ফন গালের নতুন নির্দেশ 'ইংরেজি শেখো'

ম্যানচেস্টার ইউনাইটেড উইঙ্গার অ্যান্টোনিও ভ্যালেন্সিয়া ওল্ড ট্র্যাফোর্ডে এসেছেন আট বছর পর হতে চলল। কিন্তু তাঁর ইংরেজিটা নাকি একেবারেই আসে না। ইকুয়েডরিয়ান এই ফুটবলার জন্মগতভাবেই স্প্যানিশভাষী। তাঁর ইংরেজির অবস্থা নাকি এতটাই খারাপ যে তাঁর শিক্ষাটা শুরু করতে হবে রীতিমতো ‘এ বি সি ডি’ পর্যায় থেকে!
দলের কোচ লুই ফন গালের কাছে ব্যাপারটা অসহ্য। তাঁর অধীনে বর্তমান দলে ভ্যালেন্সিয়ার মতো এমন কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় আছেন, যাঁরা একবর্ণ ইংরেজি জানেন না। ফুটবলের একটা সর্বজনীন ভাষা থাকলেও ফন গালের ইচ্ছা ম্যানচেস্টার ইউনাইটেডের অ-ইংরেজ সব খেলোয়াড়কেই ইংরেজি ভাষাটা ভালোভাবে বলা ও বোঝা রপ্ত করতে হবে।
এই মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডে খেলতে এসেছেন অ্যাঙ্গেল ডি মারিয়া ও রাদামেল ফ্যালকাও। সেই সঙ্গে নতুন হিসেবে আছেন মার্কোস রোহো। এই তিন লাতিন ফুটবলারের মধ্যে ফ্যালকাও একটু ইংরেজি জানলেও ডি মারিয়া ও রোহো ইংরেজিতে একেবারেই ‘ক’ অক্ষর। ডি মারিয়া নাকি ইংরেজি বললে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকেন। রোহো ‘ইয়েস’, ‘নো’ বলতে গিয়েই ১০ বার হোঁচট খান। এ অবস্থায় দলের ‘সংহতি’র প্রয়োজনেই যাঁরা ইংরেজি জানেন না, তাঁদের জন্য ক্লাবকে বিশেষ ইংরেজি কোর্স চালু করতে বলেছেন ফন গাল।
স্প্যানিশ হয়েও ইংরেজিটা ভালোভাবেই রপ্ত করে ফেলেছেন হুয়ান মাতা ও ডেভিড ডি গিয়া। ব্যাপারটা তৃপ্তি দিচ্ছেন কোচকেও। এ দুজনের জন্য নাকি নতুন করে কোনো ইংরেজি কোর্সের দরকার পড়ছে না। ফন গাল চান পুরো দলই নিজেদের মধ্যে আলোচনা ও মাঠে ইংরেজিতে কথা বলবেন।
ম্যানচেস্টার ইউনাইটেড কোচের ইংরেজপ্রীতি স্বভাবতই প্রশংসা পাচ্ছে ব্রিটিশ মিডিয়ায়। ডেইলি মেইল লিখেছে, ‘এটা দুর্ভাগ্যজনক যে একজন ডাচ হিসেবে ফন গাল ওল্ড ট্র্যাফোর্ডে ইংরেজির ওপর যে জোর দিয়েছেন, সেটা দেখা যায়নি তাঁর পূর্বসূরি দুই ব্রিটিশ কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন ও ডেভিড ময়েসের মধ্যে।’