ফাইনালে নামলেই কী যেন হয়ে যায় হিগুয়েইনের!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাইনাল হলেই গোল করতে ভুলে যান হিগুয়েইন! ছবি: রয়টার্স।
ফাইনাল হলেই গোল করতে ভুলে যান হিগুয়েইন! ছবি: রয়টার্স।

গঞ্জালো হিগুয়েইন আর ফাইনাল, দুয়ের মধ্যে যেন কিছু একটা শত্রুতা আছে। ফাইনালে এলেই হিগুয়েইনকে যেন আর খুঁজে পাওয়া যায় না। উল্টো এমন কিছু করে বসেন, তার আক্ষেপ দীর্ঘ দিন পোড়ায়। ২০১৪ বিশ্বকাপ, ২০১৫ কোপার পর এবার কোপার বিশেষ আসরেও সেই 'চেনা হিগুয়েইন'। এবারও মহামূল্যবান একটা সুযোগ পায়ে ঠেললেন আর্জেন্টাইন স্ট্রাইকার। তাও যদি ঠিকমতো 'ঠেলতেন'!

অথচ এবার ক্যারিয়ারের সেরা ফর্ম নিয়েই এসেছিলেন। নাপোলির হয়ে এই মৌসুমে 'সিরি আ'তে সর্বোচ্চ ৩৫টি গোল করেছেন, এবারের কোপাতেও জেরার্ড মার্টিনোর প্রথম পছন্দ ছিলেন হিগুয়েইন। সেটির প্রতিদানও দিচ্ছিলেন, এই ম্যাচের আগে চার গোলও করে ফেলেছিলেন। এর মধ্যে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে জোড়া গোল, সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে জ্বলে ওঠা। হিগুয়েইন যেন জানান দিচ্ছিলেন, এবার ফাইনালের অভিশাপ কাটাবেনই!

কিন্তু কীসের কী, আরও একবার ফাইনালে যেন হয়ে গেলেন অদৃশ্য মানব। দুই বছর আগে জার্মানির সঙ্গে ম্যানুয়েল নয়্যারকে একা পেয়েও বল বাইরে মেরেছিলেন। গত বার চিলির সঙ্গে ফাইনালে গোললাইনের নিশ্বাস ছোঁয়া দূরত্ব থেকেও বল জালে জড়াতে পারেননি। আজ ম্যাচের শুরুতেই পেয়ে গিয়েছিলেন একটা সুবর্ণ সুযোগ। ২১ মিনিটে চিলির ডিফেন্ডার গ্যারি মেদেলের ভুলে বল পেয়ে গিয়েছিলেন। গোলরক্ষক ক্লদিও ব্রাভো সামনে একা, আর বিশাল জালটা ফাঁকাই। হিগুয়েইন বলটা তাঁর ওপর দিয়ে তুলেও দিলেন। কিন্তু একটুর জন্য বলটা চলে গেল পোস্ট ঘেঁষে। অন্য দশবারের নয়বারই হয়তো এই সুযোগটা কাজে লাগাতেন। কিন্তু কীভাবে কীভাবে যেন এবারও গোলটা করতে পারলেন না। করতে গেলেন চিপ, প্রয়োজন ছিল নিখুঁত শটের।
পুরো ম্যাচেই হিগুয়েইনকে সেভাবে আর খুঁজে পাওয়া যায়নি। এরপর দুই দলই দশজনের হয়ে পড়ে, হিগুয়েইনও সেভাবে আর সুযোগ পাননি। কিন্তু ফাইনালে তো এমন সুযোগ বারবার আসবে না। হিগুয়েইনের ফাইনাল-অভিশাপও বোধ হয় আর কাটানো হবে না!
পরে বদলি হিসেবে নামা আগুয়েরো দুটি দারুণ সুযোগ তৈরি করেছিলেন। একটিতে তাঁর হেডার গোলে রূপান্তরিত হলো না ব্রাভোর অতিমানবীয় সেভের কারণেই। আরেকবার ডান প্রান্তে তিরের ফলার মতো ঢুকে পড়ে চকিতে নেওয়া শট ব্লক করেছেন চিলির রক্ষণ।
হিগুয়েইনের অতীত জানার পরও আগুয়েরোকে আরও আগে অন্তত নামাতেই পারতেন কোচ মার্টিনো। তাতে হিগুয়েইনই হয়তো শাপমুক্তির আনন্দ পেতে পারতেন!