ফাইনালে মালয়েশিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাত্রই গোল করে দলকে এগিয়ে নিলেন কুমারন (১২)। ৫১ মিনিটে এই ফরোয়ার্ডের করা একমাত্র গোলেই কাল সিঙ্গাপুরকে হারিয়ে বঙ্গবন্ধু কাপের ফাইনালে উঠেছে মালয়েশিয়া l প্রথম আলো
মাত্রই গোল করে দলকে এগিয়ে নিলেন কুমারন (১২)। ৫১ মিনিটে এই ফরোয়ার্ডের করা একমাত্র গোলেই কাল সিঙ্গাপুরকে হারিয়ে বঙ্গবন্ধু কাপের ফাইনালে উঠেছে মালয়েশিয়া l প্রথম আলো

মালয়েশিয়ার খেলোয়াড়েরা ‘ভি’ চিহ্ন দেখিয়ে ম্যাচের পর গোটা মাঠ ঘুরলেন। সিঙ্গাপুরকে ১-০ গোলে হারিয়ে বঙ্গবন্ধু কাপের ফাইনালে ওঠার আনন্দটা এমনই।
এটা দেখে দীর্ঘশ্বাসই ঝরার কথা সিঙ্গাপুরের। প্রথমার্ধে যে তারাই ছিল সব দিক থেকে এগিয়ে! মাঠ দাপিয়ে বেড়িয়েছেন লাল জার্সির একঝাঁক তরুণ। মালয়েশিয়ার রক্ষণে সিঙ্গাপুরের টানা আক্রমণ মালয়েশিয়ার ভিত কাঁপিয়ে দিচ্ছিল। কিন্তু কিছুতেই গোল এল না।
গোলই ফুটবলে শেষ কথা। সেটি পেতে প্রথমার্ধের নিষ্প্রভ মালয়েশিয়া দ্বিতীয়ার্ধে দেখা দিয়েছে অন্য চেহারায়। নিখুঁত পাস আর পজেশনাল ফুটবল খেলে দলটি সিঙ্গাপুরকে ভালোই চেপে ধরে।
গোলও পেয়ে গেল দ্রুতই। সিঙ্গাপুরের গোলরক্ষক মোহাম্মদ রোদী হার মানলেন ৫০ মিনিটে। বক্সে ঢুকে কুমারনের দারুণ শটে ১-০। সেই গোল ধরে রেখেই ঢাকায় ৮ ফেব্রুয়ারির ফাইনালে খেলতে যাচ্ছে প্রথম ম্যাচে বাংলাদেশকে হারানো মালয়েশিয়া।
সিলেটের দর্শকেরা বেশ উপভোগ করল প্রথম সেমিফাইনাল। হরতালের প্রভাবে দর্শক সমাগম নিয়ে চিন্তিত ছিল স্থানীয় আয়োজকেরা, তবে গ্যালারির অর্ধেকেরও বেশি ভরে গেছে দর্শকে। এদের বেশির ভাগই থাকল বাংলাদেশকে হারিয়ে ‘শত্রু’ বনে যাওয়া মালয়েশিয়ার বিপক্ষেই!
সেই ‘প্রতিকূলতা’ জয় করে মালয়েশিয়া কোচ রাজিপ ইসমাইল বেশ খুশি, ‘খুব কঠিন ম্যাচ হয়েছে। প্রথমার্ধে ভালো না খেললেও দ্বিতীয়ার্ধে আমরা চমৎকার খেলেছি। সিঙ্গাপুর ভালো খেললেও তাদের আমরা গোল করতে দিইনি।’ সিঙ্গাপুরের কোচ রিচার্ড বক হতাশ ছিলেন গোল করার ব্যর্থতায়। ফাইনালের ছবি আঁকতে আঁকতেও শেষ পর্যন্ত সেমিফাইনাল থেকে বিদায়। যে বিদায় তাঁর কাছে কষ্টের, ‘নিজেদের ভুলেই আমরা হেরেছি। সহজ সব সুযোগ নষ্ট করেছি। গোল করা উচিত ছিল আমাদের। এটিই আসলে ম্যাচের ভাগ্য গড়েছে।’
বঙ্গবন্ধু কাপের মতো বড় আয়োজনের ফাইনাল খেলার সুযোগ, মালয়েশিয়ার অধিনায়ক নাজিরুল নাইম যে খুব খুশি থাকবেন বলা বাহুল্য। মাঠ, দর্শক সবকিছুরই প্রশংসা করলেন। জানালেন এখন তাঁর দলের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। সেই সামর্থ্যও নাকি তাঁদের আছে।
বাংলাদেশ দল আজ জিতলে দারুণ এক ফাইনালই আশা করা যায়। গ্রুপ পর্বে মালয়েশিয়ার কাছে হারের প্রতিশোধের ম্যাচই হবে সেটি স্বাগতিকদের জন্য।