ফন গালের পা মাটিতেই

লুই ফন গালের স্পর্শে গত মৌসুমের ছন্নছাড়া ম্যানচেস্টার ইউনাইটেডই নতুন মৌসুমে যেন অন্য চেহারায়। মাঠের পারফরম্যান্সই ফন গালের হয়ে কথা বলছে। ফন গাল দায়িত্ব নেওয়ার পর প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে ছয় ম্যাচের ছয়টিতেই জিতেছে ইউনাইটেড। যুক্তরাষ্ট্র সফরে পাঁচ ম্যাচেই জিতে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপের শিরোপা জয়ের পর পরশু ডাচ কোচ জয় পেলেন ওল্ড ট্রাফোর্ডে অভিষেক ম্যাচেও। নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে ইউনাইটেড ২-১ গোলে হারিয়েছে ভ্যালেন্সিয়াকে।
দলের এমন উড়ন্ত পারফরম্যান্সের পর বেড়ে গেছে সমর্থকদের প্রত্যাশা। নতুন করে এমনকি দেখতে শুরু করেছে শিরোপা-স্বপ্নও। কিন্তু ফন গাল সমর্থকদের সতর্ক করে দিয়ে বললেন, এখনই বেশি প্রত্যাশা করা উচিত হবে না। কোচের কথা, গত মৌসুমের ধাক্কা সামলে দলকে গড়ে তুলতে তাঁর আরও সময় লাগবে, করতে হবে আরও অনেক কিছুই।
ফন গাল ডাগআউটে যখন পা রাখলেন, ‘ফন গাল, ফন গাল’ কোরাসে প্রকম্পিত ওল্ড ট্রাফোর্ড। সমর্থকদের উষ্ণ অভ্যর্থনায় অভিভূত ইউনাইটেড কোচ, ‘এটা ছিল অসাধারণ। মাঠে ঢোকার পর তারা নাম ধরে চিৎকার-চেঁচামেচি করছিল। কিন্তু এটা বিশাল চাপও। কারণ তাদের প্রত্যাশা অনেক। কিন্তু আপনি তিন-চার সপ্তাহেই সবকিছু বদলে দিতে পারবেন না। আমাদের অপেক্ষা করতে হবে এবং উন্নতির জন্য আমাদের সময় লাগবে।’
তবে প্রস্তুতি ম্যাচের জয়গুলো রিয়াল মাদ্রিদ, লিভারপুল, ইন্টারমিলান, রোমা, ভ্যালেন্সিয়ার মতো দলের বিপক্ষে। এ কারণেই ফন গালের খুশিটা বেশি। সাফল্যের এই ধারা ধরে রাখতে চাইছেন লিগেও। শনিবার এই ওল্ড ট্রাফোর্ডেই সোয়ানসির বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু ইউনাইটেডের লিগ অভিযান।
গত মৌসুমে দলকে নেতৃত্ব দেওয়া নেমানিয়া ভিদিচ চলে গেছেন ইন্টারমিলানে। ফন গালকে তাই নতুন কাউকে অধিনায়ক করতেই হতো। গুঞ্জন ছিল হল্যান্ড জাতীয় দলের অধিনায়ক রবিন ফন পার্সিকে ইউনাইটেডেও অধিনায়ক করতে পারেন ফন গাল। কিন্তু ডাচ কোচ নতুন অধিনায়ক হিসেবে বেছে নিয়েছেন ওয়েইন রুনিকে। স্কটিশ মিডফিল্ডার ড্যারেন ফ্লেচারকে করেছেন সহ-অধিনায়ক। অধিনায়কত্ব পেয়ে রুনি অভিভূত, ‘গ্রেট এই ক্লাবের অধিনায়ক হওয়াটা আমার এবং আমার পরিবারের জন্য বিশাল সম্মানের।’ এএফপি।