ফরাসি জাদুকরের জন্মদিনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৪৮–এ পা রাখলেন ফ্রান্সের ফুটবল কিংবদন্তি জিনেদিন জিদান
৪৮–এ পা রাখলেন ফ্রান্সের ফুটবল কিংবদন্তি জিনেদিন জিদান
'ফ্রান্সে সবাই বিশ্বাস করে ঈশ্বর আছেন, আর তিনি আমাদের জাতীয় দলের হয়ে খেলেন'— সতীর্থ থিয়েরি অঁরির এই একটা কথা কী যথেষ্ট নয় আজ আটচল্লিশে পা রাখা জিনেদিন ইয়াজিদ জিদানকে বোঝানোর জন্য?

জুলাইয়ের প্রথম দিন, ২০০৬।

বিশ্বকাপ রক্ষার লড়াইয়ে ফ্রান্সের বিপক্ষে মাঠে নামছেন রোনালদো, রোনালদিনহো, কাকা ও রবার্তো কার্লোসরা। বেঞ্চে চিন্তিত মুখে বসে আছেন এক যুগ আগে ব্রাজিলকে বিশ্বজয়ের আনন্দে ভাসানো ম্যানেজার কার্লোস আলবার্তো পেরেইরা। আবারও সেই অর্জনের পুনরাবৃত্তি করার জন্য যার ওপর ভরসা রেখেছে ব্রাজিল। কোয়ার্টার ফাইনাল পর্যন্ত উঠতে তেমন কোনো সমস্যা না হলেও আজ পেরেইরার কপালে চিন্তার ভাঁজ স্পষ্ট।

মাঠে ১০ নম্বর সাদা জার্সি পরে শিষ্য রোনালদোর সঙ্গে হাসি-তামাশা করা ওই টেকো ছেলেটাই যত চিন্তার কারণ।

টানা দুবার ব্রাজিলের শিরোপা জয়ের স্বপ্নে কেউ ছেদ টানতে পারলে এই ছেলেই পারবে, ব্রাজিল কোচ বেশ ভালো করে জানেন। হোক তাঁর বয়স চৌত্রিশ, তাতে কী? এখন হয়তো ম্যাচের পর ম্যাচ জ্বলে উঠতে পারে না ছেলেটা, কিন্তু যে এক ম্যাচে ঝলসে ওঠে, পুড়ে খাক হয় প্রতিপক্ষ। সদ্যই আগের রাউন্ডের ম্যাচে স্পেনের বিপক্ষে গোল করে ফর্মে ফেরার আভাস দিয়েছে, পেরেইরা  চিন্তা না করে যান কোথায়?

এই এক ছেলের চিন্তাতেই নিজের পরীক্ষিত ৪-২-৪ ছকে পরিবর্তন এনেছেন ব্রাজিল কোচ। আক্রমণভাগে রোনালদো, রোনালদিনহো, কাকা ও আদ্রিয়ানো এতদিন মূল একাদশে খেললেও, ওই এক ছেলের ভয়ে আদ্রিয়ানোকে কোয়ার্টার ফাইনালের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে শুরুর একাদশ থেকে 'বলি' দিলেন পেরেইরা। মাঠের ধারাভাষ্যকার যন্ত্রের মতো গলায় বলে যাচ্ছেন, দ্বিতীয় রাউন্ডে ঘানার বিপক্ষে ম্যাচে 'হালকা চোট' পেয়েছেন আদ্রিয়ানো, তাই মূল একাদশে নেই তিনি। তাঁর জায়গায় মূল দলে আছেন রক্ষণাত্মক মিডফিল্ডার জিলবার্তো সিলভা।

'হালকা চোট না ছাই!,' সেদিন ধারাভাষ্যকারের বয়ান শুনে পাহেইরা মনে মনে কথাগুলো আওড়েছিলেন কি না, কে জানে। আর কেউ না জানুক, তিনি তো জানেন, আদ্রিয়ানোর জায়গায় জিলবার্তোকে খেলিয়ে পরীক্ষিত ৪-২-৪ ছক থেকে সরে এসে মিডফিল্ডে বাড়তি এক মানুষ এনে ৪-৩-৩ ছকে চলে যাওয়ার পরিকল্পনা তো ওই চৌত্রিশ বছরের হ্যাংলা ছেলেটাকে আটকানোর জন্যই!

