ফন পার্সির বদলে অধিনায়ক রোবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লুই ফন গাল ও গাস হিডিঙ্কের হল্যান্ড দলের অধিনায়ক ছিলেন রবিন ফন পার্সি। হিডিঙ্কের জায়গায় কোচ হয়ে ড্যানি ব্লিন্ড অধিনায়ক হিসেবে বেছে নিলেন আরিয়েন রোবেনকে। ইউরো ২০১৬ বাছাইপর্বে আইসল্যান্ড ও তুরস্কের বিপক্ষে দুটি ম্যাচের জন্য হল্যান্ড দল ঘোষণার সময় নতুন অধিনায়কের নামও জানিয়ে দিয়েছেন ব্লিন্ড। ম্যাচ দুটি হবে আগামী বৃহস্পতি ও রোববার।
২০১৪ বিশ্বকাপে হল্যান্ডের অধিনায়ক ছিলেন ফন পার্সি। অধিনায়কত্ব নিয়ে সহ-অধিনায়ক রোবেনের সঙ্গে তাঁর মনোমালিন্যের গুঞ্জন শোনা গিয়েছিল তখন। দুজনই অবশ্য উড়িয়ে দিয়েছিলেন সেই গুঞ্জন। অধিনায়ক ও সহ-অধিনায়ক পদে অদলবদলের কারণ হিসেবে ব্লিন্ড বলেছেন, ‘ওদের ফুটবল-দক্ষতা দেখে সিদ্ধান্তটি নিইনি আমি। নেতৃত্বগুণে ফন পার্সি ও রোবেন কেউই কারও চেয়ে কম নয়। তবে আমার মাঠে দাপট বেশি, এমন একজন নেতা দরকার।’
ফন পার্সিও সাদরেই বরণ করে নিচ্ছেন নতুন অধিনায়ককে, ‘কোচের সঙ্গে কথা হয়েছিল। নিজের অধিনায়ক বেছে নিতে চেয়েছিলেন তিনি। দলের অন্য সবার মতো আমিও সব সময় আরিয়েনের কথাই বলেছি।’ রয়টার্স।