ফাইনালে ক্যামেরুনের সামনে সেই মিসর

নয় বছর পর আবার আফ্রিকান নেশনস কাপের (আফকন) ফাইনালে উঠল ক্যামেরুন। সর্বশেষ ফাইনালে যাদের কাছে হারতে হয়েছিল, সেই মিসরই ফাইনালে ক্যামেরুনের প্রতিপক্ষ। মিসর ২০০৮ সালের মতো অদম্য আর নেই। ক্যামেরুন কি পারবে সেই হারের প্রতিশোধ নিতে? ক্যামেরুন প্রতিশোধ নিতে পারবে—এর পক্ষে বাজি ধরার লোক খোদ ক্যামেরুনেই খুব বেশি নয়। অনেকেই মনে করেন, তাঁদের দেখা ক্যামেরুনের ফুটবল ইতিহাসের সবচেয়ে বাজে দল যে এটাই। সেমিফাইনালে ক্যামেরুন যে ঘানাকে ২-০ গোলে হারিয়ে দিল, এটাই অনেকের কাছে বিশ্বাস হচ্ছে না এখনো।
সেমিফাইনালের আগ পর্যন্ত সাদামাটা ফুটবলই খেলে এসেছে ক্যামেরুন। ৯০ মিনিটের মধ্যে কেবল আফকনের নবাগত দল গিনি-বিসাউকে হারাতে পেরেছে তারা। ঘানা ছিল টুর্নামেন্টেরই অন্যতম ফেবারিট। কিন্তু সেমিফাইনালে এসে যেন নিজেদের ঐতিহ্যের কথা মনে পড়ে যায় ক্যামেরুনের খেলোয়াড়দের! ক্রিস্টিয়ান ব্যাসোগগ, মাইকেল নাদু-নাজুই...পাদপ্রদীপের বাইরে থাকা নামগুলো জ্বলে উঠল ম্যাচের প্রায় শুরু থেকেই। তবে ঘানার জাল খুঁজে পেতে তাদের অপেক্ষা করতে হয়েছে ৭২ মিনিট পর্যন্ত। স্লাভিয়া গ্রাগের ডিফেন্ডার নাদুর গোলে এগিয়ে যায় ক্যামেরুন। ব্যাসোগগ ব্যবধান দ্বিগুণ করেন যোগ করা সময়ের তৃতীয় মিনিটে।
৩৫ বছরের শিরোপা-খরা কাটানোর অভিযানে এসেছিল ঘানা। সর্বশেষ ১৯৮২ টুর্নামেন্টের শিরোপাজয়ী তারা। এই নিয়ে টানা ছয়বারের সেমিফাইনালিস্ট। এর মধ্যে দুবার উঠেছে ফাইনালে। কিন্তু শিরোপা অধরাই থেকে গেল এবার! ঘানা কোচ আভরাম গ্রান্ট ক্যামেরুনের কাছে হারটা যেন মানতে পারছেন না। চেলসির সাবেক কোচের কাছে হারটা একেবারেই অপ্রত্যাশিত, ‘আমি হতাশের চেয়ে বেশি কিছু। ফাইনালে থাকতে চেয়েছিলাম আমরা। ফাইনালে ওঠার জন্য আমরা সব চেষ্টাই করেছি। দ্বিতীয়ার্ধটা আমরাই নিয়ন্ত্রণ করেছি। ক্যামেরুনকে অভিনন্দন, তবে সেরা দল ছিলাম আমরাই।’
ক্যামেরুনের কোচ হুগো ব্রুসও জানেন, ক্যামেরুন শিরোপা জিতবে বলে ভাবছেন না অনেকেই। তবে বেলজিয়ান এই কোচকে আশাবাদী করে তুলেছে ফুটবলের অনিশ্চয়তা, ‘দলটির ওপরে কারও আস্থা ছিল না। টুর্নামেন্ট শুরুর আগে আপনি যদি কাউকে বলতেন যে আমরা ফাইনাল খেলব, তাহলে তারা হাসত। কিন্তু আমাদের জন্য এটাই ছিল সবচেয়ে বড় প্রেরণা।’ আগামীকালের ফাইনালে কি আরেকটা চমক দেখাতে পারবে ক্যামেরুন? জিততে পারবে আফকনে নিজেদের পঞ্চম শিরোপা। সূত্র: এএফপি, রয়টার্স।