ফাইনালে ওঠার লড়াই আজ

সিঙ্গাপুরকে হারিয়ে গতকালই ফাইনালে উঠে গেছে মালয়েশিয়া। ৮ ফেব্রুয়ারির ফাইনালে তাদের প্রতিপক্ষ ঠিক হবে আজ। সেই দলটি বাংলাদেশ হলে তো কথাই নেই। সোনায় সোহাগা!
বঙ্গবন্ধু কাপের দ্বিতীয় সেমিফাইনালে আজ বাংলাদেশের সামনে থাইল্যান্ড যুব দল। স্বাগতিক দল ফাইনালে না খেললে যেকোনো টুর্নামেন্টই রং হরাতে বাধ্য। তাই বিকেল পাঁচটায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে শুরু ম্যাচটাকে ঘিরে ফুলে উঠেছে প্রত্যাশার বেলুন। টিকিট চাহিদাও অনেক।
ঘরের মাঠে ১৫ বছর পর বঙ্গবন্ধু গোল্ডকাপ হচ্ছে। শুরুতে স্বাগতিক দলের ফাইনাল খেলার এতটা উচ্চাশা ছিল না। সেমিফাইনালই ছিল লক্ষ্য, তারপর সামনে এগোতে পারলে ভালো। তবে শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনাইলে ওঠার পর বাংলাদেশকে ফাইনালে দেখতে চাইছেন সবাই।
বাংলাদেশ দল ফাইনালে ওঠার ব্যাপারে খুবই আশাবাদী। থাইল্যান্ডের যুব দলটি এই টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী, এমন রায় দিচ্ছেন অনেকেই। তাদের সঙ্গে জয়টা অবশ্যই সহজ নয়। সেটি জেনেই বাংলাদেশ দল আজ সর্বশক্তি নিয়ে খেলার প্রতিশ্রুতি নিয়েছে।