পয়েন্ট হারানোটা পৃথিবীর সবচেয়ে বাজে জিনিস নয়

টানা দ্বিতীয় ম্যাচে পয়েন্ট হারাল লিভারপুলছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুযোগ ছিল পয়েন্ট তালিকার দুইয়ে থাকা দলের সঙ্গে ব্যবধানটা ৫ পয়েন্ট করার। লিভারপুল পারেনি। কাল রাতে নিউক্যাসলের মাঠে নিউক্যাসলের সঙ্গে গোলশূন্য ড্র করে আবারও পয়েন্ট হারিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। এক ম্যাচ কম খেলা ম্যানচেস্টার ইউনাইটেডের চেয়ে ৩ পয়েন্ট এগিয়ে বছরটা শেষ করল ইয়ুর্গেন ক্লপের দল। তবে জার্মান কোচ ম্যাচ শেষে বললেন, এই মুহূর্ত পয়েন্ট তালিকা নিয়ে তিনি মোটেও ভাবছেন না, আর ভাবার কোনো মানেও নেই।

চার দিন আগে ঘরের মাঠে ওয়েস্ট ব্রমউইচ আলবিয়নের সঙ্গে ১–১ গোলে ড্র করেছিল লিভারপুল। ৩০ বছর পর গত মৌসুমে ইংল্যান্ডের শীর্ষ লিগ জেতা দলটি পয়েন্ট হারাল টানা দুই ম্যাচে। কাল সেন্ট জেমস পার্কে দুই অর্ধে দুটি গোলের সুযোগ নষ্ট করেছেন মোহাম্মদ সালাহ। ৮০ মিনিটে গোললাইন থেকে সাদিও মানেকে বঞ্চিত করেছেন নিউক্যাসলের ফাবিয়ান শার। সুযোগ হারিয়েছেন রবার্তো ফিরমিনোও। নিউক্যাসল গোলরক্ষক কার্ল ডারলোও অবশ্য গোটা তিনেক গোল বাঁচিয়েছেন। লিভারপুল গোলরক্ষক আলিসনও একেবারে বেকার ছিলেন না, দল যে ১ পয়েন্ট পেল, তাতে এই ব্রাজিলিয়ানের দারুণ এক সেভের অবদান আছে।

১৬ ম্যাচে লিভারপুলের পয়েন্ট ৩৩। এক ম্যাচ কম খেলা ম্যানচেস্টার ইউনাইটেডের পয়েন্ট ৩০। খুব একটা পিছিয়ে নেই অন্য দলগুলোও। করোনা ও আরও কিছু কারণে ক্লাবগুলো সমান ম্যাচ না খেলায় পয়েন্ট তালিকাটাও ঠিক পরিষ্কার ছবি দিতে পারছে না।

পয়েন্ট হারানো নিয়ে ভাবছেনই না ক্লপ
ছবি: রয়টার্স

শীর্ষে থেকে বছর শেষ করতে পেরেও তাই ঠিক নির্ভার নন লিভারপুল কোচ ক্লপ, ‘(শীর্ষে থাকা) দারুণ ব্যাপার, কিন্তু এতে কিছুই আসে–যায় না। আমরা আজ ড্র করেছি, তবু তালিকার শীর্ষে আছি। এতে এটাই বোঝা যায় যে মৌসুমটা সবার জন্যই কতটা কঠিন যাচ্ছে। কিন্তু কী আর করা, লেবু হাতে পেলে তো শরবতই বানাতে হবে।’

ইংল্যান্ডে করোনা পরিস্থিত ভালো নয়। টিকা দেওয়া শুরু হলেও নতুন ধরনের করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে দ্রুতই। ফুটবলেও থাবা পড়েছে সেটির। সর্বশেষ রাউন্ডে তো দুটি ম্যাচই বাতিল করতে হয়েছে। লিভারপুল কোচের অজানা নয় তা। ক্লপ ম্যাচ শেষে তাই লিভারপুলের ফলকে পাত্তা দিতে চাইলেন না, ‘আমরা যা চেয়েছি, সেই ফল পাইনি। তবে এটা পৃথিবীর সবচেয়ে বাজে জিনিস নয়। আশপাশে কত বাজে জিনিস হচ্ছে। তবে ফল নিয়ে খুশি না হলেও পারফরম্যান্সে আমি খুশি, কারণ আমাদের তো এভাবেই খেলার দরকার ছিল। তবে শেষ পর্যন্ত এটা হতাশারই।’

এবার প্রতিপক্ষের মাঠে আট ম্যাচে মাত্র দুটি জয় পাওয়া লিভারপুরের পরের ম্যাচটাও প্রতিপক্ষের মাঠে। আগামী সোমবার সাউদাম্পটনের বিপক্ষে খেলবে ক্লপের দল।