
ফ্লাডলাইটের উজ্জ্বল আলোতেও মামুনুল ইসলামের চেহারায় অমাবস্যার অন্ধকার। কিছুতেই হতাশা লুকাতে পারছিলেন না চট্টগ্রাম আবাহনীর অধিনায়ক। হাতে পরা অধিনায়কত্বের বাহুবন্ধনীটা ছুড়ে ফেললেন। পোচন সিটিজেন এফসির সঙ্গে ম্যাচ শেষের সৌজন্য হাত মেলানোয় আগ্রহী হলেন না। মামুনুলের মতো মাথা নিচু করে মাঠ ছাড়লেন অন্যরাও। একটু পর মাঠে আতশবাজির ফোয়ারা ছুটল। আগুনের ছোট ছোট ফুলকি আর পটকা ফোটার শব্দ যেন শেল হয়ে বিঁধছিল চট্টগ্রাম আবাহনীর খেলোয়াড় ও কর্মকর্তাদের বুকে।
শেখ কামাল ক্লাব কাপের ফাইনালে ওঠা হলো না বর্তমান চ্যাম্পিয়নদের। সেমিফাইনালে বাংলাদেশ প্রিমিয়ার লিগের রানার্সআপ চট্টগ্রাম আবাহনীকে ২-১ গোলে হারিয়েছে কোরিয়ার চতুর্থ সারির দল পোচন এফসি। ৩ মার্চ ফাইনালে তাই থাকছে না বাংলাদেশের কোনো ক্লাব, পোচনের প্রতিপক্ষ মালদ্বীপের ক্লাব টিসি স্পোর্টস।
ফাইনালে ওঠার সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত পারেনি চট্টগ্রাম আবাহনী। পোচনের ফুটবলারদের গতিময় খেলা, বারবার জায়গা বদলে আক্রমণে ওঠার কৌশল—এসবের সঙ্গে মানিয়েই উঠতে পারেনি চট্টগ্রামের দলটি। ম্যাচ থেকে ছিটকে পড়া গোলটি তো মনে করিয়ে দিল গ্রুপ পর্বে নেপালের মানাং মার্সিয়াংদির কাছে খাওয়া গোলটিকেই। তারপরও দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর যথেষ্ট চেষ্টা করেছে চট্টগ্রাম আবাহনী। কিন্তু অগাস্টিন ওয়ালসন, টাইসন সিলভা, জাহিদরা যেন ধনুর্ভঙ্গ পণই করে বসেছিলেন গোল করবেন না।
২৩ মিনিটে গোল করে প্রথমে এগিয়ে গিয়েছিল চট্টগ্রামের দলটি। কর্নার থেকে মামুনুলের উড়ে আসা বল বক্সের মধ্যে জটলায় গিয়ে পড়ে। জামাল ভূঁইয়া আলতো টোকায় গোল করে উল্লাসে মাতান চট্টগ্রাম আবাহনীকে।
এগিয়ে যাওয়া দলটি তখন কোথায় আরও আক্রমণাত্মক খেলবে, উল্টো রক্ষণের খোলসে ঢুকে পড়ে! এমনকি বল হাতে নিয়ে সময় নষ্টের নেতিবাচক চেষ্টাও দেখা গেল গোলরক্ষক আশরাফুলের। কিন্তু গোল শোধে মরিয়া পোচন আক্রমণের ধার বাড়িয়েছে এরপর আরও বেশি। ৩০ মিনিটে পার্ক সিউংয়ের দুর্দান্ত শট বাঁচিয়েছেন আশরাফুল। পরের মিনিটেই সামলেছেন চো তা ওয়ের ব্যাকভলি। কিন্তু ৪১ মিনিটে বক্সের মধ্যে মুফতা লাওয়াল ফেলে দেন পার্ককে। পেনাল্টি থেকে গোল করে জাং ইয়ং ইক সমতায় ফেরান (১-১)। দ্বিতীয়ার্ধের শুরুতে কিছু বুঝে ওঠার আগেই পোচনের জয়সূচক গোলটি করেন পার্ক সিউং রিয়ল।
চোটের জন্য চট্টগ্রাম আবাহনীর অন্যতম বড় ভরসা এনকোচা কিংসলে ছিলেন দর্শক। কিন্তু অগাস্টিন ওয়ালসন আর টাইসন সিলভা মোটেও পরিস্থিতির দাবি মেনে খেলতে পারেনি। প্রিমিয়ার লিগে পারফরম্যান্সের ছায়া হয়েই রইলেন এই টুর্নামেন্টে। ৭৫ মিনিটে অবশ্য থিয়াগোর বদলে কোচ নামিয়েছেন মান্নাফ রাব্বিকে। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে অনেক। ম্যাচ শেষের খানিক আগে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন কোরিয়ার কিম চান। কিন্তু তাতেও খেলার ফলে এতটুকু বদলায়নি।
ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে হতাশ চট্টগ্রাম আবাহনীর কোচ সাইফুল বারী টিটু দুষেছেন দলের রক্ষণকে। ডিফেন্ডাররা দলের প্রত্যাশা পূরণে ব্যর্থ বলে মনে করেন আবাহনী কোচ। মাঝমাঠে জাহিদ হোসেনের ভালো না খেলাটাও কোচের চোখে হারের আরেকটা কারণ, ‘আমাদের বড় ভরসা ছিল জাহিদ, কিন্তু সে প্রত্যাশা অনুযায়ী খেলতেই পারেনি। আসলে আজ (গতকাল) সে খেলার মতো ফিটই ছিল না।’ শুধুই কি জাহিদ? সাইফুল বারীর দাবি, এই টুর্নামেন্টে পুরো চট্টগ্রাম আবাহনী দলই শতভাগ ফিট ছিল না!
চট্টগ্রাম আবাহনী: আশরাফুল, ইয়ামিন (ফয়সাল), অ্যাডামস, লাওয়াল, জামাল, নাসির, জাহিদ (চৌমরিন), মামুনুল, সোহেল রানা, থিয়াগো ও অগাস্টিন।