ফন গালের 'আবেগ'
ম্যাচ চলাকালে লুই ফন গালের দিকে তাকিয়ে বোঝার জো নেই মাঠে তাঁর দলের কী অবস্থা। দল ভালো খেলুক কিংবা খারাপ, ফন গাল মাঠে হয়ে থাকেন পুরোপুরি ‘স্পিকটি নট’। তবে পরশু আর্সেনালের বিপক্ষে ম্যাচে দেখা গেল ম্যানচেস্টার ইউনাইটেডের ডাচ কোচের ভিন্ন রূপ। রেফারির সিদ্ধান্ত নিয়ে নিজের অসন্তোষ দেখালেন। গড়াগড়িও দিলেন মাঠে!
ওল্ড ট্রাফোর্ডে আর্সেনাল স্ট্রাইকার সানচেজকে ফাউল করায় ইউনাইটেডের বিপক্ষে ফাউল দেন রেফারি। সানচেজের অতি-অভিনয়ে ত্যক্তবিরক্ত ফন গাল তা নিয়ে বিচার দিতে গেলেন চতুর্থ রেফারির কাছে। নিজের অভিযোগ একেবারে হাতে-কলমে দেখিয়ে দিলেন ইউনাইটেড কোচ। কথা বলতে বলতে পেছন দিকে ধপাস করে পড়ে গেলেন। মাটিতে শুয়ে বোঝালেন, সানচেজও এভাবেই ডাইভ দিচ্ছেন মাঠে। চতুর্থ রেফারির মন অবশ্য তাতেও গলেনি, ফাউলের সিদ্ধান্ত বদলানো হয়নি।
ম্যাচ শেষে এ নিয়ে ম্যাচ রেফারিদের কাছে ক্ষমা চেয়েছেন ফন গাল। তিনি নাকি খুব বেশি আবেগাপ্লুত হয়ে গিয়েছিলেন। স্বীকার করলেন তাঁর আবেগে বাঁধ দেওয়া দরকার! ইএসপিএন।