ফরাশগঞ্জের বাকি তিন ম্যাচ হচ্ছে না
শেখ রাসেলের খেলোয়াড় মিঠুন চৌধুরীকে হলুদ কার্ড দেখিয়েছেন রেফারি। কিন্তু তাঁকে লাল কার্ড দিতে হবে—এমন দাবি তুলে মাঠই ছেড়ে যায় ফরাশগঞ্জ। মাঠ ছেড়ে যাওয়ার শাস্তি কঠোর, এ নিয়ে কোনো দ্বিমত নেই। পরশু রাতে বাফুফের শৃঙ্খলা কমিটি ফরাশগঞ্জকে চলতি মৌসুমসহ আগামী মৌসুমেও প্রিমিয়ার লিগে নিষিদ্ধ করে।
কিন্তু ফরাশগঞ্জ আগামী মৌসুমে পেশাদার লিগের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপে খেলতে চাইলে কী হবে সে ব্যাপারে কিছু বলা হয়নি। শুধু প্রিমিয়ার লিগে নিষিদ্ধ করার কথা বলা হয়েছে। সঙ্গে ৪ সেপ্টেম্বরের মধ্যে ৫ লাখ টাকা জরিমানা ও লিগের অংশগ্রহণ ফি বাবদ পাওয়া ১৩ লাখ টাকাও ফেরতে দিতে হবে ফরাশগঞ্জকে। জানানো হয়েছে, গত সোমবার ফরাশগঞ্জের বিপক্ষে পরিত্যক্ত সেই ম্যাচে শেখ রাসেলকে ৩-০ গোলে জয়ী ঘোষণা করা হয়েছে। ফরাশগঞ্জের বাকি তিন ম্যাচের প্রতিপক্ষকেও একই ব্যবধানে আগাম জয়ী ঘোষণা করেছে বাফুফে।
ফরাশগঞ্জের ফুটবল সম্পাদক বাবুরাম কাল জানিয়েছেন, শাস্তির বিরুদ্ধে আপিল করা হবে। শাস্তি কমানোর আবেদন জানিয়ে কাল চিঠিও দেওয়া হয়েছে ফেডারেশনে। বাবুরামের দাবি, মাঠ থেকে সেদিন না খেলে যেতে চায়নি দল। রেফারি তাঁদের না জানিয়েই খেলা শেষ করেছেন! যদিও সবাই দেখেছেন, রেফারি নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করে নিয়ম অনুযায়ীই শেষ বাঁশিই বাজিয়েছেন।