‘ফাইনাল’ খেলতে নামবেন ডিপাইরা

কাল কঠিন পরীক্ষা ডিপাইদেরছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত কয়েক মৌসুমে রিয়াল মাদ্রিদ-সমর্থকদের শব্দটি মুখস্থ হয়ে গিয়েছিল। মৌসুমে কঠিন পরিস্থিতিতে থাকলেই প্রতিপক্ষ যে দলই হোক না কেন, কোচ জিনেদিন জিদান ম্যাচের আগের সংবাদ সম্মেলনে বলতেন, ‘আগামীকাল একটি ফাইনাল খেলতে নামব।’ অধিকাংশ দিনই দেখা যেত, জিদানের ফাইনাল বলার কারণেই হোক কিংবা চাপের ম্যাচে নিজেদের সেরাটা বের করার ক্ষমতার কারণে রিয়াল সে ম্যাচ জিতে ফিরত।

বার্সেলোনার দায়িত্ব নিয়ে জাভিও সে পথে হেঁটেছিলেন। সপ্তাহের শুরুতে রিয়াল বেতিসের বিপক্ষে লিগ ম্যাচকে ‘ফাইনাল’ বলেছিলেন বার্সা কোচ। কিন্তু ঘরের মাঠে হেরে বসেছে বার্সেলোনা। তবে বার্সেলোনার আরেকটি ‘ফাইনাল’ এখনো সামনে। আগামীকাল চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের শেষ ম্যাচ। বায়ার্ন মিউনিখের বিপক্ষে সে ম্যাচকে ‘ফাইনাল’ বলে ঘোষণা দিয়েছেন মেম্ফিস ডিপাই।

বায়ার্ন মিউনিখের বিপক্ষে জয়ের আশা করছে বার্সেলোনা
ছবি: টুইটার

আগামীকাল বেশ কঠিন পরীক্ষা দিতে হবে বার্সেলোনাকে। এবার চ্যাম্পিয়নস লিগে ৫ ম্যাচ থেকে ৭ পয়েন্ট পেয়েছে বার্সেলোনা। সব ম্যাচ জিতে বায়ার্ন মিউনিখ এরই মধ্যে নিজেদের শীর্ষস্থান নিশ্চিত করে নিয়েছে। গ্রুপে তিনে আছে বেনফিকা। ৫ ম্যাচে ৫ পয়েন্ট তাদের।

তবু কাল এগিয়ে থেকেই নামবে বেনফিকা। দলটি আগের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী স্পোর্টিংয়ের কাছে হেরেছে। তবু দিনামো কিয়েভের বিপক্ষে কাল আত্মবিশ্বাসী থাকবে দলটি। একে তো ঘরের মাঠে খেলা, দিকে প্রতিপক্ষেরও এই ম্যাচ থেকে পাওয়ার কিছু নেই। নিজেরা জিতলে আর ওদিকে বার্সেলোনা পয়েন্ট খোয়ালেই শেষ ষোলোতে চলে যাবে বেনফিকা। কারণ, মুখোমুখি লড়াইয়ে বার্সেলোনার চেয়ে এগিয়ে দলটি।

জাভি কি প্রত্যাশিত ফল এনে দিতে পারবেন?
ছবি: টুইটার

এ কারণেই বার্সেলোনা একটু ঝামেলায় থাকবে। বায়ার্ন মিউনিখের মাঠে যদি জয় না পাওয়া যায়, তবে বেনফিকার ম্যাচে নজর রাখতে হবে তাদের। ঘরের মাঠেই বায়ার্ন মিউনিখের কাছে ৩-০ গোলে হেরেছিল বার্সেলোনা। এ মৌসুমে বার্সেলোনার সর্বোচ্চ স্কোরার ডিপাই। সব প্রতিযোগিতা মিলে ৮ গোল করা ডিপাই তাই আজকের ম্যাচকে ফাইনাল হিসেবেই ধরে নিয়েছেন, যে ম্যাচে জয় ছাড়া অন্য কোনো ফল কাম্য নয়, ‘পরের রাউন্ডে ওঠার এটাই শেষ সুযোগ। এটা অনেকটা ফাইনালের মতো। মানসিকভাবে এই ম্যাচের জন্য প্রস্তুত হতে হবে এবং ফল পেতে আমরা সর্বস্ব নিংড়ে দেব।’

বার্সেলোনার জন্য সুখবর হলো, বুন্দেসলিগায় বরুসিয়া ডর্টমুন্ডের সঙ্গে শিরোপা নির্ধারণী এক ম্যাচ খেলে ক্লান্ত বায়ার্ন। এদিকে চ্যাম্পিয়নস লিগেও গ্রুপের শীর্ষে থাকা নিশ্চিত। তাই আজকের ম্যাচে রবার্ট লেভানডফস্কি, লিরয় সানে বা গোরেৎসকাদের বিশ্রাম দেওয়ার সম্ভাবনা আছে। কোচ ইউলিয়ান নাগেলমান জামাল মুসিয়ালা-মার্ক রোকাদের সুযোগ দিতে পারেন আজ। কিন্তু বার্সেলোনার কাজটা সহজ হচ্ছে না এতেও।

বার্সেলোনার মূল সমস্যা গোল করায়। লিওনেল মেসি চলে যাওয়ার পর থেকেই গোল-খরা চলছে দলটির। চ্যাম্পিয়নস লিগে প্রথম ৫ ম্যাচে মাত্র ২ গোল করেছে বার্সেলোনা। আজ তাই বিশেষ কিছুই দেখাতে হবে তাদের। ডিপাইও জানেন কাজটা কঠিন, ‘আমি জানি আমাদের সর্বোচ্চ তীব্রতা নিয়ে খেলতে হবে। ৯০ মিনিট সময় পাব এর জন্য। বেনফিকার ফলও এই ম্যাচের সঙ্গে জড়িয়ে আছে। কিন্তু আমরা নিজেদের নিয়েই ভাবব এবং ম্যাচ জেতার চেষ্টা করব। কীভাবে ম্যাচটা খেলব, সেটা কোচের সিদ্ধান্ত, কিন্তু আমরা প্রেস করে ও বল পায়ে রাখতে পছন্দ করি। বল পায়ে নিয়ে খেলা নিয়ন্ত্রণ করতে চাই আমরা।’