ফন গালের এমন অভিষেক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাথুরে মুখে রাজ্যের বিষাদ, ওল্ড ট্রাফোর্ডের ডাগআউটে বসে আছেন লুই ফন গাল। সোয়ানসির কাছে হারে কাল ইউনাইটেড কোচকে ডাগআউট ছাড়তে হয়েছে এমন বিষণ্ন মুখেই l এএফপি
পাথুরে মুখে রাজ্যের বিষাদ, ওল্ড ট্রাফোর্ডের ডাগআউটে বসে আছেন লুই ফন গাল। সোয়ানসির কাছে হারে কাল ইউনাইটেড কোচকে ডাগআউট ছাড়তে হয়েছে এমন বিষণ্ন মুখেই l এএফপি

ডেভিড ময়েস যা করেছিলেন, তার চেয়ে খারাপ করা কঠিন। তবে লুই ফন গাল একদিক দিয়ে এখনই পূর্বসূরির চেয়ে পিছিয়ে গেলেন। ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হিসেবে ময়েসের অভিষেক হয়েছিল সোয়ানসির সঙ্গে ৪-১ গোলের জয়ে। আর কাল ফল গালের অভিষেক হলো সেই সোয়ানসির সঙ্গেই, ২-১ গোলের হার দিয়ে। ১৯৭২ সালের এই প্রথম ঘরের মাঠে লিগের প্রথম ম্যাচ হারল ইউনাইটেড!
অথচ নতুন মৌসুম শুরুর আগে আশাবাদী হওয়ার মতো অনেক কিছুই ছিল ইউনাইটেডের। ফন গালের জাদুর ছোঁয়ায় দুর্দশা কেটে যাবে, আশায় বুক বেঁধে ছিল সমর্থকেরা। প্রাক্-মৌসুম প্রস্তুতির পারফরম্যান্স সেই আশার পালে দিয়েছিল জোর হাওয়া। কিন্তু কালকের ম্যাচের পর বোঝা গেল, ইংল্যান্ডের প্রথম মৌসুমে পোড় খাওয়া ডাচ কোচকে অনেক চড়াই-উতরাইয়ের ভেতর দিয়েই যেতে হবে।
গত মৌসুম শেষেই ওল্ড ট্রাফোর্ড ছেড়ে চলে যান রক্ষণের তিন অভিজ্ঞ রিও ফার্ডিনান্ড, নেমানিয়া ভিদিচ ও প্যাট্রিস এভরা। কাল তিন পরীক্ষিত সৈনিকের অভাবটা ভালোই টের পেয়েছে ইউনাইটেড। কি সুং ইয়াংয়ের প্রথম গোলটা তো রক্ষণ-দুর্বলতার সুযোগেই হজম করেছে ইউনাইটেড। বক্সের ঠিক বাইরে বল পেয়েছিলেন কি, বিনা বাধায় নেওয়া তাঁর বাঁ পায়ের শট ঠেকাতে পারেননি ডি গিয়া।
দ্বিতীয়ার্ধে অবশ্য ইউনাইটেড ম্যাচে ফিরে আসে। মাতার কর্নার থেকে পাওয়া বলটা ফ্লিক করেছিলেন ফিল জোন্স। দারুণ এক ওভারহেড কিকে বলটা জালে জড়িয়ে দেন ওয়েইন রুনি। ইউনাইটেডের নতুন অধিনায়ক দলকে এগিয়েও নিতে পারতেন। কিন্তু ৬৫ মিনিটে তাঁর নেওয়া ফ্রি-কিক বারে লেগে চলে যায় বাইরে।
কোথায় গোল শোধ করে এগিয়ে যাবে, উল্টো ইউনাইটেড খেয়ে বসে আরও এক গোল। ৭২ মিনিটে প্রতিপক্ষের সীমানায় দ্রুত ফ্রি-কিক পেয়ে বনি দিয়েছিলেন জেফারসন মনতেরোকে। তাঁর ক্রসটা ঠিকভাবে ভলি করতে পারেননি রাউটলেজ, কিন্তু বলটা ফাঁকায় পেয়ে যান সতীর্থ মিডফিল্ডার গিলফি সিগুর্ডসন। ওল্ড ট্রাফোর্ডকে স্তম্ভিত করে এগিয়ে নেন দলকে।
তবে আর্সেনালের শুরুটা হয়েছে জয় দিয়েই। নিজেদের মাঠে আর্সেন ওয়েঙ্গারের দল ২–১ গোলে হারিয়েছে ১০ জনের দল হয়ে পড়া ক্রিস্টাল প্যালেসকে। তথ্যসূত্র: স্টার স্পোর্টস-ফোর।