পাহেইরার মনে এখনও উজ্জ্বল আগের বছরের চ্যাম্পিয়নস লিগে হওয়া রিয়াল মাদ্রিদ বনাম আর্সেনাল ম্যাচটা। নকআউট পর্বের সে ম্যাচে হ্যাংলা ছেলেটার পায়ে বেড়ি পরিয়ে রেখেছিল জিলবার্তো, গোটা ম্যাচ। থিয়েরি অঁরির গোলে আর্সেনাল রিয়ালকে দর্শক বানিয়ে উঠে যায় পরের রাউন্ডে। আর্সেন ওয়েঙ্গারের সেই পরিকল্পনা মনে মনে টুকলি করে নিলেন যেন পারেইরা।

আজকেও জিলবার্তো সেই কাজটাই করবে। যে কাজটা করেছিল এক বছর আগে। জোঁকের মতো পিছে লেগে থাকবে ছেলেটার। সঙ্গে মিডফিল্ডে জিলবার্তোকে সাহায্য করার জন্য জুনিনহো পারমানবুকানো আর জে রবার্তো তো আছেই।

পারেইরার পরিকল্পনাকে হাস্যাস্পদ বানাতে চল্লিশ সেকেন্ডও সময় নিলেন না টেকো মাথার হ্যাংলা সেই ছেলেটা।

মাঝমাঠে ফ্র্যাঙ্ক রিবেরি ও উইলি সানিওলের ক্লিয়ার করা বলটা নিমেষেই জুনিনহো-জে রবার্তোর জটলা থেকে বের করে এনে জিলবার্তোর সামনে অলসভাবে একবার স্টেপওভার করলেন। বিস্ময়ভরে পিছনে ঘুরে জিলবার্তো যখন তাকালেন, টেকো লোকটা ততক্ষণে বলটা বাড়িয়ে দিয়েছে স্ট্রাইকার থিয়েরি অঁরির দিকে। অঁরির দিকে বাড়ানো পাসটা একটু জোরেই মারা হয়েছিল, লাভ হয়নি। কিন্তু এক-দুই সেকেন্ড আগে ব্রাজিলের গোটা মিডফিল্ডকে যেভাবে বোকা বানালেন, 'মর্নিং শোজ দ্য ডে' প্রবাদটার কথা সত্যি মানলে তাতেই প্রমাণিত হয়ে গেছে, এক বছর আগের মতো সেদিন অন্তত টেকো লোকটার পায়ে বেড়ি পরাতে পারছেন না জিলবার্তো।

তিনি জিনেদিন ইয়াজিদ জিদান। সমর্থকদের প্রিয় 'জিজু'। 'শোম্যানশিপ' এর অনন্য এক উদাহরণ।

বাকী ম্যাচে এভাবেই জিলবার্তোদের নিয়ে ছেলেখেলা করেছিলেন জিদান। জিদানের আলোর ছটা সেদিন এতই বেশি ছিল, ক্লাব-সতীর্থকে আটকাতে গিয়ে সেদিন হলুদ কার্ড দেখতে হয়েছিল রোনালদোকে। চার বছর আগে ইয়োকোহামা স্টেডিয়ামে বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরা ব্রাজিল অধিনায়ক কাফুকে মাঠ থেকে বের হয়ে যেতে হয়েছিল ম্যাচ পুরো শেষ না হতেই, তাঁকে এতটাই ফিকে লাগছিল জিদানের সামনে। কাকা-রোনালদিনহো, সবারই একই হাল। পরে 'চোটে পড়া' আদ্রিয়ানো বা রবিনহো নেমেও ব্রাজিলের ভাগ্য বদলাতে পারেননি।

জিদান এমনই। খেলোয়াড় বা কোচ, যেকোনো ভূমিকাতেই যখন ফর্মে থাকবেন, নিরুপায় হয়ে প্রতিপক্ষের চেয়ে থাকা ছাড়া কোনো কাজ থাকবে না।

ঘড়ির কাঁটা আরও দুবছর পেছানো যাক। লিসবনের মাঠে লড়ছে ফ্রান্স-ইংল্যান্ড। ম্যাচটা যে জিতবে, নিজেদের গ্রুপে সুবিধাজনক অবস্থানে থাকবে। ২৮ মিনিটে ডেভিড বেকহামের পাস থেকে করা ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের গোলে উদ্দীপ্ত ইংরেজ শিবির যখন সে লক্ষ্য অর্জনের দ্বারপ্রান্তে, তখনই ঘুম ভাংলো জাদুকরের।

