ফন গাল সত্যিই জাদুকর!

ওষুধ দুই ধরনের। একটা দ্রুত কাজ করে, কিন্তু স্থায়িত্ব কম। একটা ধীরে ধীরে কাজ করে, কিন্তু স্থায়িত্ব বেশি। লুই ফন গাল হচ্ছে দ্বিতীয় ধরনের ওষুধ। তাঁকে কোচ বানানোয় প্রথম উচ্ছ্বাসে ভেসে গিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড সমর্থকেরা। কিন্তু সেই উচ্ছ্বাস কর্পূরের মতো উবে গিয়েছিল কিছুদিনের মধ্যে। ফন গালকে দিয়ে আর চলে না—এমন কথাও শোনা যাচ্ছিল। আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগ খেলার আশাও ছেড়ে দিয়েছিল লাল শিবিরের অনেকেই।
ওষুধ কাজ করতে শুরু করেছে বেশ কিছু দিন হলো। করেছে বলেই এক সময় ১৬–১২–৯–এ ঘুরে আসা ইউনাইটেড আজ পয়েন্ট টেবিলের তিনে। শুধু তা–ই নয়, আজ চিরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটিকে আর ৪–২ গোলে উড়িয়েও দিয়েছে। পরাজয়টা ৪–১ গোলেরও হতে পারত। শেষ মুহূর্তে সার্জিও আগুয়েরো সান্ত্বনার গোলটি করেন। এই গোলটি অবশ্য আগুয়েরোর জন্য বিশেষ কিছু। সিটির হয়ে এটিই যে তাঁর শততম গোল।
ওল্ড ট্রাফোর্ডে আগুয়েরোর গোলেই সিটি প্রথমে এগিয়ে গিয়েছিল। ম্যাচের অষ্টম মিনিটে। ১৪ মিনিটে ইয়াং আর ২৭ মিনিটে ফেলাইনির গোলে প্রথমার্ধেই লিড নেয় ইউনাইটেড। ৬৬ মিনিট পর্যন্ত ম্যাচের উত্তেজনা ছিল। তখনো ছিল সিটির ম্যাচে ফিরে আসার সম্ভাবনা। কিন্তু ৬৭ মিনিটে মাতার পর ৭৩ মিনিটে স্মলিংয়ের গোল ম্যাচ থেকে ছিটকে দেয় সিটিকে। ওল্ড ট্রাফোর্ডের গর্জন তখন ‘৬–১’–এর প্রতিশোধে স্লোগান ধরেছে। শেষ পর্যন্ত তা হয়নি। ৮৯ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেছেন আগুয়েরো।
২০১২ সালের ডিসেম্বরের পর এই প্রথম লিগে সিটির বিপক্ষে জিতল ইউনাইটেড। সিটি এই মৌসুমে টানা চারটি অ্যাওয়ে ম্যাচ হারল। ২০০৬ সালের সর্বশেষ এমন অভিজ্ঞতা হয়েছিল বর্তমান লিগ চ্যাম্পিয়নদের। এই জয়ে দুইয়ে থাকা আর্সেনালের চেয়ে ইউনাইটেডের পয়েন্ট ব্যবধান মাত্র এক। যদিও শীর্ষে থাকা চেলসি সবার ধরাছোঁয়ার বাইরেই চলে যাচ্ছে যেন।
ভাগ্যও তাদের পাশে আছে। এ নিয়ে লিগে টানা তিনটা ম্যাচ ন্যূনতম ব্যবধানে জিতল তারা। ৩–২, ২–১–এর পর আজ ১–০। রেলিগেশনের খাঁড়ায় থাকা কিউপিআরের বিপক্ষে সেই জয়টিও এসেছে ৮৮ মিনিটে করা সেস ফ্যাব্রিগাসের গোলে।
ইংলিশ লিগে ফেরার দ্বিতীয় মৌসুমেই চেলসিকে আবার চ্যাম্পিয়নদের দোরগোড়ায় নিয়ে গেছেন। জাদু হোসে মরিনহোও কম জানেন না!