ফন গালে ইউনাইটেডের সর্বনাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধীরে ধীরে বৃত্তটা কি ছোট হয়ে আসছে লুই ফন গালের? ১৮ মাস আগে দায়িত্ব নেওয়ার সময় যাঁরা তাঁর প্রশংসায় উচ্ছ্বসিত ছিলেন, একে একে তাঁরা অনেকেই এখন নাম লেখাচ্ছেন সমালোচকদের দলে! এ তালিকায় সর্বশেষ নামটি সাবেক ইউনাইটেড ডিফেন্ডার রিও ফার্ডিনান্ডের। ফন গালের অধীনে খেলোয়াড়েরা নিজেদের মেলে ধরার যথেষ্ট সুযোগ পাচ্ছেন না বলে অভিযোগ তুলেছেন তিনি। শঙ্কা প্রকাশ করেছেন, এভাবে চলতে থাকলে দল প্রিমিয়ার লিগের সেরা চারে তো থাকতে পারবেই না, পরের মৌসুমে বড় খেলোয়াড়দেরও কেনা যাবে না।
ভলফ্সবুর্গের কাছে হেরে চ্যাম্পিয়নস লিগ থেকে বাদ পড়েছে ইউনাইটেড। সেই ধাক্কা সামলে উঠতে না-উঠতেই প্রিমিয়ার লিগে নবাগত বোর্নমাউথের কাছে ২-১ গোলে হার। এ নিয়ে সব ধরনের প্রতিযোগিতায় টানা ৫ ম্যাচ জয়হীন ফন গালের দল। প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় আপাতত ৪ নম্বরে ইউনাইটেড। কিন্তু সেটি কত দিন ধরে রাখতে পারবে তারা, এ নিয়ে যথেষ্ট সন্দিহান ফার্ডিনান্ড, ‘ম্যানচেস্টার ইউনাইটেড আবার পেছনের দিকে যাচ্ছে। আমার মনে হয় না পরিস্থিতি বদলাবে, কারণ কোচ তো আর বদলাচ্ছে না।’
কোচের ওপর তিনি কেন খ্যাপা সেই ব্যাখ্যাও দিয়েছেন সাবেক ইউনাইটেড অধিনায়ক, ‘এখন খেলোয়াড়েরা নতুন কিছু করার ঝুঁকি নিচ্ছে না। কারণ পরিণামের কথা ভেবে ওরা সব সময় ভীত। কিন্তু আমার মত হচ্ছে, খেলোয়াড়দের সুযোগ দিতে হবে নিজেদের মেলে ধরার।’ এ ব্যাপারে ইউনাইটেডের পরিচালনা পর্ষদকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ফার্ডিনান্ড, ‘হয়তো বোর্ড আর মালিকেরা ফন গালের পাশে থাকছেন, কারণ তাঁরা অনেক টাকা লগ্নি করেছেন তাঁর পেছনে। কিন্তু তাঁদের তো ইউনাইটেডের জন্য কী ভালো হবে সেটা আগে দেখতে হবে।’
ফন গালের জায়গায় পেপ গার্দিওলা কিংবা কার্লো আনচেলত্তিকে আনা হতে পারে বলে গুঞ্জনও রটেছে। তবে ফার্ডিনান্ড শঙ্কিত, পারফরম্যান্স এমন হলে তাঁদের কেউ আদৌ ইউনাইটেডে আসতে রাজি হবেন কি না, ‘যদি ইউনাইটেড লিগে চারের বাইরে চলে যায়, তাহলে আরও বড় সর্বনাশ হবে। তাহলে গার্দিওলা বা আনচেলত্তিকে আনার সুযোগও চলে যাবে। বড় খেলোয়াড়দের আনাও কষ্ট হয়ে যাবে।’ গোলডটকম।