ফন গালের গোলতৃষ্ণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লুই ফন গাল
লুই ফন গাল

লুই ফন গালের অবস্থা এখন অনেকটা গ্যাসভর্তি বেলুনের মতো। বেলুন যেমন যেকোনো সময়ই দুম করে ফেটে যেতে পারে, ফন গালের ওপরেও চাপটা বাড়তে বাড়তে এখন সেই অবস্থায় দাঁড়িয়েছে। গত আট ম্যাচে জয় পায়নি ইউনাইটেড, আজ সোয়ানসিকেও হারাতে না পারলে নতুন বছরের শুরুতেই হয়তো বেকার হয়ে যেতে পারেন ফন গাল!
কিন্তু সোয়ানসির সঙ্গে আগের যে ইতিহাস, তাতে ফন গাল সিঁদুরে মেঘ দেখতেই পারেন। সোয়ানসির কাছে সর্বশেষ তিন ম্যাচেই ২-১ গোলে হেরেছে ইউনাইটেড। ফন গাল ইউনাইটেডের ডাগ-আউটে প্রথম ম্যাচটা এই সোয়ানসির কাছেই হেরেছিলেন। তবে ইউনাইটেডের ডাচ কোচের দাবি, আজকের ম্যাচের আগে একদমই চাপ অনুভব করছেন না, ‘চাপ জিনিসটা তো আসলে নিজের ওপর। খেলোয়াড়দের নিজেদের সেরাটা ঢেলে দিতে হবে। এ ব্যাপারটা ঠিকঠাক সামলাতে পারাটাই সবচেয়ে কঠিন। আর নিজের কাজ তো নিজেকে করে যেতেই হবে।’
বার্সেলোনা, বায়ার্ন বা পিএসভির হয়ে সাফল্য যেমন পেয়েছেন, ব্যর্থতাও কম সঙ্গী হয়নি। ফন গাল সেসবই মনে করিয়ে দিয়েছেন, ‘হয়তো এটাই আমার শেষ ক্লাব। কিন্তু এর আগেও খারাপ সময় গেছে আমার। সব ক্লাবেই কমবেশি হোঁচট খেতে হয়েছে।’ চেলসির সঙ্গে ম্যাচে জিততে না পারলেও সমর্থকেরা কোচের পাশেই ছিলেন। ফন গাল সেটাকেই মানছেন বড় প্রাপ্তি, ‘আমাকে বলতেই হবে, ইউনাইটেডের সমর্থকেরাই সেরা। কারণ দলের কঠিন একটা সময়ে তারা যেভাবে কোচ ও খেলোয়াড়দের পাশে দাঁড়িয়েছে, সেটা আসলেই দারুণ ব্যাপার।’
কিন্তু এ রকম চলতে থাকলে সমর্থকেরাও বেশি দিন পাশে থাকবে না, সেটা ফন গাল ভালো করেই জানেন। সর্বশেষ ১৪ ম্যাচে মাত্র ১০ গোল করতে পেরেছে ইউনাইটেড, দলের সমস্যা কোথায় সেটা নতুন করে বলার দরকার নেই। ফন গাল তো এটি ভালো করেই জানেন, ‘খেলাটা নিয়ন্ত্রণ করাটা আমাদের সমস্যা নয়। আমাদের সমস্যা গোল না পাওয়া। আমরা প্রতিপক্ষকে চাপ দিয়ে যাচ্ছি, কিন্তু গোলটা পাওয়া হচ্ছে না।’
আজ যেকোনো মূল্যেই সেই গোলটা চাইবেন ফন গাল, অন্তত একটা হলেও! এএফপি, রয়টার্স।