
প্রিমিয়ার ফুটবল লিগেও বড় ক্লাবগুলো বেশির ভাগ সময় দর্শক টানতে ব্যর্থ হয়। অথচ সিনিয়র ডিভিশন ফুটবল দেখতে বঙ্গবন্ধু স্টেডিয়ামের ভিআইপি গ্যালারি দর্শকে ঠাসা থাকে। কালও সমর্থকেরা এসেছিল, তাদের সঙ্গে ছিল ব্যান্ড পার্টি। বাজিয়েরা গ্যালারি মাতিয়ে রাখলেন। ম্যাচ শেষে বাদ্যযন্ত্রগুলো বাজল উচ্চগ্রামে। সিনিয়র ডিভিশনে চ্যাম্পিয়ন হয়ে উৎসবে কোনো কমতিই রাখেনি ইয়ংমেন্স ফকিরেরপুল ক্লাব।
খেলা শেষে বাজনার তালে তালে নাচলেন সবাই। এক ফাঁকে কোচ হুমায়ুন কবিরকে মাথায় তুলে নাচতে শুরু করেন ফুটবলাররা।
সিনিয়র ডিভিশন ফুটবল শেষ হবে আগামীকাল। কিন্তু এক দিন আগেই উৎসব করল ফকিরেরপুল। কাল নিজেদের শেষ ম্যাচে তারা ৪-২ গোলে হারিয়েছে বাংলাদেশ বয়েজকে। ১৮ ম্যাচে ১ হার, ৫ ড্র। ৪১ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হওয়া দলটি আগামী মৌসুমে খেলবে চ্যাম্পিয়নশিপ লিগে। ভবিষ্যতে প্রিমিয়ারে খেলারও স্বপ্ন দেখেন কর্মকর্তারা।
একসময়ের ঐতিহ্যবাহী ক্লাবটি সময়ের স্রোতে অনেকটাই বিবর্ণ হয়ে পড়েছিল। এই ক্লাব থেকে উঠে এসেছেন জাতীয় দলের ফুটবলার আরিফুল, মোনায়েম রাজু, সবুজ, ওয়াহেদরা। জাতীয় দলে খেলার স্বপ্ন দেখছেন ফকিরেরপুলের তরুণ স্ট্রাইকার রুমন হোসেনও। লিগে ১৮ ম্যাচে ১ হ্যাটট্রিকসহ সর্বোচ্চ ১৬ গোল পাবনার এই তরুণের। এরই মধ্যে শেখ রাসেল ক্রীড়াচক্র তাঁকে দলে নিয়েছে। গত মৌসুমে তৃতীয় বিভাগের ক্লাব সিটি ইউনাইটেডে খেলার পর ফকিরেরপুলের কর্মকর্তাদের নজরে পড়েন। এবার খেলবেন প্রিমিয়ারে। রুমনের কাছে এটি, ‘স্বপ্ন সত্যি হওয়ার মতো’ ব্যাপার, ‘এক বড় ভাইয়ের হাত ধরে গত বছর ঢাকায় এসেছি। এত দ্রুত বড় ক্লাব ডাকবে ভাবিইনি।’
চার বছর পর আবারও ফকিরেরপুলকে চ্যাম্পিয়ন করতে পেরে দারুণ খুশি কোচ হুমায়ুন, ‘একেবারেই তরুণ এই দলটিকে নিয়ে কাজ করাটা সহজ ছিল। আবারও চ্যাম্পিয়ন হয়ে খুব ভালো লাগছে।’ ক্লাব সভাপতি নাসিরুল ইসলাম মল্লিক স্বপ্ন দেখছেন প্রিমিয়ারে খেলার, ‘ক্লাবের পুরোনো ঐতিহ্য ফিরিয়ে আনতে চাই। একদিন প্রিমিয়ারেও খেলবে ফকিরেরপুল।’