ফরাশগঞ্জের প্রথম পয়েন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়ের আশা নিয়ে বঙ্গবন্ধু স্টেডিয়ামে এসেছিলেন ফরাশগঞ্জের কোচ রেজাউল হক। প্রতিপক্ষ ফেনী সকার বলেই তাঁর স্বপ্নের সীমা বিস্তৃত হয়েছিল অনেক। কিন্তু ম্যাচ শেষে রাগে গজরাতে থাকলেন ডাগ-আউটে। ফেনী সকারের সঙ্গে যে জয় এল না। তবু গোলশূন্য ড্র-ও তো কম নয়। এটি যে তাদের প্রথম পয়েন্ট!
ফরাশগঞ্জের ক্লাব সভাপতি সদ্য শেষ হওয়া ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে ছিলেন কাউন্সিলর প্রার্থী। নির্বাচনী প্রচারণায় কয়েক দিন ধরে তাঁকে সঙ্গ দিতে হয়েছে কোচ ও কয়েকজন খেলোয়াড়কে। মাঠও খালি পাওয়া যায়নি। কাল ম্যাচের আগে শুধু ওয়ার্মআপ করে বঙ্গবন্ধু স্টেডিয়ামে এসেছিলেন ফরাশগঞ্জের খেলোয়াড়েরা। পেশাদার ফুটবল লিগের সঙ্গে যা একেবারেই বেমানান।
তবু ফেনী সকারের মতো ফরাশগঞ্জও গোলের সুযোগ তৈরি করেছে। সকারের বিদেশি খেলোয়াড় মুস্তফা ও সিসে ডাওডা বেশ কয়েকবার ফরাশগঞ্জ গোলরক্ষককে একা পেয়েও ব্যর্থ। শেষ মিনিটে ফরাশগঞ্জ মিডফিল্ডার পিটারের গোলের সুযোগ নষ্ট করতে দেখে রেগেই গিয়েছিলেন কোচ।
লিগের পঞ্চম ম্যাচে প্রথম পয়েন্ট পেল ফরাশগঞ্জ। ১১ দলের লিগে তলানিতে তারা। তবে অবনমন-শঙ্কা নাকি নেই কোচের, ‘লিগের এখনো অনেক বাকি। আশা করি, অবনমিত হব না।’
৫ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে আটে ফেনী সকার। অবনমনের শঙ্কামুক্ত হতে তাদেরও পাড়ি দিতে হবে কঠিন পথ।