ফন গালের রক্ষণ কোথায়?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডাগ আউটে বসে দলের দুর্দশা দেখছেন ফন গাল। হতাশা আর লজ্জায় মুখই লুকোতে চাইলেন সহকারী কোচ রায়ান গিগস ছবি: রয়টার্স।
ডাগ আউটে বসে দলের দুর্দশা দেখছেন ফন গাল। হতাশা আর লজ্জায় মুখই লুকোতে চাইলেন সহকারী কোচ রায়ান গিগস ছবি: রয়টার্স।

লুই ফন গালের রাতটা কেমন কাটছে কে জানে? তার আগে, দিনের বেলা প্রিমিয়ার লিগে নবাগত লেস্টার সিটির বিপক্ষে তাঁর তারকাখচিত দল যা করল, তার ব্যাখ্যাই তো খুঁজে পাওয়া দায়। রাতের বেলা বিছানায় শুয়ে ঘুমের বদলে নিশ্চয়ই লেস্টার-বিপর্যয়ের ব্যাখ্যা খোঁজার আপ্রাণ চেষ্টায় রত ফন গাল!

ব্যাখ্যা আর কী! বিপুল বিনিয়োগের ম্যানচেস্টার ইউনাইটেড দলে যে আসল জায়গাতেই বিনিয়োগ হয়নি—অনেক টাকা খরচ করে বানানো আলিশান বাড়ির চারদিকে যে দেয়ালই তোলা হয়নি।

হ্যাঁ, ম্যানচেস্টার ইউনাইটেডের কোনো ‘দেয়াল’ নেই। দেয়াল মানে ওই রক্ষণভাগ আর ​কি! প্রচুর টাকা খরচ করে আক্রমণভাগের খেলোয়াড় কেনার পর দেখা যাচ্ছে দারুণ গুরুত্বপূর্ণ এ জায়গাটিতে সত্যিকার অর্থে কোনো বিনিয়োগই হয়নি। রিও ফার্ডিনান্ড, নেমেনজা ভিদিচ, প্যাট্রিক এভরার মতো ডিফেন্ডারগুলোকে বিদায় করে দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু তাঁদের যোগ্য উত্তরসূরি খুঁজে নেওয়া হয়নি। লেস্টারের বিপক্ষে কাল প্রমাণ হলো, রক্ষণের দিকে মনোযোগ না দিয়ে ইউনাইটেড-কর্তৃপক্ষ কী ভয়াবহ ভুলই না করেছে।

লেস্টার সিটির বিপক্ষে আক্রমণ নিয়ে কোনো সমস্যা নেই। ডি মারিয়া, ফ্যালকাওরা তাঁদের নামের প্রতি সুবিচারই করেছেন। রবিন ফন পার্সি পেয়েছেন এই মৌসুমে তাঁর প্রথম গোল। সবকিছুই ঠিক। কিন্তু রক্ষণভাগটা দেখে মনে হয়েছে একেবারে অভিভাবকহীন। কাল প্রমাণ হয়ে গেছে কড়া প্রতি-আক্রমণনির্ভর দলের বিপক্ষে বড় বড় বিপর্যয়ই অপেক্ষা করছে ইউনাইটেডের কপালে। লেস্টার সিটির কাগজে-কলমে ‘দুর্বল’ আক্রমণভাগের প্রতি আক্রমণ সামলাতেই যদি এই অবস্থা হয়, তাহলে চেলসি, আর্সেনাল ও সিটির মতো প্রতিপক্ষের বিপক্ষে কী অবস্থা দাঁড়াবে, সেটা সহজেই অনুমেয়।

ইউনাইটেডের রক্ষণভাগ শেষ ২১ মিনিটেই নড়বড়ে হয়ে পড়েছিল, এ কথা বললে কিন্তু দলটির রক্ষণ-দুর্বলতাকে এক প্রকার আড়ালই করা হবে। পুরো ম্যাচে লেস্টার সিটি যতবার আক্রমণে উঠেছে, ততবারই হৃৎকম্প অনুভব করা গেছে ইউনাইটেড-রক্ষণের। শেষ ২১ মিনিটে লেস্টারের ৪ গোল সেই হৃৎকম্পের ভয়াবহ পার্শ্বপ্রতিক্রিয়াই আর কি!

ডি মারিয়া, ফ্যালকাওদের পাশাপাশি ইউনাইটেড-কর্তৃপক্ষ যদি টাকা খরচ করে দুটো ভালো ডিফেন্ডার কিনত, লেস্টারের বিপক্ষে এই দুঃস্বপ্নের দিন সমর্থকদের দেখতে হতো না—এ কথা হলফ করেই বলে দেওয়া যায়।