ফাইনালে জুভেন্টাস, নায়ক আলভেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

ছবিটিকে প্রতীকী ধরে নিতে পারেন। দানি আলভেজ মধ্যমণি, তাঁর দুপাশে গঞ্জালো হিগুয়েইন ও পাওলো দিবালা। জুভেন্টাস যে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠল, তাতে এই তিনজনেরই সবচেয়ে বেশি অবদান l রয়টার্স
ছবিটিকে প্রতীকী ধরে নিতে পারেন। দানি আলভেজ মধ্যমণি, তাঁর দুপাশে গঞ্জালো হিগুয়েইন ও পাওলো দিবালা। জুভেন্টাস যে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠল, তাতে এই তিনজনেরই সবচেয়ে বেশি অবদান l রয়টার্স

জুভেন্টাস ২: ১ মোনাকো

দুই লেগ মিলিয়ে ৪–১ ব্যবধানে জয়ী জুভেন্টাস

ম্যাচের শেষ বাঁশি বাজার মাত্র সেকেন্ড কয়েক বাকি, মাসিমিলিয়ানো অ্যালেগ্রি হাসলেন।

‘অবশেষে!’ বলে উঠলেন ধারাভাষ্যকার, ‘এতক্ষণে হাসলেন তিনি! এখন তিনি নিশ্চিত তাঁর দল ফাইনালে যাচ্ছে।’ ৩০ সেকেন্ডের মতো বাকি, স্কোরলাইনে জুভেন্টাস ২-১ মোনাকো, দুই লেগ মিলিয়ে জুভেন্টাস ৪-১-এ এগিয়ে। অ্যালেগ্রি তবু নিশ্চিত ছিলেন না!

ধারাভাষ্যকারের ওই বিস্ময়বোধে লুকিয়ে আসলে অ্যালেগ্রির ‘সিরিয়াসনেস’। পা পিছলানোর ১ শতাংশ আশঙ্কা থাকলেও কিছু নিশ্চিত বলে ধরতে রাজি নন ৪৯ বছর বয়সী জুভেন্টাসের ইতালিয়ান কোচ। এই দর্শন দলেও ছড়িয়ে দিয়েছেন। এই যে, ফাইনালে ওঠার পরও ডিফেন্ডার লিওনার্দো বোনুচ্চির কী হতাশা! হতে পারে ছয় ম্যাচ পর প্রথম গোল খাওয়া, তবু কেন এমনটা ঘটবে? এটি যে জুভেন্টাসের পেশাদারি অহমে আঘাত।

বয়সে ৭ হাজার ৬২১ দিন ছোট এমবাপ্পের কারণেই টানা সাত ম্যাচ গোলপোস্ট অক্ষত রাখতে পারলেন না বুফন। তাতে কী! ম্যাচের পর মোনাকো স্ট্রাইকার ভিজলেন জুভেন্টাস কিংবদন্তির স্নেহাশীর্বাদে l রয়টার্স
বয়সে ৭ হাজার ৬২১ দিন ছোট এমবাপ্পের কারণেই টানা সাত ম্যাচ গোলপোস্ট অক্ষত রাখতে পারলেন না বুফন। তাতে কী! ম্যাচের পর মোনাকো স্ট্রাইকার ভিজলেন জুভেন্টাস কিংবদন্তির স্নেহাশীর্বাদে l রয়টার্স

অ্যালেগ্রি সিরিয়াস, বোনুচ্চিও। কিন্তু সেমিফাইনালের দুই লেগে মোনাকোর বিপক্ষে জুভেন্টাসের জয়টা যাঁর দুর্দান্ত পারফরম্যান্সে চড়ে এল, তাঁকে দেখে আর যা-ই হোক, ‘সিরিয়াস’ বলবেন না কেউ। দানি আলভেজ!

