ফন গালকে সতর্ক করলেন রজার্স!

লুই ফন গালের অর্জনের খাতাটা সাফল্যভাস্বরই বলা যায়। আয়াক্সের হয়ে ১৯৯৪-৯৫ মৌসুমে চ্যাম্পিয়নস লিগ জয়, বার্সেলোনার হয়ে টানা দুবার ও বায়ার্ন মিউনিখের হয়ে একবার লিগ শিরোপা জয়। হল্যান্ডের দায়িত্ব নিয়ে বলার মতো কিছু না জিততে পারলেও এবারের বিশ্বকাপে সেরা টেকটিশিয়ান হিসেবে পরিচিতি পেয়েছেন। অথচ ব্রেন্ডন রজার্স কিনা বললেন, প্রিমিয়ার লিগে ওসব অর্জন কোনো কাজে দেবে না!
ফন গাল মাত্রই ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব নিয়েছেন। মৌসুম শুরু হওয়ার আগেই মিয়ামিতে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপের ফাইনালে লিভারপুলকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা জিতেছে রেড ডেভিলরা। এমন পরাজয়ের পরও রীতিমতো সাবধান করে দিলেন লিভারপুল কোচ! জানালেন, পেছনের সব অর্জন ভুলে যান! এটা ইংলিশ প্রিমিয়ার লিগ। তীব্র প্রতিযোগিতাপূর্ণ এ টুর্নামেন্টে সব কৌশল ভেস্তে যায় নিমিষেই!
রজার্স বললেন, ‘তিনি এত দিন যত লিগে কাজ করেছেন, সে সব থেকে এ লিগ (প্রিমিয়ার লিগ) সম্পূর্ণ ভিন্ন। অন্য লিগগুলোয় একটি কিংবা দুটি দলই শিরোপা জিতে থাকে। আর এটি এমনই লিগ, যেখানে শীর্ষ দলও তলানিতে চলে যেতে পারে। যেকোনো দিনেই হারার শঙ্কা থাকে। অন্য লিগগুলোয় এমনটা সাধারণত দেখা যায় না।’
তবে কি ফন গালের সাফল্যে ‘ঈর্ষা’য় পুড়ছেন রজার্স? না সেটিও ভাবার অবকাশ দিচ্ছেন না লিভারপুল কোচ। ৬২ বছর বয়সী ডাচ কোচের সাফল্যকে বরং শ্রদ্ধার চোখেই দেখছেন ‘অল রেড’ কোচ। বললেন, ‘আমি তাঁর কাজ ও ক্যারিয়ারের সব অর্জনের প্রশংসা করি। তিনি একজন অভিজ্ঞ ও খুবই ভালো ম্যানেজার। কাজ করেছেন বেশ কিছু বড় ক্লাবে। যে কোচের নিজস্ব লক্ষ্য ও দর্শন রয়েছে তাঁকেই গুরুত্ব দিতে হয়। নিঃসন্দেহে তিনি (ফন গাল) তেমনই একজন।’ এএফপি।