্যানফিল্ডে নিজের শেষ ম্যাচটা জিততে চাই। গোল করতে পারলে তো আরও ভালো। কিন্তু যখনই খেলাটা শেষ হয়ে যাবে, আমি সবাইকে বিদায় বলার সুযোগ পাব। খেলাটা টেলিভিশনে দেখাবে, তার মানে বিশ্বে ছড়িয়ে থাকা ভক্তদেরও বিদায় বলতে পারব। এটা হবে খুবই আবেগের একটা মুহূর্ত। শুধু আমার জন্যই নয়, আমার পরিবারের জন্যও।’
অ্যানফিল্ডে আজকের দিনটা তাই অন্য রকম হবে। ম্যাচ শুরুর আগে দুই দলের খেলোয়াড়েরা ‘গার্ড অব অনার’ দেবেন জেরার্ডকে, তাঁর বিশাল পোস্টারে ছেয়ে যাওয়া গ্যালারিতে বাজবে বিদায়ের বিউগল। ম্যাচ শেষে জেরার্ড সবাইকে কিছু বলবেন। নিশ্চিতভাবেই বলা যায়, তাঁর চোখের কোণে টলমল করবে পানি। গত বছর হিলসবরো ট্র্যাজেডির ২৫ বছর পূর্তিতেও আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন লিভারপুল অধিনায়ক। জেরার্ড শক্ত থাকতে চান, কিন্তু জানেন না আবেগ কী করে বসে, ‘ক্যারা (ক্যারাঘার) বলেছিল আমি কাঁদব না। আমি জানি না, আমি আসলেই জানি না। আমি এটা করতে চাই না (কান্না), সমর্থকদের ভালোভাবে বিদায় বলতে চাই। আমার মনে আছে, স্যামি হাইপিয়া ওর শেষ ম্যাচে খুব কেঁদেছিল। ও ছিল শক্ত ধাতের একজন ডিফেন্ডার, কিন্তু একটা কোমল অংশও ছিল তার। আমারও তাই আছে। আর আমার মনে হয় ভালোবাসার মানুষদের জন্য কাঁদায় কোনো লজ্জা নেই।’
জেরার্ড যদি শেষ পর্যন্ত কান্না ঠেকাতে না-ই পারেন, কান্নায় কি একটু অতৃপ্তি বা হাহাহারও মিশে থাকবে না? ইস্তাম্বুলে চ্যাম্পিয়নস লিগ জিতে রূপকথার নায়ক হয়েছেন, কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগটা অধরাই থেকে গেছে। গত বছর খুবই কাছাকাছি চলে গিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত আর পাওয়া হয়নি। আর নিয়তির কী অদ্ভুত খেলা, চেলসির সঙ্গে ম্যাচে জেরার্ড পা পিছলে পড়াতেই গোল পেয়ে যায় চেলসি। ওই ম্যাচটাই ডুবিয়েছে লিভারপুলকে।
এই মৌসুম শেষে যোগ দিচ্ছেন এলএ গ্যালাক্সিতে। আমেরিকার মেজর সকার লিগে আবার মাঠে নামবেন, কিন্তু লিভারপুলের জেরার্ড যে এই মৌসুমের পরেই স্মৃতি হয়ে যাবেন! এএফপি, গার্ডিয়ান।