ফন পার্সির ইচ্ছা...

আরও অনেক দিন খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছা রবিন ফন পার্সির। ডাচ স্ট্রাইকার মনেপ্রাণেই স্বপ্ন দেখেন ২০১৮ সালে রাশিয়ায় পরবর্তী বিশ্বকাপে অংশ নেওয়ার। ৩১ বছর বয়সী পার্সির বয়স চার বছরে ৩৫ হয়ে গেলেও সেটা কোনো সমস্যা করবে না বলেই মনে করেন তিনি। শুধু তা-ই নয়, ফুটবল ক্যারিয়ারটা ৪০ পর্যন্ত টেনে নিয়ে যাওয়ারও একটা সুপ্ত বাসনা আছে তাঁর।
দেখতে দেখতে তিনটি বিশ্বকাপ খেলা হয়ে গেল পার্সির। ২০০৬ সালে হল্যান্ড দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিলেও পরের দুবারই বিশ্বকাপ জয়ের খুব কাছেই চলে এসেছিল। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের ফাইনালিস্ট হল্যান্ড এবারও ছিল বিশ্বকাপ জয়ের অন্যতম ফেবারিট। কিন্তু চিরাচরিত নিয়মে ১৮ ক্যারেটের সোনার কাপটা ছুঁয়ে দেখা হয়নি ডাচদের। দুরন্ত ফুটবল খেলে ব্রাজিলে হল্যান্ডের তৃতীয় হওয়াটাকে তাদের চিরাচরিত দুর্ভাগ্য হিসেবেই ধরে নিয়েছেন অনেকে। ফন পার্সির আকাঙ্ক্ষা, আগামী বিশ্বকাপটা খেলে যদি দেশকে বিশ্বকাপ এনে দিতে পারেন, তাহলে সেটা হবে তাঁর ক্যারিয়ারের অনন্য এক অর্জন। সেই আকাঙ্ক্ষা থেকেই কি না, চার বছর পরের লক্ষ্যটা এখনই ঠিক করে ফেলেছেন তিনি।
হল্যান্ডের একটি পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে পার্সি জানিয়েছেন তাঁর আকাঙ্ক্ষাটা, ‘আমি জানি ২০১৮ সালে আমার বয়স ৩৫ হয়ে যাবে। তবে বয়স কোনো সমস্যা নয়। রাশিয়ার বিশ্বকাপে খেলতে আমি সর্বস্ব দিয়েই চেষ্টা চালাব। চেষ্টা চালাব হল্যান্ডকে বিশ্বকাপ এনে দিতে। যদি পারি, সেটা হবে আমার ক্যারিয়ারের অনন্য সাফল্য।’
জাতীয় দলে খেলার পাশাপাশি পেশাদারি ফুটবলে ৪০ পর্যন্ত খেলে যেতে চান পার্সি, ‘এই মুহূর্তে আমার বয়স ৩১। আমি ৪০ বছর বয়স পর্যন্ত সর্বোচ্চ পর্যায়ে খেলতে চাই। ৪০ আসতে এখনো নয় বছর বাকি। চল্লিশে হয়তো বড় কোনো ক্লাবে খেলব না। তবে পেশাদারি ফুটবলটা চালিয়ে যেতে চাই।’
হল্যান্ডের হয়ে আর মাত্র আটটি আন্তর্জাতিক ম্যাচ খেললেই সেঞ্চুরি পূরণ করবেন পার্সি। বর্তমান বিশ্বের অন্যতম সেরা এই স্ট্রাইকার ইতিমধ্যেই ডাচদের কমলা জার্সি গায়ে করে ফেলেছেন ৪৭ গোল। সংখ্যাটা তাঁকে হল্যান্ডের সর্বকালের সেরাদের তালিকাতেই স্থান দিয়েছে। সূত্র: মেইল অনলাইন।