ফন পার্সি 'স্টুপিড!'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফন পার্সির এই উদযাপনেই বিরক্ত-ক্ষুব্ধ ফন গাল ছবি: রয়টার্স
ফন পার্সির এই উদযাপনেই বিরক্ত-ক্ষুব্ধ ফন গাল ছবি: রয়টার্স

‘কী দরকার ছিল অমন উদযাপনের। গোল করে এমন কিছু হয়ে যায়নি যে জার্সি-টার্সি খুলে বিদিক হতে হবে।’ রোববার চেলসির বিপক্ষে ম্যাচে অন্তিম মুহূর্তের গোলে এক পয়েন্ট এনে দিলেও রবিন ফন পার্সিকে এ কথাগুলো বলেই বেজায় বকেছেন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ। এমনকি প্রিয় শিষ্যকে ‘স্টুপিড’ বলতেও বাধেনি তাঁর। মহামূল্যবান এ গোলটির গুরুত্ব ছাপিয়েও তাঁর কাছে ফন পার্সির উদযাপনটাই বড় হয়ে উঠল? জার্সি খুলে উদ্দাম উদযাপনের পরপরই হলুদ কার্ড দেখতে হয়েছে ডাচ স্ট্রাইকারকে। আর ফন গালের ক্ষোভটা ঠিক এই জায়গাতেই। তিনি বুঝে উঠতে পারছেন না, হলুদ কার্ড হবে জানার পরেও ফন পার্সির মতো একজন অভিজ্ঞ খেলোয়াড় এমন কাণ্ড কেন করল? পুরো বিষয়টিই তাঁর কাছে অবিবেচনাপ্রসূত মনে হয়েছে।
ফুটবলে গোল উদযাপনের সময় জার্সি খুলে ফেলাটা এখন ফুটবলের অংশই হয়ে গেছে। যাঁরা জার্সি খুলে উদযাপন করেন, তাঁদের প্রায় সবাই জানেন, এই কাণ্ডের শাস্তি অবধারিত। কিন্তু তার পরও খেলোয়াড়েরা এটা করেন, রবিন ফন পার্সি হলুদ কার্ডের বিষয়টি ভুলে গিয়েছিলেন—এ কথা খুব একটা বিশ্বাসযোগ্য নয়। কিন্তু চেলসির বিপক্ষে ‘হার বাঁচানো’ ওই গোলের পর অতশত কেন তিনি ভাবতে যাবেন। চেলসির বিপক্ষে গোল বলে কথা! প্রবল-প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে কোনো অর্জন মাঝেমধ্যেই খেলোয়াড়দের একটু উদ্দাম করে তোলে।
বিষয়টা ফন গালের চেয়ে ফন পার্সিই ভালো বোঝেন।