ফাইনালে মুক্তিযোদ্ধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তেজনায় তখন বঙ্গবন্ধু স্টেডিয়ামের হাজার তিনেক দর্শক দাঁড়িয়ে গেছে। নির্ধারিত সময়ের খেলা যতটা না রোমাঞ্চ ছড়িয়েছে, তার চেয়ে ঢের নাটক হয়েছে টাইব্রেকারে। ফেডারেশন কাপের সেমিফাইনালে কাল যেন একের পর এক পেনাল্টি কিক মিসের মহড়ায় নেমেছিলেন মোহামেডান ও মুক্তিযোদ্ধার খেলোয়াড়েরা। শেষ পর্যন্ত সাডেন ডেথে সুইটের শটটি জালে জড়াতেই উল্লাসে লাফিয়ে ওঠে মুক্তিযোদ্ধা। মোহামেডানকে তারা সাডেন ডেথে হারিয়েছে ৪-৩ ব্যবধানে। ৫ মার্চের ফাইনালে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের মুখোমুখি মুক্তিযোদ্ধা।
ম্যাচের নির্ধারিত সময় শেষ হয় ১-১ অবস্থায়। অতিরিক্ত ৩০ মিনিট খেলায়ও তা-ই। টাইব্রেকারের সাতটি শটের চারটিই মিস করেছে মোহামেডান! অথচ টাইব্রেকারে কামারার প্রথম শটটি ঠেকিয়ে দিয়েছিলেন মোহামেডান গোলরক্ষক নেহাল। নাটক হয়েছে আরও! মোহামেডানের প্রথম তিনটি শট থেকে গোল করেন মোবারক, অরূপ ও জনি। কিন্তু এর পর থেকেই মিসের শুরু—ফয়সালের শট লাগে ক্রসবারে, সবুজ, মানসা ও সোহাগের শট রুখে দেন মুক্তিযোদ্ধার গোলরক্ষক তিতুমীর। আর মুক্তিযোদ্ধার এনামুল, আশরাফুল ও শাহেদ গোল করলেও ফিকরির শট লাগে সাইড পোস্টে। এরপর আনোয়ারের শট ঠেকিয়ে দেন নেহাল।
৩১ মিনিটে প্রথমে এনামুলের পেনাল্টি গোলে এগিয়ে যায় মুক্তিযোদ্ধা (১-০)। ৬২ মিনিটে সমতায় আনেন মোহামেডানের ইসমাইল বাঙ্গুরা। তবে গোলটা করেই চোট পেয়ে হাসপাতালে যেতে হয়েছে তাঁকে। এটিকেই ম্যাচের টার্নিং পয়েন্ট বললেন মোহামেডানের কোচ জসীমউদ্দিন জোসি, ‘বাঙ্গুরা থাকলে এই ম্যাচ নির্ধারিত সময়েই জিততে পারতাম।’ মুক্তিযোদ্ধার কোচ আবু ইউসুফের মুখে তাঁর খেলোয়াড়দের প্রশংসা, ‘ছেলেরা সত্যিই ভালো খেলেছে। এবার আমরা শিরোপার স্বপ্ন দেখছি।’