ফন গাল-ওয়েঙ্গারের দুরকম ভাবনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই দল প্রায় একই সমতলে। ৩১ ম্যাচে আর্সেনালের পয়েন্ট ৬৩, ম্যানচেস্টার ইউনাইটেড সমান ম্যাচে ১ পয়েন্টে পিছিয়ে। পরশু লিভারপুলকে হারিয়ে আর্সেনালের চ্যাম্পিয়নস লিগ স্বপ্ন যেমন অনেকটাই উজ্জ্বল, অ্যাস্টন ভিলাকে হারিয়ে ইউনাইটেডও শীর্ষ চারে ফিরবে বলেই মনে হচ্ছে। তবে আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গার যখন শিরোপা সম্ভাবনার আশা খুব একটা দেখছেন না, ইউনাইটেড কোচ লুই ফন গাল এখনো সেটিকে সম্ভব বলেই মনে করছেন।
পরশু ম্যাচ শেষে ফন গালকে অনেকটাই নির্ভার লেগেছে, ‘চ্যাম্পিয়নস লিগ এখনো পুরোপুরি নিশ্চিত হয়নি। কিন্তু লিভারপুলের সঙ্গে আমাদের ব্যবধান অনেক বেশি, একটা পরাজয়ে এখন খুব বেশি ক্ষতি হবে না।’ তিনি বরং অননুমেয় কিছু ঘটিয়ে ফেলার সাহসও করছেন, ‘আমরা যদি প্রতি সপ্তাহে জিততে পারি তাহলে যেকোনো কিছুই সম্ভব। লিভারপুল আমাদের চেয়ে ৮ পয়েন্ট পেছনে, আমরা চেলসির চেয়ে ৮ পয়েন্ট পেছনে। চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা তাই কম। কিন্তু আমরা যদি ভালো করি, আর্সেনাল চেলসিকে চাপে রাখলে যেকোনো কিছুই সম্ভব।’ টানা ৫ ম্যাচ জয় হয়তো ফন গালকে বাড়তি একটা আত্মবিশ্বাস দিচ্ছে!
কৌশলগত কারণেই হোক, বা অন্য কারণে, ওয়েঙ্গার শিরোপা নিয়ে খুব একটা মাথা ঘামাতে চাইছেন না, ‘গাণিতিকভাবে এখনো অসম্ভব নয়। কিন্তু আমাদের নিখুঁত খেলতে হবে, চেলসিকেও পা হড়কাতে হবে। আপাতত আমরা নিজেদের নিয়েই চিন্তা করছি।’ শিরোপা দৌড় থেকে পিছিয়ে পড়ার জন্য দোষ দিলেন বাজে শুরুকেই, ‘মৌসুমের শুরুতে আমরা বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে হারিয়ে ফেলেছি। তখনই আমরা কিছু পয়েন্ট হারিয়েছি। একটা সময় আমরা ছয় ম্যাচে একটা মাত্র জয় পেয়েছিলাম, এরপর তো আপনাকে পর্বত ডিঙাতেই হবে!’
ইউনাইটেড-আর্সেনাল যেটা চেয়েছিল, সেটা পূর্ণ হওয়ার একটা সম্ভাবনাও জেগেছিল। ৬৫ গজ দূর থেকে গোল করে চেলসির সঙ্গে স্টোক সিটিকে সমতায় এনেছিলেন চার্লি অ্যাডামস। কিন্তু সমতা আর ধরে রাখা যায়নি, চেলসি শেষ পর্যন্ত জিতে গেছে ২-১ গোলে। অ্যাডামসের গোল কতটা ভালো ছিল, সেটা চেলসি কোচ হোসে মরিনহোর কথা থেকে বুঝে নিতে পারেন, ‘সব খেলোয়াড়ই এ রকম একটা গোল করার স্বপ্ন দেখে।’
বুন্দেসলিগায় বায়ার্ন-ডর্টমুন্ড ‘ডার ক্লাসিকার’টা গেছে একেবারে সিনেমার মতো। এই মৌসুমে অনেক নাটকের পর যে ক্লাব ছেড়ে এসেছেন, সেই ডর্টমুন্ডের সঙ্গেই গোল করে বর্তমান ক্লাব বায়ার্নকে জিতিয়েছেন রবার্ট লেভানডফস্কি। শিরোপার দিকেও আরেকটু এগিয়ে গেছে বায়ার্ন। এএফপি।