ফন গাল যাচ্ছেন, মরিনহোই আসছেন?
ম্যানচেস্টার ইউনাইটেডে হোসে মরিনহো, আয়াক্স একাডেমিতে লুই ফন গাল!
এটিকে আগামী মৌসুমের ছবি ধরে নিতে পারেন। ইংলিশ প্রিমিয়ার লিগে টটেনহামের কাছে ৩-০ গোলে ইউনাইটেডের ধরাশায়ী হওয়ার পর হোসে মরিনহো বলেছেন, তিনি এখনো বিশ্বাস করেন আগামী মৌসুমেই ওল্ড ট্রাফোর্ডের দলটির কোচ হিসেবে তাঁকে দেখা যাবে। আর লুই ফন গালের স্বপ্নের চাকরি নাকি আয়াক্স একাডেমির কোচ হওয়া! এই দুটি তথ্যের ভিত্তিতেই একটি ছবি আঁকা যেতে পারে ইউনাইটেডে আসছেন মরিনহো, আয়াক্স একাডেমিতে ফিরে যাচ্ছেন ফন গাল।
আসলে আয়াক্সের সাবেক কোচ কো আদ্রিয়ানসই ইঙ্গিত দিয়েছেন ফন গালের নতুন ঠিকানা হতে পারে আয়াক্স একাডেমি। ১০ বছর ধরেই নাকি আয়াক্সের যুব প্রকল্পের প্রধান হতে চাইছেন ফন গাল। ‘মনে মনে এখনো আয়াক্সের যুব প্রকল্পের প্রধান হওয়ার স্বপ্ন দেখেন ফন গাল। ১০ বছর ধরেই এটাই চাইছেন তিনি’—বলেছেন কো আদ্রিয়ানস।
আর আগামী মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডে চুক্তির মেয়াদ শেষ হলে ফন গাল যদি আয়াক্স একাডেমিতে যান, তখন ইউনাইটেডে তাঁর জায়গাটা কে নেবেন এটি এখনো অনুমানসাপেক্ষ ব্যাপার। তবে ওই জায়গাটিতে নিজেকেই দেখেন চেলসি-রিয়ালের সাবেক পর্তুগিজ কোচ হোসে মরিনহো। ইউনাইটেডের পরবর্তী কোচ মরিনহো—এটা বিশ্বাস করার লোকের অভাব নেই। ম্যানচেস্টার ইউনাইটেডের সহসভাপতি এড উডওয়ার্ডের সঙ্গে খুব ভালো সম্পর্ক মরিনহোর এজেন্ট জর্জ মেন্ডেসের। কারও কারও ধারণা এমনই যে মরিনহোর ইউনাইটেডের দায়িত্ব নেওয়াটা সময়ের ব্যাপার! ইএসপিএন, গোলডটকম।