ফয়সালের হ্যাটট্রিকে চ্যাম্পিয়নের মতোই শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের হ্যাটট্রিক-নায়ক ফয়সালকে আটকানোর চেষ্টা শ্রীলঙ্কান ফুটবলারের। কাল নেপালের আনফা কমপ্লেক্স মাঠে l ছবি: বাফুফে
বাংলাদেশের হ্যাটট্রিক-নায়ক ফয়সালকে আটকানোর চেষ্টা শ্রীলঙ্কান ফুটবলারের। কাল নেপালের আনফা কমপ্লেক্স মাঠে l ছবি: বাফুফে

অনেক দিন পর ফুটবলে দাপটের সঙ্গে একটা ম্যাচ জিতেছে বাংলাদেশ। স্ট্রাইকার ফয়সাল আহমেদের হ্যাটট্রিকে শ্রীলঙ্কা উড়ে গেছে ৪-০ গোলে। আর বড় এই জয় দিয়েই নেপালে অনূর্ধ্ব-১৫ সাফ চ্যাম্পিয়নশিপ শুরু করেছে চ্যাম্পিয়ন বাংলাদেশ।

নেপালের আনফা কমপ্লেক্স মাঠে কাল শুরু থেকেই প্রাধান্য নিয়ে খেলেছে বাংলাদেশের দলটি। প্রথমার্ধে ৩ গোল করে ম্যাচ পকেটে পুরে ফেলে কিশোরেরা। ২৮ মিনিটে গোলের খাতা খোলে কিশোরগঞ্জের ছেলে ফয়সাল। বক্সের ওপর থেকে তার শট খুঁজে নেয় জাল। ৩২ মিনিটে সেই ফয়সালই করে ২-০। বিরতির ঠিক আগে বক্সের কোনা থেকে নাজমুল বিশ্বাসের শটে ৩-০। ৭৪ মিনিটে হয়েছে ফয়সালের হ্যাটট্রিক।

আগামীকাল ভুটান-শ্রীলঙ্কা ম্যাচ। এই ম্যাচ ড্র হলে দ্বিতীয় ও শেষ গ্রুপ ম্যাচের আগেই বাংলাদেশ উঠে যাবে শেষ চারে। ওই ম্যাচে হারলেও ক্ষতি নেই। সেমিফাইনালে ওঠার জন্য ২২ আগস্ট ভুটানকে পাবে বাংলাদেশ। তবে কালকের জয়ে বলতে গেলে সেমিতে এক পা দিয়েই রেখেছে ফয়সালরা। বাংলাদেশের লক্ষ্য অবশ্য আরও বড়। ২০১৫ সালে সিলেট স্টেডিয়ামে ভারতকে হারিয়ে জেতা অনূর্ধ্ব-১৬ সাফ শিরোপা ধরে রাখা।

বাংলাদেশ দলের ম্যানেজার অমিত খান কাঠমান্ডু থেকে প্রথম আলোকে ফোনে বললেন সেটাই। বাংলাদেশ দারুণ খেলেছে। এই জয়ে সবাই খুব খুশি। তাঁর কথা, ‘আক্রমণাত্মক ফুটবল খেলেছি আমরা। গোল যদিও চারটি হয়েছে, তবে নষ্ট হয়েছে আরও কয়েকটি। নইলে জয়ের ব্যবধান হতে পারত আরও বড়।’

বয়সভিত্তিক পর্যায়ে শ্রীলঙ্কা কখনো বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারেনি। ২০১১ সাফ চ্যাম্পিয়নশিপে (অনূর্ধ্ব-১৬) বাংলাদেশ শ্রীলঙ্কাকে ৬-২ গোলে বিধ্বস্ত করেছিল এই নেপালের মাটিতে। হ্যাটট্রিক করেছিল বাংলাদেশের সেই দলটির অধিনায়ক মেজবাহ। এরপর আরও দুবার বয়সভিত্তিক ফুটবলে শ্রীলঙ্কাকে হারায় বাংলাদেশ। তবে এবারও বাংলাদেশকে আসল পরীক্ষা দিতে হবে সেমিফাইনালের সম্ভাব্য প্রতিপক্ষ ভারত বা নেপালের বিপক্ষে।