ফরাসি ফুটবলের ইতিহাস লিখতে চান এমবাপ্পে

চ্যাম্পিয়নস লিগে ফ্রান্সের ইতিহাসটা নতুন করে লিখতে চান এমবাপ্পেছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিলিয়ান এমবাপ্পে এক যুগ আগে খেলতেন এএস বন্ডির বয়সভিত্তিক দলে। সে সময়ে বুট নিয়ে এক স্মৃতি কাল টুইট করেন পিএসজি তারকা, ‘২০০৮ সালে আমার বাবা-মা টাকা জমিয়ে মারকুরিয়াল পিঙ্ক প্যান্থারের প্রথম সংস্করণ কিনে দিয়েছিল, কিংবদন্তি ফ্রাঙ্ক রিবেরি এটা পরতেন। এখন ২০২০ সালে তার নতুন সংস্করণ পরে চ্যাম্পিয়নস লিগ ফাইনাল খেলব।’

সত্যিই এমবাপ্পের আর তর সইছে না! তাঁর ভাষায়, চ্যাম্পিয়নস লিগ জিততেই যোগ দিয়েছেন পিএসজিতে। ২০১৭ সালে মোনাকোর হয়ে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে খেলেছিলেন এমবাপ্পে। কিন্তু ফাইনাল খেলার স্বাদ পাচ্ছেন এই প্রথম। আজ রাতে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে পিএসজি। ফরাসি ক্লাবকে প্রথমবারের মতো ইউরোপ-সেরা করতে বদ্ধপরিকর এমবাপ্পে। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ঠিক এ কারণেই আমি এখানে (পিএসজি)। সব সময় বলেছি আমি ফরাসি ফুটবলের ইতিহাস লিখতে চাই। কাল (আজ রাতে) তা করার আরেকটি সুযোগ পাচ্ছি।’

ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জিতেছেন ২১ বছর বয়সী এ ফরোয়ার্ড। এখন তাঁর সামনে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের শীর্ষ শিরোপাজয়ের সুযোগ। পিএসজিতে আসার সময়ের সঙ্গে এখনকার পার্থক্যটাও বুঝিয়ে বলেন এমবাপ্পে, ‘২০১৭ সালে যখন পিএসজিতে এলাম, ক্লাব নানারকম সমস্যায় ছিল। এখন আমরা ফাইনালে। আমরা যে কখনো হাল ছাড়িনা এটাই তার প্রমাণ। ফরাসি কোনো দলের জন্য চ্যাম্পিয়নস লিগ জয়টা হবে দুর্দান্ত ব্যাপার। এ কারণেই এখানে (পিএসজি) সই করেছি।’

প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখ নিয়ে তাঁর ভাষ্য, ‘মিউনিখ অসাধারণ দল। তবে সব দলেরই খুঁত থাকে। আমরা জানি তারা খেলার ধারা পাল্টাতে অপছন্দ করে। কাল (আজ) তাদের সঙ্গে খেলতে মুখিয়ে আছি।’ লিসবনে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে গ্যালারিতে থাকছে না কোনো দর্শক। করোনাভাইরাস সংক্রমণ এড়াতে এ ব্যবস্থা নেওয়া হলেও ফাইনালটা ফাইনালই থাকবে বলে মনে করেন এমবাপ্পে, ‘হ্যাঁ, দর্শকহীন ম্যাচে খেলাটা কঠিন। মাঠে সমর্থক তো আশা করি, তবে আমরা জানি তারা সমর্থন দেবেন। (দর্শক না থাকলেও) এটা তবু কিন্তু চ্যাম্পিয়নস লিগ ফাইনালই থাকছে, বছরটা আমাদের জন্য বিশেষ কিছু।’

চ্যাম্পিয়নস লিগে এর আগে একবারই ফ্রান্সের কোনো ক্লাব শিরোপা জিতেছিল। ১৯৯৩ সালে অলিম্পিক মার্শেইয়ের সেই গৌরবের ইতিহাস ২৭ বছরের পুরোনো। এবার পিএসজি নতুন ইতিহাস লিখতে পারবে কিনা, সেটি দেখার অপেক্ষাতে সবাই।