ফরাসিদের রুখে দিল মার্কিনরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একমাত্র গোলটির পর কিলিয়ান এমবাপের উদ্‌যাপন। ছবি: এএফপি
একমাত্র গোলটির পর কিলিয়ান এমবাপের উদ্‌যাপন। ছবি: এএফপি

ইতালির বিপক্ষে ৩-১ গোলে দুর্দান্ত জয়ের পর যুক্তরাষ্ট্রের সঙ্গে ১-১ গোলে ড্র ফ্রান্স–সমর্থকদের মানতে কষ্ট হবে হয়তো। কিন্তু ১৯৯৮ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা শনিবার রাতে ঘরের মাঠে প্রীতি ম্যাচে যুক্তরাষ্ট্রের সঙ্গে ১-১ গোলের সমতা নিয়েই মাঠ ছাড়ে।

ম্যাচজুড়ে আধিপত্য ছিল ফরাসিদেরই। বল দখল আর ফ্রান্সের একের পর এক আক্রমণে মার্কিনরা খেই হারিয়ে ফেলে শুরুতেই। সেটা কাজে লাগানোর সুযোগও পায় ফ্রান্স। ম্যাচের পঞ্চম মিনিটে পগবার বুলেটগতির শট পোস্টে আটকে না গেলে তখনই এগিয়ে যেত ফ্রান্স।

এরপর মিনিট ত্রিশেক ফরাসিদের আক্রমণ সামলাতেই ব্যস্ত থাকে যুক্তরাষ্ট্র। কোনোমতে সফলও হয় তারা। ৩৬তম মিনিটে কিলিয়ান এমবাপে দুবারের চেষ্টায় গোল দিতে ব্যর্থ হন। মিনিট দুয়েক পর আঁতোয়ান গ্রিজমানের শট পোস্ট ঘেঁষে চলে যায়।

ফ্রান্সের ভাগ্যটা খারাপই ছিল বলা যায়। তা না হলে এমন খেলেও উল্টো গোল হজম করতে হবে কেন! ম্যাচের ৪৪তম মিনিটে পাল্টা-আক্রমণে উঠে আসা যুক্তরাষ্ট্রের খেলোয়াড়ের বল ক্লিয়ার করতে ব্যর্থ হন ফরাসি ডিফেন্ডার স্যামুয়েল উমতিতি। ফাঁকা বল পেয়ে জালে জড়াতে ভুল করেননি মার্কিন ফরোয়ার্ড জুলিয়ান গ্রিন।

দ্বিতীয়ার্ধে শুরুতেই অঘটনের শিকার হয় দেশমের দল। যুক্তরাষ্ট্রের ডি-বক্সে উঁচুতে উঠে হেড করতে গিয়ে মাথায় আঘাত পান অলিভার জিরু। মাথায় ব্যান্ডেজ নিয়ে মাঠ ছাড়তে হয় চেলসি ফরোয়ার্ডকে। তাঁর বদলি হিসেবে মাঠে নামেন উসমান ডেম্বেলে।

দ্বিতীয়ার্ধে এমবাপের দুর্দান্ত শটেও গোল পায়নি স্বাগতিকেরা। ‍৬৯তম মিনিটে তাঁর ফ্রি কিক পোস্ট ঘেঁষে চলে যায়। পুরো খেলায় যুক্তরাষ্ট্রকে চাপের মধ্যে রাখা ফ্রান্স গোলের দেখা পায় ৭৮তম মিনিটে। পাভার্দের পাস থেকে নিচু শটে কিলিয়ান এমবাপে যুক্তরাষ্ট্রের জালে বল জড়ান। সমতায় ফেরে দিদিয়ের দেশমের শিষ্যরা।
এরপর ফ্রান্সের আক্রমণভাগের খেলোয়াড়দের কিছু শট আটকে দেন যুক্তরাষ্ট্রের গোলরক্ষক। সমতা নিয়েই সন্তুষ্ট থাকতে হয় ফরাসিদের।