ফন গালকে স্বস্তি দিলেন রুনি-মাতারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রুনি-মাতাই এ যাত্রা ‘বাঁচিয়ে’ দিলেন ফন গালকে—ছবি: রয়টার্স
রুনি-মাতাই এ যাত্রা ‘বাঁচিয়ে’ দিলেন ফন গালকে—ছবি: রয়টার্স

অন্তত দু-তিন দিনের জন্য একটু স্বস্তির নিশ্বাস ফেলতে পারবেন লুই ফন গাল। প্রতি ম্যাচেই ‘হারলেই চাকরি নেই’ কথাটা শুনতে শুনতে ডাগআউটে বসেছেন। এমন চাপের মধ্যে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড কোচকে কয়েকটা দিনের জন্য স্বস্তি দিলেন ওয়েইন রুনি-হুয়ান মাতারা। এফএ কাপের চতুর্থ রাউন্ডে কাল তাঁরা ৩-১ গোলে হারিয়েছেন ইংলিশ চ্যাম্পিয়নশিপের ক্লাব ডার্বিকে।

ডাগআউট তো নয়, যেন ‘লাইন অব ফায়ার’—ফন গালের উপলব্ধিটা হয়তো এমন। এক মাসের মধ্যেই দুবার তাঁর চাকরি থেকে বরখাস্ত হওয়ার গুজব উঠেছে, সর্বশেষ লিগে সাউদাম্পটনের কাছে হারের পর। ওই ম্যাচের পর গুঞ্জন ছড়িয়েছিল, নিজে থেকেই সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ডাচ কোচ। যদিও পরে সেটি নাকচ করে দিয়েছেন ফন গাল।

গুঞ্জন তবু থামছে না। ইংলিশ সংবাদমাধ্যমগুলো ইউনাইটেডের প্রতি ম্যাচের আগেই ‘ফন গাল কেন চাকরি থেকে বরখাস্ত হবেন না’ জানিয়ে প্রতিবেদন করছে। এর মধ্যে ইংলিশ ফুটবলের দ্বিতীয় স্তরে খেলা ডার্বির কাছে হারলে হয়তো জীবন দুঃসহ হয়ে যেত ৬৪ বছর বয়সী ইউনাইটেড কোচের।

সেটি হতে দিলেন না রুনি-মাতারা। প্রথমার্ধের ১৬ মিনিটেই বক্সের বাঁ প্রান্ত থেকে দুর্দান্ত বাঁকানো শটে গোল করে ইউনাইটেডকে এগিয়ে দিয়েছিলেন হঠাৎ করেই নিজেকে খুঁজে পাওয়া রুনি। নতুন বছরে এ নিয়ে তিনটি অ্যাওয়ে ম্যাচে গোল করলেন ইংলিশ স্ট্রাইকার, ২০১৫ সালে যা করতে পুরো বছর লেগেছিল। তবে রুনির গোলের আনন্দটা খুব বেশিক্ষণ টেকেনি। প্রথমার্ধ শেষ হওয়ার ৮ মিনিট আগে ডার্বিকে সমতায় নিয়ে আসেন মিডফিল্ডার জর্জ থর্ন।

ইউনাইটেড সমর্থকদের হয়তো একটু ভয় ঘিরে ধরেছিল এ সময়। এমকে ডনস, কেমব্রিজ, মিডলসব্রো, শেফিল্ড ইউনাইটেড—নামগুলোও তাঁদের মনে ভেসে আসতে পারে। ফন গালের ইউনাইটেড যে গত দুবছর ধরে নিচু স্তরের লিগের এই দলগুলোর সঙ্গে বেশ অস্বস্তিতে পড়েছিল। এমকে ডনস আর মিডলসব্রো তো টানা দুই বছর লিগ কাপ থেকে ইউনাইটেডকে বিদায় করে দিয়েছে।

তবে কাল এফএ কাপে আর সেটি হয়নি। দ্বিতীয়ার্ধে দলীয় সমন্বয়ে দুটি গোল করে ডার্বির মাঠ থেকে জয় নিয়ে বেরিয়ে এসেছে ইউনাইটেড। ৬৫ মিনিটে ডেলি ব্লিন্ড দ্বিতীয়, নির্ধারিত সময়ের সাত মিনিট আগে তৃতীয় গোলটি করেছেন হুয়ান মাতা।

ইংলিশ সংবাদমাধ্যমের সঙ্গে ফন গালের সম্পর্কটা গত কয়েক দিনে বেশ খোঁচাখুঁচির পর্যায়ে চলে গেছে। সংবাদমাধ্যম ফন গালের চাকরি নিয়ে কিছু একটা লেখে, ফন গাল পরে সংবাদ সম্মেলনে এক হাত নিয়ে নেন সাংবাদিকদের। সে তুলনায় কাল ম্যাচ শেষের সংবাদ সম্মেলন অনেকটা ‘পানসে’ হলো, একেবারে গতানুগতিক। হয়তো দলের খেলায় মুগ্ধ ফন গাল বেশ খুশি ছিলেন বলে।

ইউনাইটেডের তিনটি গোলকে ‘অসাধারণ’ বলেছেন, সঙ্গে ফন গাল প্রশংসা করেছেন দলের পারফরম্যান্সের। দল ‘সাহস নিয়ে খেলেছে’ জানিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড টিভিকে বললেন, ‘দলের খেলা আমার ভালো লেগেছে। আত্মবিশ্বাস বেশি ছিল। (সাউদাম্পটন ম্যাচের পর) এটা ফিরে এসেছে। যা গুরুত্বপূর্ণ ছিল।’

এফএ কাপে আজ নামছে ইংলিশ সব বড় দল। আর্সেনাল খেলবে বার্নলির সঙ্গে, ম্যানচেস্টার সিটি যাবে অ্যাস্টন ভিলার মাঠে, লিভারপুল ঘরের মাঠে খেলবে ওয়েস্ট হামের সঙ্গে আর টটেনহামকে আতিথ্য দেবে কোলচেস্টার ইউনাইটেড। ইএসপিএন।