ঘড়ির কাঁটা পেরিয়েছে নব্বই মিনিট। যোগ করা সময়ের প্রথম মিনিটে দুর্দান্ত এক ফ্রি-কিকে সমতায় ফেরালেন দলকে। তার এক মিনিট পরেই পেনাল্টি পেল ফ্রান্স। নেভিল-ল্যাম্পার্ডদের তখনও বিশ্বাস হয়নি, একটু আগেই ফ্রি-কিক থেকে গোল করা লোকটার মানসিক জোর এত বেশি, যে ফ্রি-কিকের পর পেনাল্টিতেও সফল হবেন।

বেকহাম বুঝেছিলেন। সদ্যই ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রিয়ালে যাওয়া ইংলিশ তারকা জানতেন, ফোকাস ধরে রাখতে পারলে নতুন সতীর্থের মনঃসংযোগ কতটা ইস্পাত কঠিন। হতাশায় কোমরে হাত এইজন্যই বুঝি চলে গিয়েছিল তাঁর!

বেকহামের শঙ্কাই সত্যি প্রমাণিত হয়। জিদান-জাদুতে ২-১ গোলের জয়ে মাঠ ছাড়ে ফ্রান্স।

কিন্তু ওই যে! ফোকাস ধরে রাখা।

গোটা ক্যারিয়ারে হাতেগোনা কয়েকবার ফোকাস হারিয়েছিলেন। যার সবচেয়ে বড় মাশুল দিতে হয়েছিল সেই ২০০৬ বিশ্বকাপের ফাইনালে। জাদুকরের জন্মদিনে বিজ্ঞ পাঠকদের সে বিষাদের কথা নাহয় না-ই মনে করালাম!

কোচ হিসেবে যাদের পেয়েছিলেন, তাঁরা প্রত্যেকেই জিদানের ক্ষমতার ওপর ভরসা রাখতেন। তৎকালীন জুভেন্টাস কোচ মার্সেলো লিপ্পি তো বলেই দিয়েছেন, জিদান এমন কিছু পারেন না, যা লিপ্পিকে শেখানো লাগবে। ভিসেন্তে দেল বস্ক থেকে শুরু করে রেমন্ড ডমেনেখ, কিংবা কার্লো আনচেলত্তি—সবাই জিদানের পা কে কথা বলার অনুমতি দিয়েছেন প্রত্যেক ম্যাচে। কোচ হিসেবে জিদান নিজেও এই দর্শনে বিশ্বাসী। যে কারণে হালের পেপ গার্দিওলা, ইয়ুর্গেন ক্লপের খেলানোর স্টাইলকে একটা নির্দিষ্ট দর্শনে গণ্ডিবদ্ধ করা গেলেও, জিদানেরটাকে যায় না।

ফলাফল? রিয়াল মাদ্রিদকে টানা তিনবার চ্যাম্পিয়নস লিগ জেতানো।

যে কারণে তিনবার চ্যাম্পিয়নস লিগ জয়ের পর ক্লাব ছেড়ে দিয়ে আবারও নিজের প্রিয় ক্লাবে ফিরতে চাওয়ার ইচ্ছে ব্যক্ত করার সঙ্গে সঙ্গে ফ্লোরেন্তিনো পেরেজের মতো পোড় খাওয়া সভাপতি সোলারি-মরিনহোদের দিকে ফিরেও তাকান না। নির্দ্বিধায় বরণ করে নেন বার্নাব্যুর খেয়ালী সন্তানকে।
যুদ্ধকে কেউ কখনও ভক্তিভরে স্মরণ করতে পারে? গত শতাব্দীর পঞ্চাশের দশকে হওয়া আলজেরিয়ার যুদ্ধকে ফরাসিরা হয়তো ভক্তিভরেই স্মরণ করবে। হয়তো রিয়াল মাদ্রিদ সমর্থকেরাও করবেন। কারণ ওই একটাই। যুদ্ধটা না বাঁধলে ইসমায়েল আর মালিকা জিদান হয়তো দেশ ছেড়ে ফ্রান্সের মার্শেইতে পাড়ি জমাতেন না, আর তাঁরা না আসলে হয়তো জিনেদিন ইয়াজিদ জিদানের জন্ম ফ্রান্সের মাটিতে হতো না। ফ্রান্সে না খেলে তখন জিদান হয়তো আলজেরিয়ার হয়ে খেলতেন, ফুটবলীয় সাফল্যের মাপকাঠিতে হয়তো এতটা সফলও হতেন না, যেমনটা এখন হয়েছেন, হয়ে যাচ্ছেন।


জিদানের মাহাত্ম্য তো এখানেই!