চলনে, বলনে, হাসিতে...সব সময় একটা শিশুসুলভ ভাব তাঁর থাকেই। কিন্তু ফুটবল মাঠে? আলভেজের দাবি, সেখানে তিনি একটু ভিন্ন, ‘মানুষ আমাকে পাগলাটে মনে করে। তবে যখন কাজ শুরু করি, আমি জানি কী করতে হবে, আর এত দূর পর্যন্ত আসতে আমাকে কত কী করতে হয়েছে।’ নিজের কাজ আলভেজ কতটা ভালো জানেন সেটির প্রমাণ মোনাকোর সঙ্গে দুই লেগ। জুভেন্টাস চারটি গোল করেছে দুই লেগে, তিনটি এসেছে তাঁর পাস থেকে, অন্যটি নিজেই করেছেন! তিনি কিন্তু ডিফেন্ডার।

প্রথম লেগে মোনাকোর মাঠে গঞ্জালো হিগুয়েইন দুই গোল করে নায়ক হয়েছিলেন, তিনি ছিলেন পার্শ্বনায়ক। পরশু ঘরের সমর্থকদের সামনে কোনো কমতি আর রাখলেন না আলভেজ। ৩৩ মিনিটে মারিও মানজুকিচের গোলটা বানিয়ে দিয়েছেন, ১১ মিনিট পর দুর্দান্ত ভলিতে নিজেই করলেন গোল। মোনাকো গোলকিপার দানিয়েল সুবাসিচ পোস্ট ছেড়ে এসে পাঞ্চ করেছিলেন, বল বক্সের বাইরে আলভেজের কাছে আসতেই ভলি! সুবাসিচ পোস্টে পৌঁছানোর সময়ও পাননি, বল জালে। ৬৯ মিনিটে মোনাকোর কিলিয়ান এমবাপ্পের গোলটির মাহাত্ম্য তাই শুধু বোনুচ্চিকে রাগানোতেই সীমাবদ্ধ।

হারলেও মোনাকোর তরুণ দলটা এই ম্যাচ থেকে অনেক শিখেছে। নরম মাটি পুড়ে শক্ত ইট হওয়ার প্রক্রিয়ার মতোই এই শিক্ষা। ১৮ বছর বয়সী এমবাপ্পেই যেমন বললেন, ‘মাথা উঁচু করেই বিদায় নিচ্ছি। সেরাদের বিপক্ষে খেলে আমরা শিখেছি। আমি শিখেছি। আরও ভালো প্রস্তুতি নিয়েই আগামী বছর আবার আসব।’

আর জুভেন্টাস? ক্লাব ইতিহাসে প্রথমবার ইউরোপে টানা ১২ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড গড়েছে তারা। পুরো টুর্নামেন্টে মাত্র ৩ গোল খাওয়া দলটা আর একটা ম্যাচে জয়ের অপেক্ষায়। সেটি ফাইনাল। ১৯৯৮ ও ২০১৫ চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেও শিরোপা ছোঁয়া হয়নি। প্রথমবার বাধা ছিল রিয়াল মাদ্রিদ, দুই বছর আগে বার্সেলোনা। এবার মাদ্রিদের যে দলই আসুক ফাইনালের প্রতিপক্ষ হয়ে, জুভেন্টাস প্রস্তুত! কোচ অ্যালেগ্রিরই উপলব্ধি, ‘মনে হয় এবার আমাদের শিরোপা জেতার ভালো সম্ভাবনা আছে। ২০১৫ সালের পর আমরা সবাই আরও পরিপক্ব হয়েছি, আমিও।’ বোনুচ্চি সতীর্থদের আহ্বান জানিয়েছেন, ‘জুভেন্টাসের ইতিহাসে সেরা খেলাটাই কার্ডিফে খেলতে হবে আমাদের।’

আরেকজন এখনই আনন্দে গা ভাসাচ্ছেন না—জিয়ানলুইজি বুফন, ‘আমরা ফাইনালে, তবে ফাইনালে ওঠাতেই কিছু হয়ে যায় না।’ তবে কিছু হওয়ার, ক্যারিয়ারে প্রথমবারের মতো ট্রফিটা জেতার স্বপ্নটা ঠিকই দেখেন জুভেন্টাসের ৩৯ বছর বয়সী ‘সুপারম্যান’, ‘দুই বছর আগে সবাই ভেবেছিল, ওটাই আমার শেষ ফাইনাল। আমি নিজেও ভেবেছিলাম। তবে নিজের স্বপ্নে আপনার বিশ্বাস থাকতে হয়।’

বিশ্বাস জুভেন্টাসের মজবুত। এবার স্বপ্নপূরণ? এএফপি, রয়টার্স, গোলডটকম।