ফন পার্সিতে উজ্জীবিত ম্যানচেস্টার ইউনাইটেড

লুইস ফন গালের হাতে কোচের দায়িত্ব দেওয়ার হয়তো স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের সমর্থকেরা। প্রাক-মৌসুম প্রস্তুতিটাও দারুণই হয়েছিল রেড ডেভিলদের। কিন্তু প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচেই আবার হতাশ হতে হলো সমর্থকদের। নিজেদের মাঠে সোয়ানসি সিটির বিপক্ষে ২-১ গোলে হারের পর যেন ফিরে আসল গত মৌসুমের দুঃসহ স্মৃতি। তাহলে কী এবারও ব্যর্থতাই সঙ্গী হতে যাচ্ছে ইউনাইটেডের?
মাত্র একটা ম্যাচ শেষেই সবকিছুর বিচার করতে যাওয়াটা হয়তো বোকামিই। আর এই এক ম্যাচের ফলাফল দিয়ে নিশ্চয়ই ফন গালের যোগ্যতা-সামর্থ্যও বিচার করতে বসছেন না ম্যান ইউয়ের সমর্থকেরা। প্রথম ম্যাচে দলের অন্যতম প্রধান ভরসা রবিন ফন পার্সি ছিলেন না ওল্ড ট্রাফোর্ডে। সান্ডারল্যান্ডের বিপক্ষে আগামীকালের ম্যাচে ফন পার্সির উপস্থিতি যেন নতুনভাবেই উজ্জীবিত করছে ম্যানচেস্টার ইউনাইটেড শিবিরকে।
এবারের মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডকে ৩-৪-১-২ ফরমেশনে খেলার পরিকল্পনা করেছেন ফন গাল। আর এখানে ফন পার্সি পালন করবেন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা। আক্রমণভাগে জুটি বাঁধবেন ওয়েইন রুনির সঙ্গে।
তাঁদের ঠিক পেছনেই থাকবেন হুয়ান মাতা। এখন পর্যন্ত এই তিনজনকে একসঙ্গে হাজির করতে পারেননি ফন গাল। সান্ডারল্যান্ডের বিপক্ষে আগামীকালের ম্যাচেই একসঙ্গে দেখা যাবে রুনি, ফন পার্সি ও মাতাকে।
রুনি-ফন পার্সির জুটি কেমন জমে সেটা দেখার জন্য উদগ্রীব হয়ে আছেন কোচ ফন গালও। তিনি বলেছেন, ‘রবিন এখন মাঠে নামার জন্য প্রস্তুত। আমি খুবই খুশি যে সে এখন খেলতে পারবে। তাত্ত্বিকভাবে রুনির সঙ্গে তার জুটিটা খুব ভালো হওয়ার কথা। তারা দুজনেই অনেক গোল করতে পারে। আশা করছি তারা সেটা মাঠেও করে দেখাতে পারবে।’