ফাইনালে চিলিকেই পেল মেসির আর্জেন্টিনা

কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়নদের কাছ থেকেই মুকুট নিজেদের করে নেওয়ার চ্যালেঞ্জের সামনে এখন আর্জেন্টিনা। বৃষ্টিবিঘ্নিত সেমিফাইনালে আজ কলম্বিয়াকে ২-০ গোলে হারিয়েছে চিলি। গতবার ফাইনালে এই চিলির কাছেই টাইব্রেকারে হেরে গিয়েছিল আর্জেন্টিনা। এবার কি আর্জেন্টিনা সেই হারের বদলা নিতে পারবে?
গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে চিলিকে ২-১ গোলে হারিয়েই এবারের কোপা-মিশন শুরু করেছিল আর্জেন্টিনা। যে আসরে এখন পর্যন্ত ৫ ম্যাচে গোল করেছে ১৮টি। গ্রুপ পর্বে ধুঁকতে থাকা চিলিও কিন্তু জ্বলে উঠেছে ঠিক সময়েই। আগের ম্যাচে টুর্নামেন্টের অন্যতম ফেবারিট মেক্সিকোর জালে ৭ গোল দিয়ে আজ আরেক বড় দল কলম্বিয়াকেও মোটামুটি সহজেই হারিয়েছে তারা।
ম্যাচের ১১ মিনিটের মধ্যেই নির্ধারিত হয়ে যায় এর গতি-প্রকৃতি। ৭ মিনিটে আরাঙ্গুইজ আর ১১ মিনিটে ফুয়েনজালিদার দুটি গোলেই ফাইনালে চিলি। মাঝখানে শিকাগোর প্রবল বৃষ্টির কারণে দীর্ঘক্ষণ বন্ধ ছিল খেলা। ভেজা মাঠ, তার ওপর দ্বিতীয় হলুদ কার্ডের খাঁড়ায় একজনকে হারিয়ে ফেলা, এই চ্যালেঞ্জ নিয়েও কলম্বিয়া চেষ্টা করে গেছে। দ্বিতীয়ার্ধে একের পর এক আক্রমণ করেও গোলের দেখা পায়নি হামেস রদ্রিগেজের দল।
চিলি যেন এবারের টুর্নামেন্টের মাঝপথে পুনর্জন্ম পেয়েছে। আর্জেন্টিনার কাছে হারের পর বলিভিয়ার সঙ্গে ড্র হলে হয়তো টুর্নামেন্ট থেকে ছিটকেই পড়তে হতো তাদের। কিন্তু সেই ম্যাচে যোগ করা সময়ে আরতুরো ভিদালের পেনাল্টি ২-১ গোলের জয় এনে দিয়ে চিলিকে যেন জাগিয়ে তোলে। পরের তিন ম্যাচে ১৩ গোল করেই আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে তারা। চিলি প্রস্তুত আর্জেন্টিনার শিরোপাখরা ঘোচানোর মিশন যথাসম্ভব কঠিন করে তুলতে।
দলের অন্যতম ভরসা ভিদালকে ছাড়াই আজ মাঠে নামতে হয়েছিল চিলিকে। কিন্তু তাতেও যেন তাদের ছন্দপতন হয়নি। মেক্সিকো-ম্যাচের শেষটা তারা যেখানে করেছিল, সেখান থেকেই আজ করল শুরু। কলম্বিয়া রক্ষণের ছেলেমানুষি ভুলের মাশুল তুলে সাত মিনিটেই দলকে এগিয়ে দেন আরাঙ্গুইজ। কলম্বিয়া কিছু বুঝে ওঠার আগেই তাদের জালে দ্বিতীয় গোল। এবার প্রথম গোলের স্থপতি ফুয়েনজালিদা নিজেই করলেন গোল!
সেই ধাক্কা সামলে ভালোভাবেই ম্যাচে ফিরতে শুরু করে কলম্বিয়া। চিলির জন্য বড় দুঃসংবাদ হয়ে আসে পেদ্রো হার্নান্দেজের চোট। ৩০ মিনিটে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি।
চিলির বিপক্ষে এর আগে সর্বশেষ ১৯৮৭ সালের কোপার সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল কলম্বিয়া। সেবার হেরেছিল ২-১ গোলে। এবার তো ম্যাচ শুরু হতে না হতেই কলম্বিয়ার জালে ২ গোল। তারা কি পারবে? হোসে পেকারম্যানের দলের জন্য আশা–জাগানিয়া পরিসংখ্যানও ছিল। ২-০ গোলে পিছিয়ে পড়ার পরও ম্যাচে ফেরার কলম্বিয়ার সর্বশেষ নজির এই চিলির বিপক্ষেই। ২০১৩ সালের বাছাই পর্বে যে ম্যাচটি তারা শেষ পর্যন্ত ৩-৩ ড্র করেছিল।
এই আশা নিয়েই বিরতিতে যায় কলম্বিয়া। কিন্তু এই বিরতিতেই শুরু হয় ঝড়বৃষ্টি। দুই ঘণ্টারও বেশি সময় খেলা বন্ধ থাকার পর আবারও শুরু হয় ম্যাচ। বৃষ্টির কারণে পিছল মাঠে দৌড়াতে দুই দলেরই নাভিশ্বাস উঠে যাচ্ছিল। এরই মধ্যে দ্বিতীয় হলুদ কার্ড দেখে বের হয়ে যান কার্লোস সানচেজ। শেষ পর্যন্ত কলম্বিয়ার সব প্রচেষ্টাই ব্যর্থ হয়। নিজেদের ইতিহাসে প্রথম টানা দ্বিতীয় ফাইনালে উঠে গেল চিলি।
এবার তাদের টানা দ্বিতীয় শিরোপা জয়ের ইতিহাসের হাতছানি। কিন্তু আর্জেন্টিনাও মরিয়া, দৃঢ়প্রতিজ্ঞ। জমজমাট ফাইনালই তাই দিচ্ছে পূর্বাভাস। বাংলাদেশ সময় সোমবারের সকাল ছয়টায় শুরু হবে ম্যাচটি। গতবার কোপার বিশাল ট্রফি পাশে রেখে, একবারও সেদিকে না তাকানো অভিমান আর হতাশায় কান্না চেপে হেঁটে যাওয়া মেসির ছবিটাও ফিরে আসছে তাই। এবার কি মেসি পারবেন মঞ্চে ট্রফি নিয়ে উৎসবে মাততে?