ফন গাল মরিয়া মারিয়ায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাঙ্গেল ডি মারিয়া
অ্যাঙ্গেল ডি মারিয়া

দলবদলের প্রথম পর্বের ‘উইন্ডো’ বন্ধ হতে আর মাত্র কয়েকটা দিন। ম্যানচেস্টার ইউনাইটেড কি পারবে এই সময়ের মধ্যে রিয়াল মাদ্রিদ থেকে অ্যাঙ্গেল ডি মারিয়াকে উড়িয়ে নিয়ে আসতে?

প্রশ্নটা এখন কোটি ডলারেরই। ইউনাইটেড সমর্থকদের মনে ঘুরে-ফেরা এই প্রশ্নের সমাধান কবে হবে, সেটা অবশ্য কেউই জানে না, তবে কোচ লুই ফন গাল যে আর্জেন্টাইন তারকাকে দলে ভেড়ানোর ব্যাপারে রীতিমতো আদাজল খেয়ে লেগেছেন, সেটা একটা ব্যাপার বটে। পুরো বিষয়টি নাকি এই মুহূর্তে এমন দাঁড়িয়েছে যে ডি মারিয়ার জন্য যেকোনো মূল্য পরিশোধে প্রস্তুত ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু কথা হচ্ছে, ডি মারিয়া কি মানসিকভাবে প্রস্তুত ম্যানচেস্টার ইউনাইটেডের এই প্রস্তাব মেনে নিয়ে মাদ্রিদ ছেড়ে ওল্ড ট্র্যাফোর্ডে পাড়ি জমাতে!

ডি মারিয়া নাকি প্রস্তাবটি গুরুত্বের সঙ্গেই ভাবছেন। খবরে প্রকাশ, প্রস্তাবটি নাকি মাথা ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। ‘১০ কোটি পাউন্ড’ সংখ্যাটা এমন যে বিষয়টি নিয়ে যে কেউই ভাবতে বাধ্য। মারিয়াও ভাবছেন। কিন্তু দলের গুরুত্বপূর্ণ এই ফুটবলারটিকে দলে রাখতে রিয়ালও যে অমন কিছু করছে না, সে বিষয়ে নিশ্চিত হওয়ারও তো কিছু ঘটেনি।

রিয়াল কোচ কার্লো আনচেলত্তি সরাসরিই বলে দিয়েছেন, ডি মারিয়াকে ছাড়ার নাকি কোনোই সম্ভাবনা নেই। তবে স্প্যানিশ মিডিয়া আশঙ্কা প্রকাশ করেছে, এই মৌসুমে কলম্বিয়ান সেনসেশন হামেস রদ্রিগেজ চলে আসায় ডি মারিয়ার প্রথম একাদশে থাকার কোনো সম্ভাবনাই নাকি নেই। তাই নিজের ক্যারিয়ার বাঁচাতে ম্যানচেস্টার ইউনাইটেডের প্রস্তাবটি যথেষ্ট গুরুত্ব দিয়ে ভেবে দেখলে তিনিই উপকৃত হবেন।

মিডিয়ার এমন পরামর্শের পর থেকেই নাকি ডি মারিয়া ব্যাপারটি নিয়ে ভাবছেন। কিন্তু কোনো একটা পিছুটান যেন তাঁকে চূড়ান্ত সিদ্ধান্তটি নিতে দিচ্ছে না। ব্যাপারটি স্প্যানিশ সংস্কৃতির কিছু কী? স্প্যানিশ সংস্কৃতি থেকে হুট করে ইংলিশ সংস্কৃতিতে এসে মানিয়ে নেওয়ার ব্যাপারটি কিন্তু যথেষ্ট কষ্টসাপেক্ষই।

এদিকে, ম্যানচেস্টার ইউনাইটেডের প্রধান নির্বাহী উডওয়ার্ড সাহেব সরাসরিই বলে দিয়েছেন দলবদলের সুযোগ বন্ধ হয়ে যাওয়ার আগেই ডি মারিয়াকে ওল্ড ট্র্যাফোর্ডে নিয়ে আসা হবে। সেটা হয়ে গেলে তাঁর সাপ্তাহিক বেতন রবিন ফন পার্সি কিংবা ওয়েইন রুনির চেয়ে কোনো অংশে কম হবে না। ডি মারিয়া কি পারবেন এই সুবর্ণ সুযোগ পায়ে ঠেলতে? দেখাই যাক না! সূত্র: এএফপি।