ম্যাচ শুরুর আগেই উত্তেজনা। শেখ জামাল ধানমন্ডির জন্য নির্ধারিত ড্রেসিংরুমে গিয়ে ওঠে শেখ রাসেল ক্রীড়াচক্র! এ নিয়ে নজিরবিহীন বাগ্বিতণ্ডায় নির্ধারিত সময়ের প্রায় ২০ মিনিট পর ম্যাচ শুরু।
মাঠে কয়েকবার হাতাহাতি হলো দুই দলের মধ্যে। ফেডারেশন কাপের প্রথম সেমিফাইনালে দেদার কার্ড প্রদর্শন হতে থাকল বঙ্গবন্ধু স্টেডিয়ামে। দুই কোচ তর্কে জড়ালেন। শেষ পর্যন্ত ২-১ গোলে জিতে ফেডারেশন কাপের ফাইনালে উঠল বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামাল।
অন্যদিকে, হেরে ক্ষুব্ধ শেখ রাসেলের খেলোয়াড়েরা ম্যাচের পর ঘিরে ধরলেন রেফারি তৈয়ব হাসানকে। শেখ জামালের গোলরক্ষক সোহেল একবার বক্সের বাইরে এসে বল ধরলেও তাঁকে লাল কার্ড না দেওয়ায় তাঁদের যত ক্ষোভ। এ ছাড়া রেফারিং নিয়ে অসন্তুষ্ট শেখ রাসেলের কোচ দ্রগান দুকানোভিচও, ‘রেফারিই এই ম্যাচটা নষ্ট করেছে।’
ম্যাচে প্রথম গোলটা করেছে শেখ রাসেলই। ৪০ মিনিটে পেনাল্টিতে গোল করেন এমিলি। খানিক পরই জামাল গোলরক্ষককে একা পেয়েও ২-০ করতে পারেনি চিগুজি, তাঁর শট লাগল সাইড পোস্টে।
শেখ জামালের ত্রাতা আবার সেই ডিফেন্ডার নাসির, যিনি দলটির অধিনায়কও এবার। ৬১ মিনিটে জটলা থেকে নাসিরের হেডে ১-১। শেষ মুহূর্তে ওয়েডসনের ক্রসে জয়সূচক গোলটি এল ডার্লিংটনের মাথা ছুঁয়ে (২-১)। আজ দ্বিতীয় সেমিতে মোহামেডানের মুখোমুখি মুক্তিযোদ্ধা।