
বড় দলগুলোর ব্যর্থতার মিছিলে এবার ফেডারেশন কাপে আরামবাগ জ্বলজ্বল করছে। পিছিয়ে পড়েও বিজেএমসিকে ৩-১ গোলে হারিয়ে কাল তো উঠে গেল টুর্নামেন্টের ফাইনালেও। ফাইনাল আরামবাগের স্বপ্ন বাড়িয়ে দেয় ঘরোয়া ফুটবলে প্রথম বড় কোনো ট্রফি জেতার। কিন্তু এটি তাদের দুঃখবোধও জাগিয়ে তোলে। ১৯৯৭ ও ২০০১ সালে দুবার ফেডারেশন কাপের ফাইনালে উঠেও জেতা হয়নি শিরোপা।
২৭ জুন আবাহনী বা শেখ রাসেল যে দলই সামনে পড়ুক, আরামবাগ এবার ট্রফির আকাঙ্ক্ষা পূরণে প্রতিজ্ঞাবদ্ধই। ২০১২ সালে দলটি সর্বশেষ খেলেছে ফেডারেশন কাপে। মাঝখানে চার বছর পেরিয়ে নতুন চেহারায় ফিরে জয়ের নেশায় অদম্য এই আরামবাগ করতালি পাচ্ছে শুভাকাঙ্ক্ষীদের।
জোড়া গোল করে সেমিফাইনাল জয়ের নায়ক নাইজেরিয়ান ফরোয়ার্ড কেস্টার আকন। ৬৯ মিনিটে তিনি যখন আরামবাগকে এগিয়ে নেন ২-১ গোলে, বঙ্গবন্ধু স্টেডিয়ামে একটা গর্জন উঠল। গোলের পর সমর্থকদের এমন উল্লাস এখন খুঁজে বেড়ান ফুটবলপিপাসুরা। আকন বিজেএমসির দুই ডিফেন্ডারকে গতিতে ছিটকে ফেলে আলতোভাবে বল ফেললেন জালে। বিজেএমসির রাইটব্যাক সাইফুল মনোযোগ হারিয়ে ঠিকভাবে মার্কিং করতে পারেননি আকনকে। এই গোলই ম্যাচের টার্নিং পয়েন্ট।
এই আকনই ৬৪ মিনিটে পেনাল্টি গোলে ম্যাচে ফেরান আরামবাগকে। যদিও পেনাল্টি নিয়ে আপত্তি আছে বিজেএমসির। এবং তাদের ‘পেনাল্টি-দুঃখটা’ বোধ হয় অনেক দিনই থাকবে। বিজেএমসি তখন ২-১ গোলে পিছিয়ে, ৭৩ মিনিটে স্যামুয়েলস অ্যাডামসের পেনাল্টি লাগে সাইডপোস্টে। ওটা গোল হলে ম্যাচের ফলটা অন্য রকমও হতে পারত।
অথচ বিজেএমসি শুরুটা করেছিল দারুণ। প্রেরণা নিচ্ছিল ২০১১ সালে একবারই ফেডারেশন কাপের ফাইনাল খেলে রানার্সআপ হওয়ার স্মৃতি থেকে। ৩৪ মিনিটে প্রথম এগিয়ে যায় তারাই, বক্সের ভেতর থেকে গড়ানো শটে গোল করেন জিকু।
বিজেএমসিকে উজ্জীবিত করতে দলটির শুভাকাঙ্ক্ষী ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় ম্যাচ শুরুর কিছুক্ষণ পরই মাঠে গিয়ে অফিশিয়ালদের বেঞ্চে বসেন। ম্যাচের সময়টা মাঠে কেউ ঢুকতে পারে না, কিন্তু মন্ত্রী বলে কথা! বিজেএমসির কোচকে পরামর্শ দেন জয়। কিন্তু শেষ পর্যন্ত সবই বৃথা।
জয় ছিনিয়ে নিতে আরামবাগ কোচ সাইফুল বারী দ্বিতীয়ার্ধে মিডফিল্ডার অং থুয়াই মারমাকে মাঠে নামান, এই বদলিটা বেশ কাজে এসেছে। জয়ে ভূমিকা রাখেন অং। তবে প্রথমার্ধ শেষে ড্রেসিংরুমে টিটু খেলোয়াড়দের বলেছিলেন, ‘তোমরা কি ফাইনাল খেলতে চাও?’ আর এটাই যেন আরও উদ্দীপ্ত করে খেলোয়াড়দের। খেলোয়াড়েরা সেরাটা দিলেন, অ্যাটাকিং থার্ডে গিয়ে আর খেই হারায়নি আরামবাগ। দ্রুত পাল্টা আক্রমণেও ধারালো লাগল তাদের। এভাবেই যোগ করা সময়ে দুর্দান্ত এক শটে ৩-১ করে দিলেন জাফর, আরামবাগের ফুটবলাররা তখন পারলে আকাশেই ওড়েন!
ঠিক এর কিছুক্ষণ আগে মাঠে এক দুর্ঘটনা। বলের দখল নিতে গিয়ে শরীরের ভারসাম্য না রাখতে পেরে ট্র্যাকের ওপর ছিটকে পড়েন বিজেএমসির স্ট্রাইকার এলিটা কিংসলে। পায়ে আঘাত লেগেছে তাঁর, মাঠ থেকেই ঠিকানা হয়েছে হাসপাতালে।
বিজেএমসির কোচ সাইদুর রহমান কিংসলের জন্য দুঃখ করলেন। তবে ক্ষোভও ঝরছিল তাঁর কণ্ঠে, ‘পেনাল্টিটা দিয়ে আমাদের হারালেন রেফারি আজাদ রহমান।’ কিন্তু এই বিকেলে পরাজিত দলের এই ক্ষোভকে কে আর পাত্তা দেয়!