পয়েন্ট হারিয়েও গর্বিত জিদান!

ডাগ-আউটে দাঁড়িয়ে বারবার উসখুস করছিলেন। কখনো হাত নেড়ে নির্দেশ দিচ্ছিলেন, আবার কখনো হতাশায় নাড়ছিলেন মাথা। প্রথম দুই ম্যাচে ১০ গোল, জিনেদিন জিদানের সময়টা স্বপ্নের মতো কাটছিল। মধুচন্দ্রিমাটা পরশুই শেষ হয়েছে গেছে, প্রথমবারের মতো কোচিংয়ের তপ্ত হলকার আঁচ পেয়েছেন ‘জিজু’। রিয়াল বেটিসের সঙ্গে ১-১ গোলে ড্র করে যে প্রথমবারের মতো পয়েন্ট হারালেন রিয়াল মাদ্রিদের নতুন কোচ!
বেটিস সর্বশেষ ৭ ম্যাচে গোল পায়নি, জয়হীন টানা ১০ ম্যাচে। কিন্তু পরশু নিজের মাঠে রিয়ালের বিপক্ষে নামার পর ৭ মিনিটেই সেই গোলখরা ঘুচে গেল। ৭১ মিনিটে করিম বেনজেমার বিতর্কিত গোলে সমতা ফেরালেও শেষ পর্যন্ত জয়সূচক গোলটা আর পাওয়া হয়নি রিয়ালের। সে জন্য বেটিস গোলরক্ষক আন্তোনিও আদানও কিছুটা কৃতিত্ব পাবেন, শেষ দিকে অন্তত তিনবার নিশ্চিত গোল থেকে বাঁচিয়েছেন দলকে। আদানের নামটা চেনা চেনা লাগছে? দুই মৌসুম আগেও রিয়ালের হয়ে খেলেছিলেন, হোসে মরিনহো ক্যাসিয়াসকে বসিয়ে রেখে এই আদানকেই খেলিয়েছিলেন। পরশু পুরোনো ক্লাবের বিপক্ষেই আদান হয়ে উঠলেন ‘সুপারম্যান’!
শিরোপা লড়াই থেকে আরেকটু পিছিয়ে পড়ার আক্ষেপ হয়তো আছে। বার্সা-অ্যাটলেটিকো দুই দলই এখন রিয়ালের চেয়ে ৪ পয়েন্ট এগিয়ে। তবে ম্যাচ শেষে সেসব খুব একটা প্রকাশ করলেন না জিদান। বরং দলের সবার সামনে রিয়াল কোচ নিজেই দাঁড়ালেন ঢাল হয়ে, ‘খেলোয়াড়েরা যা করেছে তাতে আমি গর্বিত। শুধু দুইটি পয়েন্ট পেলাম না, এই যা! আমরা ঠিক পথেই আছি, আর এখান থেকে আমাদের ইতিবাচক দিকটা নিতে হবে।’
জিদান অবশ্য স্বীকার করেছেন, সুযোগগুলো কাজে লাগাতে পারলে ফল অন্য রকমও হতে পারত, ‘সত্যি বলতে কি আমি আশা করিনি আমরা পয়েন্ট হারাব। কিন্তু ফুটবল এ রকমই। আপনি সুযোগ কাজে লাগাতে না পারলে যেকোনো কিছুই হতে পারে।’ তবে রিয়াল ডিফেন্ডার পেপের কণ্ঠে শিরোপাদৌড় থেকে আরেকটু পিছিয়ে পড়ার আক্ষেপ, ‘কাজটা (শিরোপাজয়) অসম্ভব নয়, কিন্তু এখন অনেক কঠিন হয়ে উঠছে। আমাদের নাগালের আরেকটু বাইরে চলে যাচ্ছে।’ এএফপি, মার্কা।