ফন গালে আস্থা ফার্গুসনের
সর্বশেষ ম্যাচ দুটিতে পাওয়া গেছে পরিস্থিতি বদলের ইঙ্গিত। ওয়েস্ট হাম আর এভারটনের বিপক্ষে প্রিমিয়ার লিগের দুটি ম্যাচেই জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু এর আগের ম্যাচগুলোয় ইউনাইটেডকে দেখে বোঝার উপায় ছিল না এটা ইংল্যান্ডের সফলতম ক্লাব। সোয়ানসির কাছে হার দিয়ে মৌসুম শুরু। তারপর সান্ডারল্যান্ড ও বার্নলির সঙ্গে ড্র, কিউপিআরের বিপক্ষে জয়ের পর আবার লেস্টার সিটির কাছে হার! যার ওপর বড় আস্থা রেখেছিল ইউনাইটেড সমর্থকেরা সেই লুই ফন গালের সমালোচকদের দলটাও তাই দিন দিন বড় হচ্ছে। সর্বশেষ দুই জয় আপাতত তাদের চুপ করিয়েছে। এটা তাঁর জন্য স্বস্তির, সঙ্গে আরও একটা বড় স্বস্তিই পেলেন ইউনাইটেড কোচ। দুঃসময়ে তাঁর পাশে এসে দাঁড়িয়েছেন ইউনাইটেডের ইতিহাসে সবচেয়ে সফল কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন। শুরুটা নড়বড়ে হলেও ফন গালের ওপর আস্থা রাখছেন কিংবদন্তি স্কটিশ কোচ।
দায়িত্ব নেওয়ার পর ফন গাল তাঁর দল থেকে যেসব খেলোয়াড়কে ছেঁটে ফেলেছেন তাঁদের অনেককেই ওল্ড ট্রাফোর্ডে এনেছিলেন ফার্গুসন। নিজের পছন্দের খেলোয়াড় কিনছেন ফন গাল, ইতিমধ্যে খরচ করেছেন ২০০ মিলিয়ন ডলারের বেশি। কিন্তু সেই অনুযায়ী ফল পাচ্ছেন না। নিজের হাতে গড়া দলটাকে এভাবে ভেঙে যেতে দেখেও কিন্তু ফন গালকে নিয়ে কোনো অভিযোগ নেই ফার্গুসনের। বরং ডাচ কোচের দর্শনকেই সঠিক মনে করছেন। ম্যানচেস্টার ইউনাইটেড টেলিভিশনে ‘স্যার অ্যালেক্স: লাইফ আফটার ম্যানেজমেন্ট’ নামের একটা অনুষ্ঠানে বলছেন, ‘ফন গাল অনেক কিছু বদলেছে। অনেক ছেঁটেছুঁটে নিজের মতো একটা দল গড়ছে। হয়তো সে ঠিকই করছে।’ ফন গাল যেভাবে দল চালাচ্ছেন তাতেও মুগ্ধ ফার্গুসন, ‘ওর অভিজ্ঞতা আছে, সামর্থ্য আছে কাজটা করার। সে যেভাবে সবকিছু সামলাচ্ছে এটা অসাধারণ।’
সব মিলিয়ে ফার্গুসন-পরবর্তী সময়টা মোটেও ভালো যাচ্ছে না ইউনাইটেডের। তবে দায়িত্ব ছেড়ে দেওয়ায় কোনো আফসোস নেই ফার্গুসনের। যদিও স্বীকার করেছেন কোচিংয়ের প্রতি টানটা রয়েই গেছে। গত ডিসেম্বরে দুবাইয়ে ছুটি কাটানোর সময়টার কথা উল্লেখ করে বলেছেন, ‘সম্ভবত জীবনে এই প্রথম আমি ডিসেম্বরে ছুটি কাটালাম। কিন্তু দুবাইয়ের হোটেলে সুইমিংপুলের পাশে বসে আমি হঠাৎ ক্যাথিকে (ফার্গুসনের স্ত্রী) বললাম, আমার তো এখন ক্যারিংটনে (ইউনাইটেডের অনুশীলন মাঠ) থাকার কথা ছিল।’ ডেইলি মেইল, গোলডটকম।