ফাইনালে নারায়ণগঞ্জ
টাইব্রেকারে সিলেটের রাসেলের শটটি ঠেকিয়ে দিতেই নারায়ণগঞ্জের গোলরক্ষক অন্তরকে ঘিরে উল্লাসে মেতে উঠল সতীর্থরা। এতেই যে সেইলর অনূর্ধ্ব-১৫ ফুটবলের ফাইনালটাও নিশ্চিত হয়ে গেছে নারায়ণগঞ্জের। বঙ্গবন্ধু স্টেডিয়ামের সেমিফাইনালে কাল সিলেটকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়েছে নারায়ণগঞ্জ। নির্ধারিত সময়ে খেলায় ছিল ১-১-এ সমতা।
বাফুফের বয়সভিত্তিক এই টুর্নামেন্টের চূড়ান্ত পর্ব স্টেডিয়ামপাড়ায় তৈরি করেছে উৎসবের আবহ। চলছে মাইকিং। হাতে হাতে লিফলেটও ছড়ানো হচ্ছে। স্টেডিয়াম-সংলগ্ন বিলবোর্ডগুলো ছেয়ে গেছে ডিজিটাল ব্যানারে।
বাইরের আবহের সঙ্গে সংগতি রেখেই মাঠে দুই দল খেলল সুন্দর ফুটবল। দুই জেলার কিশোরদের জন্য ফ্লাডলাইটে খেলাটা নতুন এক অভিজ্ঞতা। শুরুতেই রাসেলের গোলে এগিয়ে যায় সিলেট। রাসেল ডান প্রান্ত দিয়ে বক্সে ঢুকে গোলরক্ষক অন্তরকে পরাস্ত করে অনায়াসে বল পাঠায় জালে। কিন্তু ১৬ মিনিটেই সমতা এনে ফেলে নারায়ণগঞ্জ। সিলেটের গোলরক্ষক ফাহাদ জায়গা ছেড়ে বেরিয়ে এলে গড়ানো শটে গোল করে ইব্রাহিম। বাকি সময় অনেক চেষ্টা করেও আর গোল করতে পারেনি কোনো দল। টুর্নামেন্টের নিয়ম অনুসারে এরপরই ম্যাচ গড়িয়েছে টাইব্রেকারে। আজ দ্বিতীয় সেমিফাইনালে ফেনীর মুখোমুখি হবে ঢাকা। ফাইনাল ২ সেপ্টেম্বর।