ফন গালের আরেকটি পরীক্ষা
‘আক্রমণভাগ ম্যাচ জেতায়, রক্ষণ জেতায় শিরোপা’—স্যার অ্যালেক্স ফার্গুসনের কথাটার মর্ম এখন বুঝতে পারছেন লুই ফন গাল। রাদামেল ফ্যালকাও, অ্যাঙ্গেল ডি মারিয়া, ওয়েইন রুনি, রবিন ফন পার্সিরা থাকতে গোলের জন্য চিন্তা হয়তো করতে হচ্ছে না। কিন্তু যত গোল দেবে, তার চেয়ে কম তো ঠেকাতে হবে! সেই কাজটাই যে ম্যানচেস্টার ইউনাইটেড করতে পারছে না। ফন গাল স্বীকার করলেন, ক্যারিয়ারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন তাঁর সামনে।
ওল্ড ট্রাফোর্ডে এসেছিলেন হল্যান্ডের হয়ে বিশ্বকাপের দুর্দান্ত অভিজ্ঞতা নিয়ে। তাঁর ক্যারিয়ারের ঠিকুজিটা আয়াক্স, বার্সেলোনা, বায়ার্নের মতো ক্লাবের সাফল্যে মোড়া। জেতা বাকি ছিল শুধু ইংল্যান্ড। কিন্তু কাজ কতটা কঠিন, সেটা নিশ্চয়ই টের পাচ্ছেন? পোড়-খাওয়া ডাচ কোচ সেটা মেনেও শোনাচ্ছেন আশার গান, ‘এ মুহূর্তে এটাই সবচেয়ে কঠিন কাজ। মানছি এ রকম পরিস্থিতি আগে আমাকে সামলাতে হয়নি। কিন্তু আপনাকে এক বছর পর আসলে ব্যাপারটা দেখতে হবে। যখন আপনার নয়জন চোটে পড়ে আছে, একজনের লাল কার্ড, তখন এ রকম মনে হবেই।’
চোটাঘাতই নতুন করে ফন গালের কপালে ভাঁজ ফেলেছে। এমনিতেই নড়বড়ে রক্ষণ, তার ওপর এ মুহূর্তে সেন্টারব্যাকদের প্রায় সবাই চোটে। ফিল জোন্স আগে থেকেই বাইরে ছিলেন। লেস্টারের সঙ্গে চোট পেয়েছেন জন ইভান্স, আর ক্রিস স্মলিং অনুশীলনে ঊরুতে ব্যথা পেয়েছেন। তরুণ টাইলার ব্ল্যাকেটও গত ম্যাচে লাল কার্ড দেখেছেন। ফন গাল আজ ওয়েস্ট হামের সঙ্গে চারজন ডিফেন্ডার নামাতেই হিমশিম খাচ্ছেন।
প্রথম পাঁচ ম্যাচে ৫ পয়েন্ট। আজ জয় না পেলেও চাপটা আরও বাড়বে। ফন গাল তার পরও মনে করিয়ে দিচ্ছেন, ‘ক্লাব একটা ক্রান্তিকালের ভেতর দিয়ে যাচ্ছে। গত সপ্তাহে আমাদের জেতা উচিত ছিল। তাহলে কিন্তু আমরা দ্বিতীয় স্থানে থাকা দলের চেয়ে মাত্র ২ পয়েন্ট পিছিয়ে থাকতাম। দুর্ঘটনা তো আর সব সময় ঘটে না। আমরা এ অবস্থা কাটিয়ে উঠব। মৌসুমের অনেক এখনো বাকি।’
আজ মাঠে নামছে সব বড় দলই। লন্ডন ডার্বিতে মুখোমুখি আর্সেনাল-টটেনহাম, মার্সিসাইড ডার্বিতে লিভারপুল-এভারটন। চেলসির প্রতিপক্ষ অ্যাস্টন ভিলা, ম্যানচেস্টার সিটির হাল সিটি। এএফপি।