ফল ছাপিয়ে তপ্ত ডার্বি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেসির গোল-উদ্‌যাপন। পরশু এসপানিওলের সঙ্গে কোপা ডেল রের ম্যাচে ন্যু ক্যাম্প মেসির এমন উদ্‌যাপন দেখেছে দুবার l এএফপি
মেসির গোল-উদ্‌যাপন। পরশু এসপানিওলের সঙ্গে কোপা ডেল রের ম্যাচে ন্যু ক্যাম্প মেসির এমন উদ্‌যাপন দেখেছে দুবার l এএফপি

একই শহরের দুই ক্লাবের দ্বৈরথ, তাতে বাড়তি উত্তাপ একটু থাকেই। তবে পরশু কাতালান ডার্বির ঝাঁজটা একটু বেশিই ছিল। মাঠে তো উত্তেজনা ছড়িয়েছেই, সেটি পরে গড়িয়েছে ম্যাচ শেষে মাঠের বাইরেও। লিওনেল মেসির দুর্দান্ত ২ গোল, বার্সেলোনার ৪-১ গোলের জয় ছাপিয়ে তাই দুই দলের চাপান-উতোর নিয়েই বেশি আলোচনা।
লা লিগায় মাত্রই আগের ম্যাচটিতে বার্সাকে আটকে দিয়েছে এসপানিওল। পরশুও সেই সম্ভাবনাই জাগিয়ে তুলেছিল, মাত্র নয় মিনিটেই ফেলিপে কাইসেদোর গোলে এগিয়ে যায় এসপানিওল। ওই গোলটাই যেন জাগিয়ে দেয় বার্সাকে। প্রথমে আন্দ্রেস ইনিয়েস্তার থ্রু থেকে মেসির গোলে শুরু, পরে দুর্দান্ত এক ফ্রি-কিক থেকে মেসিই বাড়িয়েছেন ব্যবধান। পিকের গোলের পর এসপানিওলের কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছেন নেইমার।
ম্যাচের ৭৬ মিনিটে অবশ্য নয়জনের দল হয়ে পড়ে এসপানিওল। দুই নয়, লাল কার্ডের সংখ্যাটা আরও বাড়তে পারত। রেফারি হলুদ কার্ড দেখিয়েছেন কাতালান ক্লাবটির আরও পাঁচজনকে। বার্সারও চারজন দেখেছেন হলুদ কার্ড। কিন্তু ম্যাচ শেষে আগুনে ঘি ঢেলে দিয়েছেন লুইস সুয়ারেজ। টানেল দিয়ে বেরিয়ে যাওয়ার সময় সুয়ারেজ অপেক্ষা করছিলেন এসপানিওলের খেলোয়াড়দের জন্য। তারা কাছাকাছি আসতেই সুয়ারেজ চেঁচিয়ে তাদের উসকানি দিতে থাকেন। ‘আমি তোমাদের জন্য অপেক্ষা করছি, তোমরা আসলে আবর্জনা ছাড়া আর কিছু নও’—সুয়ারেজ এমন কিছুও বলেছেন বলে রেফারি উল্লেখ করেছেন তাঁর প্রতিবেদনে। নিরাপত্তারক্ষীরা দুই দলের খেলোয়াড়দের সরিয়ে না দিলে বড় কিছু হতে পারত। ইনিয়েস্তা অবশ্য পরে ব্যাপারটিকে খুব বড় করে দেখেননি, ‘সহিংসতা একটু বেশি হয়ে যায়। এ রকম ম্যাচে একটু প্রতিন্দ্বন্দ্বিতা তো হতেই পারে।’
কিন্তু জেরার্ড পিকে পরে যা বলেছেন, তাতে সামনের সপ্তাহে ফিরতি ম্যাচে আরও উত্তেজনা ছড়াতে পারে। গত সপ্তাহে এসপানিওলের ৪১ হাজার দর্শকের স্টেডিয়ামে এসেছিলেন ২৮৯৭৫ জন। পিকে সেটি মনে করিয়ে কটাক্ষই করেছেন, ‘আগের ম্যাচে তো অনেক আসন খালি ছিল, দেখা যাক পরের ম্যাচে তারা গ্যালারি ভর্তি করতে পারে কি না।’ এএফপি, গোলডটকম।