ওয়ালটনের পৃষ্ঠপোষণায় ফারাজ চ্যালেঞ্জ কাপ আন্তবিশ্ববিদ্যালয় ফুটবলের ফাইনালে উঠেছে ফারইস্ট ও গ্রিন ইউনিভার্সিটি। আগামীকাল বিকেল চারটায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে হবে ফাইনাল।
গতকাল কমলাপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে সিটিকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে ওঠে ফারইস্ট। ম্যাচসেরা জয়ী দলের আহসানউল্লাহ।
দ্বিতীয় সেমিফাইনালে গ্রিন ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে টুর্নামেন্টের অন্যতম ফেবারিট ব্র্যাক ইউনিভার্সিটিকে। কোয়ার্টার ফাইনালে ড্যাফোডিলকে ৬ গোলে বিধ্বস্ত করা ব্র্যাককে থেমে যেতে হলো শেষ চারেই।
গ্রিনের হয়ে খেলেছেন দেশের শীর্ষ স্তরের দুজন ফুটবলার। শেখ রাসেলের মিডফিল্ডার আলমগীর কবির রানা ও গোলরক্ষক মোস্তাক। দুজনই খেলেছেন জাতীয় দলে। আলমগীর রানা কাল ম্যাচসেরা হয়েছেন। এ ছাড়া বারিধারায় খেলা সুমন রেজা, শেখ রাসেলের রাকিনসহ পাঁচজন জাতীয় ফুটবলার নিয়ে গ্রিনের ফাইনালে ওঠায় আসলে কোনো চমক নেই। এই ফুটবলাররা সবাই গ্রিন ইউনিভার্সিটিতে পড়েন।
দুটি সেমিফাইনাল ঘিরে কাল কমলাপুর স্টেডিয়াম ছিল জমজমাট। গ্যালারিতে ভিড় করেন অনেক ছাত্রছাত্রী। নিজ দলকে তাঁরা উৎসাহ দিয়ে গেছেন সারাক্ষণ। আজকাল ঢাকার মাঠে এমন দৃশ্য কমই চোখে পড়ে। ছাত্রছাত্রীদের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্য রেখে ম্যাচ দুটিও হয়েছে উপভোগ্য। গ্যালারিও ছিল টইটম্বুর। আয়োজক কমিটির দুই কর্মকর্তা সাবেক ফুটবলার খোন্দকার রকিবুল ইসলাম ও শেখ মোহাম্মদ আসলাম এতে খুবই উচ্ছ্বসিত, ‘এই উৎসাহ দেখে মনে হচ্ছে আমাদের সবার পরিশ্রম সার্থক হয়েছে।’
সোনালী অতীত ক্লাব ও গ্রিন ইউনিভার্সিটির যৌথ আয়োজনে এবারই প্রথম হচ্ছে এই টুর্নামেন্ট। টুর্নামেন্টটি প্রতিবছর আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন আয়োজকেরা।