ফন ডাইক-ডি ইয়ংদের কোচ হলেন ফন গাল
দুটি কারণে ২০১৪ বিশ্বকাপের নেদারল্যান্ডসকে ফুটবলপ্রেমীরা মনে রেখেছেন সবচেয়ে বেশি।
প্রথমত, নির্ভরযোগ্য মিডফিল্ডার কেভিন স্ট্রুটম্যান না থাকার কারণে ৪-৩-৩ ছক থেকে ৩-৫-২ ছকে পরিবর্তিত হয়ে সে সময়কার বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে ৫–১ গোলে বিধ্বস্ত করা; দ্বিতীয়ত, মেক্সিকোর বিপক্ষে দ্বিতীয় রাউন্ডের ম্যাচটা যখন টাইব্রেকারের দিকে গড়াচ্ছিল, তখন অতিরিক্ত সময়ের একদম শেষ দিকে এসে মূল গোলকিপার ইয়াসপার চিলেসেনকে বদলে পেনাল্টি ঠেকাতে দক্ষ টিম ক্রুলকে নামানো।
দুটি বিষয়ই ছিল নেদারল্যান্ডসের সে সময়ের কোচ লুই ফন গালের চিন্তাপ্রসূত। সেবার দলকে সেমিফাইনাল পর্যন্ত তুলেছিলেন ফন গাল। সেমিতে আর্জেন্টিনার বিপক্ষে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছিল ডাচরা। দলকে ফাইনালে না তুললেও এমন উদ্ভাবনী বেশ কিছু কৌশলের কারণে সুনাম কুড়িয়েছিলেন এই পোড়খাওয়া কোচ। বিশ্বকাপের পর ফন গালের এমন চিন্তাভাবনা তাঁকে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হতে সহায়তা করেছিল।
সেই ফন গালের দিকেই আবারও হাত বাড়িয়েছে নেদারল্যান্ডস। ফ্রাঙ্ক ডি বোরের জায়গায় জাতীয় দলের কোচ হিসেবে এসেছেন ম্যানচেস্টার ইউনাইটেড, আয়াক্স, বায়ার্ন মিউনিখ, এজেড আলকমার, বার্সেলোনার সাবেক এই কোচ। ক্লাব ক্যারিয়ারে সম্ভাব্য সব শিরোপাই জিতেছেন ফন গাল। ১৯৯৫ সালে আয়াক্সকে নিয়ে জিতেছেন চ্যাম্পিয়নস লিগ, পরেরবার হয়েছিল রানার্সআপ। চ্যাম্পিয়নস লিগের রানার্সআপ হয়েছেন বায়ার্ন মিউনিখে থাকার সময়েও। লিগ জিতেছেন বায়ার্ন, বার্সেলোনা, আয়াক্স ও এজেডের মতো ক্লাবের হয়ে।
এ নিয়ে তৃতীয়বারের মতো জাতীয় দলের কোচ হলেন এই ৬৯ বছর বয়সী।
এর আগে ২০০০-২০০২ সালেও নিজের দেশের কোচ ছিলেন তিনি। সেবার নেদারল্যান্ডসের কোচ হওয়ার অভিজ্ঞতাটা ঠিক সুখকর ছিল না ফন গালের। ১৯৮৬ সালের পর ২০০২ সালে প্রথমবারের মতো বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলতে ব্যর্থ হয়েছিল সেবার ডাচরা।
২০২০ ইউরোতে ব্যর্থতার দায়ভার নিয়ে পদত্যাগ করেন ফ্রাঙ্ক ডি বোর। দ্বিতীয় রাউন্ডে চেক প্রজাতন্ত্রের কাছে অপ্রত্যাশিতভাবে ২-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় ডাচরা। পরে ডাচ বোর্ড জানায়, দলকে অন্তত ইউরোর কোয়ার্টারে তুলতে হবে, এমন শর্ত ছিল ডি বোরের চুক্তিতে। ডি বোরের জায়গায় যে ফন গাল ফিরবেন, সেটা বহুদিন ধরেই শোনা যাচ্ছিল। সেটিই আজ নিশ্চিত করল ডাচ বোর্ড।