ফর্ম নাকি পিচ্ছিল হাত - কোনটা ভোগাচ্ছে আমিরকে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পড়ল আরেকটা ক্যাচ, সঙ্গে পুড়ল আমিরের কপালও। ছবি: এএফপি
পড়ল আরেকটা ক্যাচ, সঙ্গে পুড়ল আমিরের কপালও। ছবি: এএফপি

অনেক আলোচনা জন্ম দিয়ে ফিরে এসেছেন মোহাম্মদ আমির। কিন্তু জানুয়ারিতে ফেরার পর থেকেই দু–একটি মুহূর্ত বাদে একদমই অনুজ্জ্বল এই পেসার। উইকেট তুলে নেওয়ার ক্ষমতার জন্য সুখ্যাতি ছিল যাঁর, সেই আমির উইকেটই পাচ্ছেন না তেমন। তবে আমির সে দায় দলের ফিল্ডারদের কাঁধেও তুলে দিতে পারেন। আমিরের বলে যে পড়ছে একের পর এক ক্যাচ। এই সময়ে সব মিলিয়ে ১৭-১৮ বারের মতো আমির উইকেটবঞ্চিত হয়েছেন ফিল্ডাররা ক্যাচ ঠিকমতো ধরতে না পারায়!
গত হ্যামিল্টন টেস্টে হেরে নিউজিল্যান্ডের কাছে ধবলধোলাই হয়েছে পাকিস্তান। ২ টেস্টে আমিরের পারফরম্যান্সও আহামরি কিছু নয়। ৪ ইনিংসে ৭ উইকেট এ বাঁহাতি পেসারের। ক্রাইস্টচার্চ টেস্টে প্রত্যাবর্তনের পর সেরা বোলিংটা (৪৩/৩) করলেও নিষিদ্ধ হওয়ার আগের সেই আমিরের দেখা এখনো পায়নি পাকিস্তান। ক্যারিয়ারের প্রথম ১৪ টেস্টে ৫১ উইকেট পাওয়া আমির ফিরে আসার পর ৮ ম্যাচে পেয়েছেন ২৫ উইকেট। স্ট্রাইক রেট দেখুন। ২০১০ সালে নিষিদ্ধ হওয়ার আগে উইকেট প্রতি ৫৬ বল খরচ হতো আমিরের। আর গত ৮ টেস্টে প্রতিটি উইকেটে আমিরকে খরচ করতে হয়েছে ৭৪ বল।
কিন্তু সে দায় পুরোপুরি আমিরেরও নয়। হ্যামিল্টন টেস্টেই মোট ৪টি ক্যাচ পড়েছে আমিরের বলে। কেন উইলিয়ামসনের ক্যাচটি নিজে ফেলেছেন। বাকি তিনটি ক্যাচই ফেলেছেন সামি আসলাম। এই ক্যাচ ফেলে দেওয়াটা প্রভাব ফেলছে আমিরের বোলিং পরিসংখ্যানে। তবে আমির দলের কথাটিই ভাবছেন আগে, ‘অবশ্যই, এটা বোলারের ওপর প্রভাব ফেলে। ২২ গজ দৌড়ে এসে বল করছেন, তারপর আপনার বলে ক্যাচ ফেলতে দেখলে হতাশ হতেই হবে। তবে এটা আপনার চেয়ে দলকেই বেশি প্রভাবিত করে। আমি দুর্ভাগা, কিন্তু দলের কথাই আগে ভাবি।’
শুধু টেস্ট নয়, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে দুর্ভাগ্যের শিকার আমির। ফিরে আসার পর ৯ ওয়ানডেতে ১২ উইকেট তাঁর। টি-টোয়েন্টিতে তো আরও খারাপ অবস্থা। ১৩ ম্যাচে মাত্র ১১ উইকেট! তবে আমিরের দাবি, তাঁর বলে এভাবে ক্যাচ না পড়লে উইকেট সংখ্যা আরও অনেক বাড়ত, ‘মনে রাখা কঠিন, তবে টেস্টে সম্ভবত ১২-১৩টা ক্যাচ পড়েছে আমার বলে। ছোট সংস্করণেও বোধ হয় ৬-৭টা ক্যাচ পড়েছে।’
তথ্যসূত্র: ক্রিকইনফো।