ফন গালের অজুহাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাচের আগে কোচ রিচার্ড মানি খেলোয়াড়দের পই পই করে বলে দিয়েছিলেন, ‘আর যাই করো বাপু, প্রথমার্ধ শেষে জার্সি বদলাতে যেয়ো না।’ ইংল্যান্ডের চতুর্থ বিভাগের কেমব্রিজ ইউনাইটেডের আর্থিক অবস্থা এতটাই সঙ্গিন, বাড়তি জার্সি দেওয়াটাও তাদের জন্য বিলাসিতা। কোচ তো জার্সি দিতে বারণ করবেনই!
খেলোয়াড়দের বেতন দিতে বছরে খরচ হয় ১০ লাখ পাউন্ড, ওয়েইন রুনির মাসিক আয়ও এর চেয়ে বেশি। এমন একটা পুঁচকে দলের সঙ্গে ম্যানচেস্টার ইউনাইটেডের গোল-উৎসবই করার কথা। কিন্তু অবিশ্বাস্যভাবে পরশু ইউনাইটেড তাদের সঙ্গে গোলশূন্য ড্র করল।
এই পুঁচকে ক্লাবের সঙ্গে এখন এফএর কাপের চতুর্থ রাউন্ডে ফিরতি ম্যাচ খেলতে হবে ইউনাইটেডকে। ম্যাচ শেষে ইউনাইটেড কোচ লুই ফন গালকে অজুহাতও খুঁজতে হলো, ‘মাঠের অবস্থা ভালো ছিল না, আপনার খেলার ধরনকেও এটা প্রভাবিত করবে। রেফারির কথা তো না বলে পারছি না। আমি জানি এই ধরনের পরিপ্রেক্ষিতে কাউকে হারানো খুব কঠিন।’ রয়টার্স, ইএসপিএন।